রৌদ্রঝলসিত চারণভূমির ঘাসে
নগ্ন তুমি – শুয়ে যেন খোলা তলোয়ার
ফুল ভ্রমে প্রজাপতি নরম বাতাসে
ধীর উড্ডয়নে নামে ও বুকে তোমার
গোপন নিশানাগুলো চিনে নিতে চাই
কোথায় লবণ-খাঁড়ি, কোথায় আগুন
সুখের মতন কোনো ব্যাধি আর নাই
সুখ, তুমি ব্যাধি হও – কুন ফায়া কুন
তুঁতপোকা, তুমি হও নরম রেশম –
গভীর দিনের শেষে বিষাদ-সুন্দর;
ন হন্যতে, ন হন্যতে, অয়ি বিহঙ্গম
আমি হই বিষে নীল, কী ভীষণ জ্বর!
যেদিকে তাকাই – দেখি, প্রিয় সেই মুখ
আমার হয়েছে সখী, সুখের অসুখ।

Leave a Reply
You must be logged in to post a comment.