কুয়াশা পড়ছে খুব
অরণ্যের
শাখায় শাখায় কুয়াশার তন্তু
এমন আলগা হয়ে পড়ে আছে, মনে হয়
মায়ের মুষ্টিচালের কৌটা থেকে
সুতাগুটি চুরি করে
এলোমেলো ছড়িয়ে রাখছে এখানে-ওখানে!
হাটফেরা মানুষের
এত এত তাড়া
মনে হচ্ছে নেকড়ের ভয়ে
পায়ে জড়িয়ে নিয়েছে দৌড়
এই মুহূর্তগুলোও
আমরা হারিয়ে ফেলি
বেপারির খুতি হতে
পড়ে যাওয়া খুচরো পয়সার মতো।
আহা –
প্রতিটি হারিয়ে ফেলা
মুহূর্তকেই মনে হয়
গেরস্ত বাড়ির কলপাড় থেকে তুলে আনা
কাকের লুকানো সুগন্ধি সাবান!

Leave a Reply
You must be logged in to post a comment.