দীর্ঘ দীর্ঘ কবিতা লিখিয়াছি
তবু তোমারে লিখিতে পারি নাই।
অক্ষরফাটা জল ভেদে
উঠিয়াছে সহস্র অবয়ব-রেখা
মৃত ঘোড়াদের আর্তনাদ
মৃত্তিকারন্ধ্র কাঁটা বিদ্যুৎ প্রবাহে
তোমারই শত নাম, ডাহুকির ডাক
তুমি তার কিছুই বোঝ নাই।
হয়তো কৌশলে ভুল ছিল
হয়ে গেছি এলোমেলো
ওই বাহুদ্বয়ে ঠাঁই পেয়েও
অভ্যুত্থান করেছি ব্যর্থ
ফলে, তোমাকেই পাই নাই।
ভেবেছি, তুমি যদি আসো কাছে
আমার যা কিছু অবশিষ্ট আছে
ফেলে দেবো তার সকল অর্জন।
হয়তো কিঞ্চিৎ এসেছ কাছে কিন্তু
তার কণামাত্র বুঝতে পারি নাই।
মাতৃকুয়াশায় জন্ম নিয়াছি
নিবেদনের ভাষা শিখি নাই।

Leave a Reply
You must be logged in to post a comment.