একটু হাওয়া দিক তারপর জানলাটা খুলো,

বিরহের পর কাঁদে যতনে মানুষ – ভেজে তুলো

পুরনো ডায়েরি পড়ে আছে, ব্যথা সকল পাতায়,

একটি লাইন শুধু কালিহীন বুকের ছাতায়।

ধরে রাখি শ্বাসমূলে, ঋতু আসে-যায় অলৌকিক

বাঁশিতে লেগেছে ঘ্রাণ, সুরগুলো মায়ার অধিক

আহা রে শ্রাবণ! সাদা-কালো মেঘগুলো দূরকামী,

আমার চোখের ’পরে আসে তারা বেহায়া বেনামি।

ভিজে যাচ্ছে ভুলগুলো, নির্লজ্জ রাতের গতিবিধি

পাখির সমীপে রাখি প্রেম, প্রহরের স্মৃতিনিধি,

বড় হচ্ছে বৃষ্টিপাত, ইচ্ছে রেখে দরজাটা খুলো

শতাব্দী চেয়েছে তাই বাহুতে বারুদ হয়ে ঝুলো।