কুয়াশা আশ্রম

কুয়াশার হিমডানা চেরা

এই শীতের সন্ধ্যায়

তুমি আমি মুখোমুখি

ঝিম পাহাড়ের এক সবুজ কটেজে;

হালকা হাওয়া বইতে থাকা বারান্দায়

শীতের ছড়ানো

পরিযায়ী পাখিদের গান –

কটেজের কিছুটা পাশেই

জঙ্গলের তাঁবুতে ধীরে উঠে এলো

ময়ূরের নাচলিপি!

দূর টংঘর থেকে ভেসে আসা

পিদিম আলোয় আর

চূড়া ভেদ করা রশ্মি দিয়ে

দেখতে পাওয়া যায়

নিচের বাঁকানো রাস্তা

পাহাড়ি সর্পিল পথ –

যার নিচে দ্রুত চলে যায়

শীতে জবুথবু

কুয়াশার ক্যারাভান!

জঙ্গলের এই কুয়াশা কটেজে

কদিন ঘুরতে এসে

শীতভেজা কিছু কান্না

তুমি জড়িয়ে নিলে

ওমভরা চাদরের মাঝে;

আর শীতজমা কিছু হাহাকার

আমি দুই হাতে কুড়িয়ে নিলাম

বুকপকেটের ভাঁজে!