সোলজার সোলজার

আমাকে ক্ষমা করো

হে দূরতম বৈঠকি সন্ধ্যা

অকাতরে ডুবে যাওয়া নিমগ্ন নিশ্বাস

জটিল হিসাব-নিকাশ, লেন-দেন স্বচ্ছতা

অকল্পনীয় আঁকাবাঁকা ঘোর

ত্রিকালদর্শী জাদুকর হে

হে বৈঠকি সন্ধ্যা, দেখে যাও এসে

ঘরে ফিরে আসা উৎসব কেমন লণ্ডভণ্ড

অন্ধ দাবাড়ু কেমন চাল দেয় একরোখা

আগুন দেখে মাটির কাছাকাছি মন চায় যেতে

চারদিকে চিৎকার

সোলজার! সোলজার!! রাজাকে রক্ষা কর

অনেক যুদ্ধ শেষে জয়-পরাজয় নিয়ে

চলে যাওয়া রাজার প্রেমিকা ডাকে –

সোলজার! সোলজার!! রাজাকে রক্ষা কর

হেঁটে যাওয়া শান্ত হয়ে আসে

কিছুই চিনতে পারছি না, অচেনা গহন

চারদিকে অক্সিজেন স্যালাইন প্রান্তর

ঝুঁকি নিয়ে ঝরে পড়ছে শিশির সমুদ্র

আমাকে আগুনে রাখো

রাখো দূরতম বৈঠকি সন্ধ্যায়

অনেক দীর্ঘশ্বাসের পর জেনেছি

রাজা নয়, রানি নয় আমি এক সোলজার!