অর্ধচোখ বুজে বসে আছে, ওকে দেখি।
গোটানো শরীর জুড়ে মৌনীভাব
সুষ্ঠু অভিনয়।
নিঃশব্দ চলনে ঢোকে ঘরে, অন্তর্তদন্ত সেরে
চলে যায়, অভিজাত হাঁটা।
জিভে আঁচড়ে নেয়া শাদা রোম
কপালে বাদামি জয়টিকা।
ও জানে ও পুরুষবেড়াল।
ওর একাকিত্ব আর নির্ভয় ব্যক্তিতা
সশব্দ যুদ্ধের আগে মহড়া, প্রস্তুতি
দেখে বোঝা যায়
অনিবার্য জননেতা, সমস্ত লক্ষণ
ওর মধ্যে বর্তমান
কোনও সমকক্ষ ওর প্রয়োজন নেই।
মানুষই একমাত্র শুধু একাকিত্ব ভীরু
অনর্থক সঙ্গজালে ঘেরা তার খাঁচাতার যাপিতজীবন।

Leave a Reply
You must be logged in to post a comment.