উন্মোচিত হচ্ছি আমি

ভোরের আলোয়

উন্মোচিত হচ্ছি আমি,

পত্রপুঞ্জের অবগুণ্ঠন ভাঙছি ধীরে,

গুমরে-ওঠা, আটকে-পড়া, নির্বাসনে পড়ে-থাকা

শব্দ আমার চাই;

অনুভবের জায়গা খালি –

দূরাগত শব্দ কেন কাছে আসতে নাই?

রক্তে বুঝি অভিজ্ঞতার রূপায়ণে ছোট্ট পোকা ডাকে,

আকাশছোঁয়া শব্দদ্যুতি কোথায় লুকিয়ে থাকে?

ঊর্ধ্বমুখী বৃক্ষ ছুঁয়ে সন্ধ্যা যখন নামে,

উড়তে-থাকা শব্দগুলো রুদ্ধদ্বারে থামে;

প্রেতের ছায়ায় অন্যরকম ভূমিচিত্র উঠছে জেগে,

সতেজ শব্দ বাঁধছে বাসা হৃদয়জুড়ে;

দিন-রাত্রির অস্তিগর্ভে নেতিবাদের অনুষঙ্গ ঘোরে,

চকিতে ওই বিচ্ছুরণে জীবন-মৃত্যুর শব্দভঙ্গ হয় –

সহজ কিংবা উল্টোপথের অপেক্ষাতেই জয়;

ছড়িয়ে আছে মোহমন্ত্র

ঝুলবারান্দায় কোন রাধিকার বিনুনিতে মেঘের আভাস,

কার সুগন্ধে পাল তুলেছি হাওয়ায়?

আমার ভিতর জোয়ার-ভাটা, শব্দ-কুরুশ-কাঁটা

আছে শুধু বদলে যাওয়ার পুঁজি,

পর্বান্তরে ইঙ্গিতময় শব্দ আমি খুঁজি।