পোড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আমি এখন একটা
শূন্য কাচের বাসন;
কাচের বাসনে নেই বিষ – নেই সুধা
কাচের বাসনে নেই স্নায়ু, নেই শিরা।
এখন আমার কোনো দুঃখ নেই
এখন আমার কোনো শোক নেই
যন্ত্রণার কাঁকড়া আমার গা আঁকড়ে নেই
আমি ঝুরঝুর করে ভেঙে পড়বো শূন্য কাচের বাসন
ধান ছাড়া – দূর্বা ছাড়া – কাশফুল ছাড়া চর ধসে পড়বে
জলের আঘাতে মেঘনায়, তাতে কী!
কাচের বাসন ভেঙে পড়বে শক্ত মেঝের সিমেন্টে
ঝরবে না রক্ত কাঁপবে না চোখের পাতা
শূন্য কাচের বাসন ভাঙবে এখনই অথবা
কিছুটা সময় ধরে জমবে ময়লা ধুলো, তাতে কি!

Leave a Reply
You must be logged in to post a comment.