আমার কবরে কোনো এপিটাফ নেই

ব্যাপারটা লক্ষ করা যাক –

  আমি অনেকের কাছে মৃত

   সেই অনেকের ভেতর অনেক

    জানাশোনা মানুষও আমার কাছে মৃতবৎ

কিন্তু আশ্চর্যের বিষয় যে, আমাদের মাঝখানে

  সুচিক্কণ চুড়ির শব্দের মতো

   শুধু কবিতার কোমল নিক্কণ বয়ে যেতে চায়

আমার কবরে কোনো এফিটাফ নেই

ওই অনেকের কবরেও সযত্নে খোদাই করা

  এপিটাফগুলো

   কখন যে গভীর মরচে ধরে ক্ষয়ে পড়ে গেছে

         কেউ জানে না, এমনকি স্বজনেও

কিন্তু আশ্চর্যের বিষয় যে, আমাদের মাঝখানে

  আতরের সৌরভে এখনো

   কবিতার শব্দগুলো হেসেখেলে বয়ে যেতে চায়

অতএব সিদ্ধান্ত এই যে, কবিতাও

  ভাঙতে পারে না দুনিয়ার এইসব নিথর দেয়াল …