দেহের ভেতরে জল ও পাথুরে গোধূলি

ঘুমিয়েই ছিলাম, জেগে দেখি : যেন আমি ঘুমিয়েই আছি

পাতায় পাতায় রেখে যাওয়া ভালোবাসা

রেখে যাওয়া প্রচুর বৃষ্টি মননে ধারণ করেও আমি পুনর্বার

ঘুমের বাসনা করি।

আমার সামনে পিছনে সুখের শূন্যতা সুস্থিত, যেন এক

নিদ্রামগ্ন কোকিলা আমাকে বিনয় করে, বলে : খাও,

একমুঠো বিষদানা খাও আর সরল জীবন যাপনে থাকো।

বুঝতে পারি, কোনো এক প্রবল বিষণ্নতা বুঝি

আমাকে পেয়ে বসেছে।

শুধু জাগরণী খোঁয়াড়িই আমাকে রেখেছে জেগে।

তোমার দুঃখরজনী আমাকে নানা অছিলায় জাগ্রত রাখে।

তুমি অদ্ভুতভাবে চুরি করে নিয়েছ কত নদী-জল আর

শব্দের পাথর, আহা আজো আমার প্রাণের ’পরে

তোমার নামের একটি কৈতর ওড়ে।

ওরা আমার ঘর ভেঙে দিয়েছে, আমি পারিনি তা ভুলে যেতে

সামনে পিছনে এই-যে অসীম শূন্যতা, এরূপ

শূন্যতার ভিতর আমি আমার আশ্রয় খুঁজে পাবো কীভাবে?