অবিনশ্বর ধোঁয়ার মতো
উড়ে যাচ্ছে সময় – হাওয়ায় হাওয়ায়
মিলিয়ে যাচ্ছে রোরুদ্যমান শূন্যতা
আকাশ ঢাকা আছে কুয়াশায়
সাদা দিগন্তে ভোর হয় –
খড়ি ওঠা জীবনের অফুরান দীনতায়
জীবন গড়ায়!
সারাদিন ঘাটে ফেরি আসে
ফেরি যায় মানুষের
আসা যাওয়ার নিঃশ্বাস জলের
রেখায় জেগে থাকে – মুছে যায়
লেখা হয় আবারো চলমান
ভাসমান পথিকজলের অক্ষরে পাখির গান
নদীর দুপাশে ঘাস ও বৃক্ষদের
সাথে বেঁচে থাকা জীবনের ছবি
সকাল বেলার জলের রেখায় আঁকা হয়
লেখা হয় আলোর সুপ্রভাত!
ছোট ছোট ট্রলারে লঞ্চে – কিংবা
নৌকোয় সারাদিন আঁকা হয়
ভুল ছবি ভুল কথা ভুল নদীতে
ওই যে জাহাজে গিটারে কে গায়
ধনীদের ছেলে গিটার বাজায়
জানালার কাছে তার সুর
মিলে যায় নদীর গিটারের সুরে!
সমস্ত সুর ও স্তব্ধতায়
দূর প্রান্ত জুড়ে দুলে ওঠে জল
এতসব তরঙ্গ ভঙ্গে মথিত
জীবন ফুরায়।

Leave a Reply
You must be logged in to post a comment.