বানু মুশতাকের গল্প ও দক্ষিণ এশীয় নারীদের বর্ণনার নতুন পাঠপ্রয়াস

বানু মুশতাক কর্ণাটকের কন্নড় ভাষার একজন প্রখ্যাত লেখক, আইনজীবী ও সমাজকর্মী। তাঁর লেখায় প্রান্তিক মানুষ, বিশেষ করে নারীদের নীরব সংগ্রাম ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র উঠে আসে। প্রগতিশীল সাহিত্য-আন্দোলনের প্রভাব তাঁর রচনায় গভীরভাবে দৃষ্ট হয়। তাঁর পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ Heart Lamp ছোটগল্পের একটি সংকলন। দীপা ভাস্থী-অনূদিত এই বইটি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জন করে। বইটিতে রয়েছে বারোটি গল্প। নারীদের দৈনন্দিন জীবনের নানা জানা-অজানা বিষয় তুলে ধরা হয়েছে গল্পগুলিতে। একইসঙ্গে অসাধারণ চারিত্রিক ও মানসিক দৃঢ়তার সঙ্গে বাস্তব জীবনের নানা সমস্যা-প্রতিকূলতা মোকাবিলা করার বিষয়গুলিও গভীরভাবে ফুটে উঠেছে।

২০২৪ সালে কন্নড় ভাষা থেকে ইংরেজিতে দীপা ভাস্থীর অনুবাদে প্রকাশিত Heart Lamp কেবল একটি গল্পসংকলন নয়, এটি দক্ষিণ এশীয় সাহিত্যমানচিত্রে এক নতুন পাঠধারার সূচনা করেছে। দীপা ভাস্থী এই অনুবাদে এমন এক ভাষা নির্মাণ করেছেন, যা মূল কন্নড় ভাষার সাংস্কৃতিক আবেশ, দক্ষিণী-উর্দুর শব্দভাণ্ডার এবং মুসলিম নারীজীবনের অন্তরঙ্গ বাস্তবতাকে অক্ষুণ্ন রেখেছে। ফলে এটি যে-কোনো সাধারণ অনুবাদগ্রন্থের সীমা অতিক্রম করে এক সাংস্কৃতিক সংলাপের লেখনী হয়ে উঠেছে। এই সংলাপের শক্তি নিহিত আছে তার মানবিক গভীরতায় – যেখানে এক নারীর অভিজ্ঞতা আরেক নারীর হৃদয়ে প্রতিধ্বনিত হয়, যেখানে ভাষা ভিন্ন হলেও নারীর যন্ত্রণা, ভালোবাসা, প্রতিরোধ ও নীরব অভিমান এক অলিখিত ঐক্যে যুক্ত হয়ে যায়। ধর্ম, জাতি, শ্রেণি বা রাষ্ট্রীয় সীমারেখা ছাড়িয়ে ঐবধৎঃ খধসঢ় পাঠককে মনে করিয়ে দেয় প্রান্তিক জীবনের সত্য কখনো স্থানীয় নয়, তা সর্বজনীন। তাই এই ছোটগল্প সংকলনটি অনুবাদের মাধ্যমে শুধু ভাষা বদলায়নি, বদলে দিয়েছে আমাদের দেখার পদ্ধতি। ভেঙে দিয়েছে আমাদের চিন্তার স্তরও।

আজ যখন বিশ্বসাহিত্যে অনুবাদ শুধু ভাষান্তরের কাজ নয়, বরং সাংস্কৃতিক ন্যায়বিচারের হাতিয়ার হিসেবে আবির্ভূত, তখন বানু মুশতাকের আগমন এক অনিবার্য ঘটনাই বলা যেতে পারে। মুসলিম নারী, এই পরিচয়টি দক্ষিণ ভারতীয় সাহিত্যেও দীর্ঘদিন ধরে প্রান্তিক ছিল; অথচ মুশতাক তাঁর গল্পে মুসলিম নারীদের অন্তর্জীবন, বঞ্চনা, রাজনীতি, প্রেম ও প্রতিবাদের ক্ষুদ্র অথচ গভীর সত্যগুলো এমনভাবে অক্ষরের মাধ্যমে তুলে ধরেছেন যা পাঠকদের কাছে তীব্রভাবে বাস্তব ও স্পর্শযোগ্য হয়ে উঠেছে।

বাংলাদেশি পাঠকের জন্য মুশতাক প্রাসঙ্গিক। কারণ তাঁর গল্পগুলো দৈনন্দিন স্বাভাবিক জীবনের ভেতর রাজনীতি খুঁজে পায়।
যে-অভিজ্ঞতাগুলো আমাদের পোশাক কারখানার শ্রমিক মা, নগরবস্তির কিশোরী, ধর্মীয় বিধিনিষেধে আবদ্ধ গ্রামীণ নারী কিংবা দাম্পত্যে নীরব নির্যাতনের শিকার এক শহুরে মধ্যবিত্ত মেয়ের জীবনে প্রতিদিন ঘটে চলে। প্রতিটি মানুষই যেন তাঁর গল্পের কোনো না কোনো চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাবে। ফলে এই ছোটগল্পের সংকলনের পাঠ আমাদের সাহিত্য-মনের মধ্যে শুধু একটি প্রশ্নই তোলে : ভাষা ভিন্ন হলেও কি নারীর অভিজ্ঞতার মৌলিক সত্য এক?

বানু মুশতাক সমকালীন কন্নড় সাহিত্যের এক শক্তিশালী কণ্ঠ, যিনি লেখালেখির আগে নিজেকে গড়ে তুলেছেন আইনজীবী ও সাংবাদিক হিসেবে। জন্ম ও বেড়ে ওঠা কর্ণাটকে। মুসলিম সমাজের প্রথাগত কাঠামোর মধ্যে বড় হলেও তিনি ছোটবেলা থেকেই দেখেছেন নারীর চলাফেরা, শিক্ষা, পেশা আর স্বাধীনতা কীভাবে অদৃশ্য প্রাচীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে আদালতে একজন হাইকোর্ট আইনজীবী হিসেবে তাঁর পেশাগত জীবনের সূচনা হয়। পরে তিনি লেখালেখি ও সাংবাদিকতাকেও গ্রহণ করেন সামাজিক ন্যায়বিচারের অস্ত্র হিসেবে। তাঁর লেখায় যে তীক্ষ্ন বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি ও আইনগত অভিজ্ঞতার ছাপ দেখা যায়, তা এই জীবনপথেরই ফল।

বানু মুশতাকের সাহিত্যিক অবস্থান বুঝতে হলে কন্নড় সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়কাল বান্দায়া আন্দোলনের কথা উল্লেখ করতে হয়। ১৯৭০-৮০-র দশকে গড়ে ওঠা এই ধারায় সাহিত্যকে দেখা হয় সামাজিক বঞ্চনা, শ্রেণিবৈষম্য ও প্রান্তিক জীবনের প্রতিবাদী ভাষা হিসেবে। বানু মুশতাক এই আন্দোলনের উত্তরসূরি। তবে তাঁর লেখালেখি নতুন দিগন্ত তৈরি করেছে কারণ তিনি নারীর বঞ্চনার ভৌগোলিক ও ধর্মীয় রাজনীতিকে সাহিত্যে প্রবেশ করিয়েছেন। বিশেষত দক্ষিণ ভারতের মুসলিম সমাজ ও দক্ষিণী উর্দু/ কন্নড় সাংস্কৃতিক পরিমণ্ডলের অভিজ্ঞতা তাঁর গল্পে প্রবলভাবে প্রকাশ পায়।

বানু মুশতাক এই ধারার উত্তরসূরি হলেও তিনি সেখানে নতুন এক মাত্রা যোগ করেছেন : নারী ও মুসলিম পরিচয়ের দ্বৈত প্রান্তিকতার সাহিত্যিক ভাষা। তাঁর গল্পে শ্রেণি-বঞ্চনার পাশাপাশি আসে ধর্মীয় গোঁড়ামি, ব্যক্তিগত আইনের বৈষম্য, নারীদেহের ওপর সামাজিক নিয়ন্ত্রণ ও আদালত বনাম শরিয়তি বিচারব্যবস্থার দ্বন্দ্ব। এই দৃষ্টিকোণ তাঁকে শুধু বিদ্রোহী সাহিত্য ধারার ভেতর রাখে না, বরং দলিত ও সাবঅল্টার্ন সাহিত্যতত্ত্বের সঙ্গেও সংলাপে নিয়ে আসে।

বিশেষত, কর্ণাটকের মুসলিম নারী হিসেবে তাঁর অবস্থান দুই রকম প্রান্তিকতায় বাঁধা। একদিকে মূলধারার হিন্দুভিত্তিক কন্নড় সাহিত্যে মুসলিমদের প্রতিনিধিত্ব কম; অন্যদিকে পুরুষতান্ত্রিক মুসলিম সমাজে নারীদের কণ্ঠ দমিত। এই বৈচিত্র্যময় প্রান্তিকতার অভিজ্ঞতাই তাঁর গল্পকে রাজনৈতিক নয়, বরং ন্যায়বিচারের নান্দনিকতায় পরিণত করেছে, যেখানে ভাষা কোনো সৌন্দর্যচর্চা নয়, বরং সামাজিক সত্য উচ্চারণের প্রযুক্তি।

তিনি নিজেকে কখনো কেবল নারীবাদী লেখক হিসেবে সীমাবদ্ধ করেননি। বরং তিনি বিচারহীনতার বিরুদ্ধে কলমকে সৎ প্রতিরোধের এক অস্ত্র হিসেবে তুলে ধরেছেন। আদালতে নারীর হেফাজত মামলা, তালাক, গার্হস্থ্য নির্যাতন, উত্তরাধিকার বণ্টন বা ধর্মীয় বিধির নামে অধিকারহরণের অজস্র ঘটনাকে খুব কাছ থেকে দেখা তাঁর লেখাকে দিয়েছে একধরনের আইন-সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। তাঁর গল্পের চরিত্ররা তাই দুঃখবিলাসী নয়; বরং তারা প্রতিরোধী, প্রশ্নকারী, নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চাওয়া মানুষ।

সমাজকর্মী হিসেবেও বানু মুশতাক সক্রিয়। তিনি কর্ণাটকে মুসলিম নারী অধিকার জোট ও লিগ্যাল এইড নেটওয়ার্কের সঙ্গে কাজ করেছেন এবং সেখানে নারীশিক্ষা, শরিয়া আদালতের সমান্তরাল বিচারব্যবস্থার অসাম্য, ট্রিপল তালাক, বাল্যবিবাহ ও সম্পত্তি আইনে নারীর বঞ্চনা নিয়ে আন্দোলন করেছেন। ফলে তাঁর গল্পের ভেতর শুধু গল্প থাকে না, থাকে সংগ্রামের দলিলও।

বানু মুশতাক সেই লেখক, যিনি প্রমাণ করেছেন সাহিত্য কখনো নিরপেক্ষ নয়, বরং এটি ন্যায়বিচারের ভাষা নির্মাণের এক নিরবচ্ছিন্ন প্রয়াস। তাঁর কলম তাই একইসঙ্গে আদালতের নথিপত্রের মতো দৃঢ়, আবার মানবমনের গভীরতম রক্তস্রোতের মতোই সংবেদনশীল।

বানু মুশতাকের গল্পসংকলন Heart Lamp মূলত একটি সাহিত্যিক নক্ষত্রমালা, যেখানে প্রতিটি গল্প নারীর জীবনের একেকটি অন্তরঙ্গ দিককে উন্মোচন করে, তবু এগুলো কোনো আবেগমিশ্রিত শোকাবহ বয়ান নয়। বরং এই গল্পগুলো নারীর বেঁচে থাকার কৌশল, সম্পর্কের নৈতিক সংকট এবং নিজস্ব সত্তা পুনরুদ্ধারের নীরব সংগ্রামকে ভাষা দেয়। এখানে নারী চরিত্রগুলি করুণা প্রার্থনা করে না; তারা সাহসী কিন্তু নীরব, নম্র কিন্তু দৃঢ়। মুশতাক নারীকে বিষয় হিসেবে নয় বরং বক্তা, ক্রিয়াশীল ব্যক্তি এবং নৈতিক দর্শনের নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

সংকলনের গল্পগুলো প্রধানত অন্তর্মুখী বয়ানের কৌশলে নির্মিত। এই বয়ানের শক্তি হলো, গল্পটি বাহ্যিক ঘটনার চেয়ে চরিত্রগুলির অন্তর্গত নৈতিক সংগ্রামকে আরো বেশি উন্মোচন করে। প্রতিটি চরিত্র যেন নিজের জীবনের আইনজীবী, নিজেরাই নিজেদের মামলা লড়ছে, নিজের পক্ষে প্রমাণ হাজির করে এবং জীবনের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে জেরা করে।

বানু মুশতাকের গল্পের ভৌগোলিক পরিসর সীমিত, কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই গড়ে ওঠে বৃহত্তর গৃহ-রাজনীতি। গ্যাস-চুলা, চাপাতি-বেলন, আলমারির তালা, পর্দা, বোরকা – এগুলো নিছক গৃহস্থালি উপাদান নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক। নারীর শ্রম, তার শরীর, তার সময় এবং তার নীরবতা – এই সবকিছুই ওই গৃহ-রাজনীতির অদৃশ্য আইনে নিমজ্জিত। বানু মুশতাক সেই অদৃশ্য আইনকে দৃশ্যমান করেন।

ধর্ম তাঁর গল্পে নিষিদ্ধ বিষয় নয়, আবার পবিত্রতার আড়ালে অপ্রশ্নযোগ্যও নয়। বরং ধর্মীয় রীতিনীতি এবং তার ব্যাখ্যাকে তিনি সামাজিক ক্ষমতাবিন্যাসের প্রশ্ন হিসেবে দেখান। ফলে গল্পসংকলনটিতে ধর্ম কোনো একরৈখিক ধারণা নয়, বরং একটি সমালোচনাযোগ্য সাংস্কৃতিক শক্তি।

বানু মুশতাকের বিচারপেশার অভিজ্ঞতা তাঁর গল্পকে দিয়েছে বাস্তব আইনি লড়াইয়ের তীক্ষèতা। আদালতের নথিপত্র, প্রমাণ, সাক্ষ্য ও ন্যায়বিচারে বিলম্ব – এসব তাঁর গল্পে শুধু প্রেক্ষাপট নয়, দার্শনিক উপাদানও। ন্যায় কখনো নথিপত্রে ধরা পড়ে না – এই সত্য তিনি গভীরভাবে দেখান।

Heart Lamp কেবল একটি রূপক নয়, এটি আত্মজাগরণের নৈতিক প্রযুক্তি। হৃদয়ের ভেতর জ্বলতে-থাকা ক্ষুদ্র প্রদীপটি কেবল আশার আলো নয়, এটি অন্যায়-বিরোধী বোধকেও সক্রিয় করে। সেই অর্থে বানু মুশতাক দেখিয়েছেন, নারীর গল্প কখনো নিছক ব্যক্তিগত নয়; এটি এক সামাজিক সংরক্ষণাগার, প্রতিরোধের দলিল।

বানু মুশতাকের গল্পগুলো পড়লে প্রথমেই মনে হয়, এই গল্পগুলো কন্নড় ভাষায় লেখা হলেও এর বেদনা, প্রতিবাদ এবং প্রতিরোধের ভাষা গভীরভাবে দক্ষিণ এশীয় নারী-বাস্তবতার অভিন্ন ছায়ায় গড়া। এই গল্পগুলোর ভেতর দিয়ে আমরা কেবল দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবন দেখি না; বরং দেখি সমগ্র উপমহাদেশের নারীর ইতিহাস। যেখানে ধর্ম, সমাজ, পিতৃতন্ত্র এবং দারিদ্র্য একইসঙ্গে নিপীড়ন ও প্রতিরোধের ভূমি তৈরি করেছে। এভাবেই গল্পগুলো সাহিত্যের প্রতিবাদী নারী-লেখনের সঙ্গে এক গভীর সংলাপে প্রবেশ করে।

বাংলা সাহিত্যে নারীর মুক্তি ও প্রতিবাদের ঐতিহ্য দীর্ঘ ও জটিল। উনিশ শতকে বেগম রোকেয়া যখন নারীর শিক্ষা ও চিন্তার স্বাধীনতার পক্ষে লিখছিলেন, তখনই তিনি প্রথম এক প্রকার ন্যায়ের ভাষা তৈরি করেছিলেন। সুফিয়া কামাল সেই ভাষাকে মানবতাবাদী রূপ দেন, যেখানে প্রতিবাদ আসে কোমলতাকে হারিয়ে নয়, বরং মানবমর্যাদার শিকড় থেকে। তাঁর কবিতা ‘নারী ও ধরিত্রী’ বা ‘জন্মেছি এই দেশে’ যে নীরব সাহসের স্বর নির্মাণ করে, তা পরবর্তীকালে সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড উপন্যাসে সামাজিক-রাজনৈতিক রূপ নেয়। বানু মুশতাকের চরিত্রগুলো এই ধারার সমান্তরালে দাঁড়ায়। তারা নিজেদের ভাষায় একই নৈতিক উত্তাপ বহন করে, যদিও স্থান, ধর্ম ও ভাষা ভিন্ন।

বানু মুশতাকের ‘Stone Slabs for Shaista Mahal’-এ দেখা যায় শায়েস্তার গল্প, যে পরপর সাতটি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। এরপর তার স্বামী সংসার চালানোর জন্য নতুন বিয়ে করে এবং বড় মেয়ের পড়াশোনা বন্ধ করে দেয়। গল্পটি যেন বাংলাদেশের চেনা কোনো গ্রামের কোনো গল্পের মতো, যেখানে একজন বাংলাদেশি নারীকে একই ঘটনার মধ্য দিয়ে একই পরিণতির দিকে ধাবিত হতে হয়। আবার ‘Soft Whispers’ গল্পে একজন বিবাহিত নারীর স্মৃতিরোমন্থন যেন সহস্র নারীর বিবাহিত জীবনকালে ক্ষণিকের ছোটবেলার স্মৃতি রোমন্থনের সাক্ষী। ঢাকার শিল্পকারখানায় কর্মরত এক নারী যেমন তার কাজের সময় পোশাক বা চলাফেরার স্বাধীনতা হারায়, তেমনি মুশতাকের নায়িকাও হারায় নিজের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকার। উভয় ক্ষেত্রেই অন্তর্গত প্রতিরোধ চুপচাপ কিন্তু গভীর, যা বেঁচে থাকার ভাষা তৈরি করে।

মুশতাকের গল্পে নীরব সহিংসতা, মানসিক নিয়ন্ত্রণ এবং ভালোবাসার ছদ্ম-নির্যাতন – এই তিন স্তর একসঙ্গে মিলে যায়। এর সঙ্গে সমান্তরাল দেখা যায় সেলিনা হোসেনের কাঁটাতারে ঘেরা নারী অথবা আখতারুজ্জামান ইলিয়াসের শহুরে নারীচিত্র, যেখানে নীরবতা কখনো নৈতিক প্রতিরোধে পরিণত হয়। উভয়ের লেখায় নারী কাঁদে না, বরং নিজের অন্ধকার চিনে নেয় এবং সেটিই তাদের প্রকৃত পরিচয়।

বাংলাদেশি সমসাময়িক নারীর জীবনে শ্রম, দেহ ও ধর্মের সংঘাত নতুন নয়। গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জীবন, শহুরে গৃহকর্মীদের ওপর নিপীড়ন বা অভিবাসী নারীর আর্থিক নির্ভরতার গল্প – সবখানেই আমরা মুশতাকের চরিত্রদের দেখতে পাই। Heart Lamp এই আঞ্চলিক বাস্তবতাকে সর্বজনীন নারীকণ্ঠের এক অংশ হিসেবে প্রতিষ্ঠা করে, যেখানে গৃহস্থালি প্রতিদিনই এক রাজনৈতিক ক্ষেত্র এবং ছোট ছোট সিদ্ধান্তই হয়ে ওঠে বিপ্লব।

এভাবেই বানু মুশতাক ও বাংলা সাহিত্য একে অপরের প্রতিবিম্ব হিসেবে দাঁড়িয়ে যায়। একদিকে সুফিয়া কামালের মানবিক প্রতিবাদ, অন্যদিকে মুশতাকের আইনি ও নৈতিক প্রতিরোধ – দুই ধারা একে অপরের সম্পূরক হিসেবে গড়ে ওঠে। এই দুই ধারার মাঝামাঝি দাঁড়িয়ে আছেন আরো অনেক বাঙালি লেখক : রাবেয়া খাতুন, জেসমিন সুলতানা, শরণ্যা ভট্টাচার্য কিংবা শামীমা জামান – যাঁদের লেখায়ও গৃহজীবনের মধ্যে প্রতিরোধী চেতনা দেখা যায়। ফলে Heart Lamp-এর পাঠ শুধু সাহিত্যিক আনন্দ নয়, এটি হয়ে ওঠে এক ধরনের

সাংস্কৃতিক সাক্ষ্যগ্রহণ, যার মাধ্যমে আমরা তুলনামূলকভাবে বুঝতে পারি, দক্ষিণ ভারতের মুসলিম নারীর অভিজ্ঞতা ও পূর্ব বাংলার মুসলিম নারীর অভিজ্ঞতার ভেতরে কী ধরনের ঐতিহাসিক সাদৃশ্য ও পার্থক্য কাজ করে।

এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। মুশতাকের গল্পগুলোতে যে শ্রেণি-সচেতনতা রয়েছে, তা বাংলাদেশি নারীবাদী লেখাকে আরো প্রাসঙ্গিকভাবে আলোচনায় আনে। কারণ বাংলাদেশেও নারীর ওপর নিপীড়নের অভিজ্ঞতা শ্রেণি অনুসারে বদলে যায়। শহুরে শিক্ষিত নারীর দাম্পত্য-সংঘাত যেমন ভিন্ন, তেমনি নিম্নবিত্ত নারীর বেঁচে থাকার সংগ্রাম একেবারে আলাদা। বানু মুশতাকের গল্পেও এই শ্রেণিবৈষম্য দৃশ্যমান – কেউ আইনি সহায়তা পায়, কেউ পায় না; কেউ প্রতিবাদ করতে পারে, কেউ ভয়ে চুপ থাকে। এই বাস্তবতা সেলিনা হোসেন এবং শওকত ওসমানের শ্রমজীবী নারীর চরিত্রচিত্রণের সঙ্গে গভীরভাবে মিলে যায়।

ফলে Heart Lamp বাংলা সাহিত্য-পাঠকের জন্য শুধু অনুবাদকৃত বিদেশি লেখনী নয়, এটি বাংলা প্রতিবাদী সাহিত্য-ইতিহাসের সম্প্রসারিত অধ্যায়, যা আমাদের স্মরণ করিয়ে দেয় – সীমান্ত বদলায়, ভাষা বদলায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে নারীর প্রতিরোধের অভিজ্ঞতা সর্বজনীন। এই গল্পগুলো প্রমাণ করে সাহিত্য যখন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তা কেবল নন্দনতত্ত্ব নয়; তা হয়ে ওঠে নৈতিক সাহসের ভাষা।

মূল কন্নড় ভাষায় লেখা এই বইটি ইংরেজিতে অনুবাদকারী দীপা ভাস্থী শুধু অনুবাদ নয়, পাঠ ও সংস্কৃতির মধ্যবর্তী সেতু নির্মাতা হিসেবে গল্পগুলো উপস্থাপন করেছেন। তাঁর অনুবাদ গ্রন্থটিকে আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরেছে এবং দক্ষিণ ভারতের মুসলিম নারীর অভিজ্ঞতাকে বিশ্বসাহিত্যের আলোচনায় এনেছে। তবে প্রশ্ন রয়ে যায়, এটি কি কেবল ভাষাবদলের কাজ, নাকি সাংস্কৃতিক ন্যায়বিচারেরও একটি প্রয়াস? কারণ অনুবাদ কোনো সময়ই নিরপেক্ষ নয়; অনুবাদ একধরনের নির্বাচন, একধরনের দায়বদ্ধতা এবং অনেক সময়ই ক্ষমতার অনুশীলন।

দীপা ভাস্থী কেবল গল্পগুলোকে স্বাভাবিক নিয়মে ভাষান্তর করেননি, বরং সযত্নে সেগুলোর সাংস্কৃতিক প্রেক্ষাপটও সংরক্ষণ করেছেন ভাষান্তরের সময়। বিশেষত দক্ষিণ ভারতের মুসলিম সমাজ ও দক্ষিণী-উর্দু প্রভাবিত কন্নড় ভাষার যে সামাজিক বাস্তবতা, তা তিনি অনুবাদে মুছে দেননি। যেমন – মেহর, ইদ্দত, জাকাত, তালাক, মসজিদ ইত্যাদি শব্দ তিনি অনুবাদ করেননি, এমনকি ফুটনোট আকারে ব্যাখ্যাও দেননি। এর ফলে অনুবাদের মাধ্যমে ওই ঘটনাগুলোর মধ্যেই পাঠককে প্রবেশ করতে হয়। সমগ্র গল্পসংকলনের অনুবাদ পাঠবান্ধব এবং সেই সঙ্গে সামাজিক গন্ধ ও রাজনৈতিক সুর অক্ষুণ্ন। তাই তাঁর অনুবাদশৈলীকে বলা যায় মূল ভাষার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এবং সেইসঙ্গে অনন্য।

কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, Heart Lamp যদি বাংলায় অনুবাদ করা হয়, তা কোন ধরনের বাংলা ভাষায় হবে? বাংলা ভাষার মধ্যেই রয়েছে নিজস্ব শ্রেণি-রাজনীতি। চলিত শুদ্ধ বাংলা সাহিত্য-ভাষা হিসেবে বেছে নিলে এটি হবে মূলত মধ্যবিত্ত ঢাকার ভাষাভঙ্গি। অথচ এই গল্পগুলো প্রান্তিক নারী, শ্রমজীবী নারী, মুসলিম নারীর জীবন আর গৃহবন্দি নীরবতার গল্প। সেগুলো কি সম্ভ্রান্ত শুদ্ধ ভাষায় বললে নৈতিকভাবে সৎ থাকে? চরিত্রগুলোর সঙ্গে পাঠক সঠিকরূপে সংযোগ স্থাপন করতে পারবেন? সম্ভবত না। আবার পুরো বইটি যদি আঞ্চলিক উপভাষায় যেমন চাঁটগাইয়া, সিলেটি বা বরিশালের ভাষাতে অনুবাদ করা হয়, তবে তা হয়তো আঞ্চলিক সততা বজায় রাখবে; কিন্তু পাঠযোগ্যতার বিস্তার কমে যেতে পারে। তাই এখানে প্রয়োজন একটি সঠিক ভারসাম্য বজায় রাখা। যেখানে বর্ণনা হবে শুদ্ধ বাংলা ভাষায় ঠিকই, কিন্তু প্রয়োজন অনুসারে অর্থাৎ সংলাপ, আবেগ এবং চরিত্রের ভাষা পরিস্থিতি অনুযায়ী আঞ্চলিক ছায়া বহন করবে। এতে একদিকে কাজ করবে বাস্তবতার অন্তর্নিহিত সত্য, অন্যদিকে সংরক্ষিত থাকবে পাঠযোগ্যতা ও সাহিত্যিক গাম্ভীর্য। উদাহরণস্বরূপ, বর্ণনায় লেখা যেতে পারে – ‘সে ধীরে জানালার দিকে তাকিয়ে নিজের নিঃশব্দ ক্লান্তি গোপন করল।’ কিন্তু সংলাপে চরিত্র বলতে পারে – ‘তুই ভাবিস না, আমি কিচ্ছু বুঝি না। উঠোনে বসে থাকলে মাঝে মধ্যে আমারও বুকটা হু হু করে ওঠে।’

অনুবাদ আসলে একধরনের নৈতিক সিদ্ধান্ত। কোন ভাষা দিয়ে প্রান্তিক অভিজ্ঞতা বলা হবে, কোন কণ্ঠকে প্রধান করা হবে, কোন কণ্ঠকে দমন করা হবে – এর সবই অনুবাদের মাধ্যমে নির্ধারিত হয়। Heart Lamp-এর বাংলা অনুবাদ যদি হয়, তাহলে তা কেবল সাহিত্যিক উদ্যোগ হবে না; তা হবে বাংলাদেশি নারী-কলম, উপভাষা, মুসলিম সামাজিক বাস্তবতা ও শ্রেণিসচেতনতার প্রতি দায়বদ্ধ এক সাংস্কৃতিক কাজ। সে-অর্থে এই বই বাংলায় অনূদিত হলে তা শুধু একটি বইয়ের ভাষান্তর হবে না, হবে আমাদের ভাষায় প্রান্তিকতার সত্য বলার নতুন রাজনীতি।

বানু মুশতাকের গল্পপাঠের একটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো দক্ষিণ ভারতের মুসলিম নারীর দৃষ্টিভঙ্গি, যা দক্ষিণী উর্দু ও কন্নড় সাংস্কৃতিক বিকাশের ছায়ায় গড়ে উঠেছে। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশি পাঠকের কাছে একইসঙ্গে পরিচিত ও অপরিচিত মনে হয়। পরিচিত কারণ ধর্মীয়, পারিবারিক এবং লিঙ্গ-শাসনের অভিজ্ঞতা উপমহাদেশজুড়ে অনেকাংশে অভিন্ন; অপরিচিত কারণ ভাষাগত, সামাজিক কাঠামো এবং নারী-ধর্ম সম্পর্কের অভিব্যক্তি দুই অঞ্চলে ভিন্ন সাংস্কৃতিক রূপ পেয়েছে। ফলে মুশতাকের গল্প পড়া মানে কেবল দক্ষিণ ভারতীয় মুসলিম জীবনের অনুপ্রবেশ নয়, বরং বাংলাদেশি মুসলিম নারীর অভিজ্ঞতার সঙ্গে তুলনামূলক সংলাপ।

দক্ষিণ ভারতের মুসলিম সমাজে ভাষা হিসেবে দক্ষিণী-উর্দু একটি ঐতিহাসিক পরিচয়ের ধারক। এই ভাষায় ইসলামি আচার-ধর্মীয়তা যেমন আছে, তেমনি স্থানীয় কন্নড় প্রভাব থেকে আসা প্রাণবন্ত কথ্যভাষা ও ব্যঙ্গবোধও রয়েছে। মুশতাকের গল্পে যে-নারীরা কথা বলেন, তাঁরা এই ভাষাগত দ্বৈততায় দাঁড়িয়ে একধরনের সাংস্কৃতিক দ্বন্দ্ব পরিচালনা করেন। একদিকে ধর্মীয় কর্তৃত্ব মানার বাধ্যবাধকতা, অন্যদিকে জীবনযুদ্ধের বাস্তবতা। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনা করলে দেখা যায়, পূর্ববঙ্গীয় শহুরে বাংলা ভাষায় এই দ্বৈততা প্রকাশ পায় ভিন্নভাবে। বাংলাদেশের শহরমুখী মুসলিম নারীর ভাষায় ধর্মীয় আরবি-উর্দু শব্দভাণ্ডার থাকলেও তার দৈনন্দিন ভাষা মূলত বাস্তব ও কর্মজীবনকেন্দ্রিক। ফলে দক্ষিণ ভারতের নারী যেখানে ‘হায়া’ বা ‘শরিয়ত’ শব্দে আত্মরক্ষার ভাষা গড়ে, সেখানে বাংলাদেশের শহুরে নারী ‘সম্মান’, ‘সমাজ’, ‘চাপ’ এই শব্দভাণ্ডারে লড়াই করে দাঁড়ায়।

দক্ষিণ ভারতে মুসলিম নারীরা আইনি সহায়তা পেতে প্রায়শই দারুল কজার (ধর্মীয় আদালত) ওপর নির্ভরশীল, যেখানে ব্যক্তিগত আইনের ব্যাখ্যা অনেক সময় পুরুষ আলেমদের নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে একই রকম শারীরিক ও প্রাতিষ্ঠানিক বাধা থাকলেও নারীরা তুলনামূলকভাবে দেওয়ানি আদালতে বিচার পাওয়ার ক্ষেত্রে স্বাধীনতর। ফলে মুশতাকের গল্পে যে-আইনি অনিশ্চয়তা ও বাধার কথা উঠে আসে, তা বাংলাদেশের মুসলিম নারীর অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হলেও পুরোপুরি সমার্থক নয়।

বলা যায়, বানু মুশতাক মুসলিম নারীজীবনকে দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে এমনভাবে উপস্থাপন করেছেন, যা বাংলাদেশি পাঠককে নিজের সমাজ সম্পর্কে নতুন চোখে ভাবতে বাধ্য করে। ভাষা আলাদা, ভূগোল ভিন্ন, কিন্তু নারীর শরীর, চলাফেরা, ন্যায় ও সম্মানের প্রশ্নে সবখানেই একধরনের গভীর সেতুবন্ধন আছে। এই তুলনামূলক পাঠই তাঁর সাহিত্যকে সীমান্তের বাইরে অর্থপূর্ণ করে তোলে।

বানু মুশতাকের ঐবধৎঃ খধসঢ় বাংলায় পড়া বা পাঠদানে এমনভাবে ব্যবহৃত হতে পারে, যা একদিকে সাহিত্যিক সৌন্দর্য অন্বেষণের সুযোগ দেয়, অন্যদিকে সামাজিক বাস্তবতাকে উপলব্ধির গভীর অনুশীলনে পরিণত হয়। এই বইয়ের পাঠের কেন্দ্রবিন্দু শুধু গল্প নয়, বরং গল্পের ভেতর দিয়ে উঠে আসা ন্যায়, নৈতিকতা, শরীর-রাজনীতি, ধর্মীয় ব্যাখ্যা ও প্রান্তিক জীবনের ক্ষুদ্র অথচ সত্যিকারের অভিজ্ঞতা। তাই এটি যেকোনো সাধারণ পাঠাগার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পড়ানোর জন্য সমানভাবে উপযোগী একটি গ্রন্থ।

গল্পসংকলনটি সহজেই বিশ্ববিদ্যালয়ের সাহিত্য, সমাজবিজ্ঞান, নারী ও লিঙ্গ-অধ্যয়ন কিংবা দক্ষিণ এশীয় স্টাডিজ সিলেবাসে অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রথমে দক্ষিণ ভারতের মুসলিম সমাজ ও দক্ষিণী উর্দুর সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে পরিচিতি, এরপর গল্পপাঠের মাধ্যমে চরিত্র ও বয়ানের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ, তারপর তুলনামূলকভাবে বাংলা সাহিত্যের নারীচরিত্র যেমন সুফিয়া কামাল, সেলিনা হোসেন বা রাবেয়া খাতুনের লেখার সঙ্গে সংযোগ স্থাপন, এবং শেষে নারীবাদী সাহিত্যতত্ত্ব, সাবঅল্টার্ন স্টাডিজ ও অনুবাদতত্ত্ব প্রয়োগ করে সমালোচনামূলক পাঠ উপস্থাপন। এতে পাঠচর্চা সমকালীন সাহিত্যচিন্তার সঙ্গে সংযুক্ত থাকে।

তরুণ লেখকদের জন্য এই বই একটি অসাধারণ নিবিড়পাঠের পাঠশালা হতে পারে। কারণ বানু মুশতাক দেখিয়েছেন, বড় কোনো কাহিনি না বলেও ছোটগল্প কত গভীর হতে পারে, যদি লেখক চরিত্রের ভেতরের সত্য খুঁজে আনতে পারেন। তাই নিবিড়পাঠের অংশ হিসেবে শিক্ষার্থীদের শেখানো যেতে পারে কীভাবে সংলাপের মাধ্যমে চরিত্রনির্মাণ করা হয়, কীভাবে গৃহস্থালি দৃশ্যাবলির মধ্যে নৈতিক টান তৈরি করা যায়, কীভাবে সরল ভাষায় শক্তিশালী গল্প বলা সম্ভব হয় এবং কীভাবে গল্পে ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ তৈরি করা যায়।

এই বইটির লক্ষ্য শুধু সাহিত্য অনুধাবন নয়; এই বই দেখতে শেখায় সমাজে ক্ষমতার অদৃশ্য বিন্যাস কোথায়, নারীর জীবনে নীরবতার রাজনীতি কত গভীর এবং প্রান্তিক মানুষের অভিজ্ঞতাও কীভাবে সাহিত্যকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। ফলে ঐবধৎঃ খধসঢ় শুধু পড়ার বই নয়, এটি পাঠপ্রশিক্ষণের একটি জীবন্ত উপাদান, যা আমাদের সাহিত্যবোধ ও মানবিক বোধ দুটিকেই প্রসারিত করে।

বানু মুশতাকের Heart Lamp নিয়ে এই আলোচনার শেষ প্রান্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট হয়। এই লেখকের কণ্ঠ কেবল একটি আঞ্চলিক সাহিত্যকণ্ঠ নয়, এটি দক্ষিণ এশীয় নারী-অভিজ্ঞতার সীমান্ত অতিক্রান্ত ভাষা। তাঁর গল্প প্রমাণ করে, প্রান্তিক জীবনের সত্য ভাষা বা দেশের সীমা মানে না; নারী যখন নিজের জীবনের গল্প নিজেই বলতে শুরু করে, তখন সেই গল্প রাজনৈতিক হয়ে ওঠে, কারণ নীরবতাকে ভেঙে উচ্চারণ নিজেই এক প্রতিরোধ।

বাংলাদেশের সাহিত্য-লোকতন্ত্র আজ নতুন এক সেতুবন্ধের প্রয়োজন অনুভব করছে, যেখানে কেবল ঢাকাকেন্দ্রিক সাহিত্য নয়, বরং উপকূল, চা-বাগান, শ্রমজীবী এলাকা, পাহাড়ি অঞ্চল এবং প্রান্তের নারীকণ্ঠ সাহিত্যভূমির কেন্দ্রস্থলে উঠে আসবে। Heart Lamp আমাদের সেই পথ দেখায়। গল্প বলার শক্তি কেবল সৌন্দর্যে নয়, সত্য উচ্চারণেও। এই সত্য যখন সীমান্ত পেরিয়ে এক নারীর জীবন থেকে আরেক নারীর জীবনে গিয়ে প্রতিধ্বনিত হয়, তখন সাহিত্য হয়ে ওঠে মানবিক ন্যায়বিচারের হাতিয়ার।

বানু মুশতাকের Heart Lamp আমাদের দেখায় যে, সাহিত্য শুধু শিল্প নয়, এটি ন্যায়বোধের ভাষা এবং নীরব সত্য প্রকাশের একটি নৈতিক দায়িত্ব। তাঁর গল্পগুলো প্রমাণ করে যে, প্রান্তিক মানুষের জীবন-অভিজ্ঞতা কখনোই ‘ব্যক্তিগত’ নয় বা ‘গৃহস্থালি’ কোনো তুচ্ছ অঞ্চল নয়, বরং সেখানেই নিহিত থাকে ক্ষমতার প্রকৃত রূপ এবং অব্যক্ত প্রতিরোধের চলমান ইতিহাস। যখন একজন নারী তার নিজের জীবনের গল্প নিজেই বলতে শুরু করে, তখন সেই গল্প রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি অর্জন করে – কারণ নীরবতাকে ভেঙে ফেলা নিজেই এক বিপ্লবী কাজ। এই সাহসী আত্মউচ্চারণই দক্ষিণ এশিয়ার নারী-লেখনকে আগামী দিনের সাহিত্যের কেন্দ্রীয় শক্তিতে পরিণত করবে।

বাংলা সাহিত্য দীর্ঘদিন ধরে ইতিহাস, ভাষা-আন্দোলন বা মুক্তিযুদ্ধের মতো মহান রাজনৈতিক বয়ানের ওপর দাঁড়িয়ে নিজস্ব মর্যাদা নির্মাণ করেছে। কিন্তু এখন সময় এসেছে সাহিত্যের কেন্দ্রীয় ভূখণ্ডে প্রবেশ করানোর প্রান্তিক জীবনের গভীর বাস্তবতা – পোশাক কারখানার শ্রমজীবী নারী, ধর্মীয় ব্যাখ্যার নামে নিপীড়িত মেয়েদের অদৃশ্য কান্না, গৃহ-রাজনীতিতে বন্দি অসংখ্য নারীর দমিত আকাক্সক্ষা, কিংবা অভিবাসনের প্রান্তিকতায় বেঁচে থাকা নারীদের কঠিন জীবন-বাস্তবতা। এইসব অভিজ্ঞতা সাহিত্য থেকে বাইরে রাখলে তা অসম্পূর্ণ থেকে যাবে; বরং এসব অভিজ্ঞতাই গড়ে তুলবে ভবিষ্যতের সাহিত্য-লোকতন্ত্র, যেখানে প্রান্তই হবে নতুন কেন্দ্র। Heart Lamp-এর গুরুত্ব এখানেই। এটি শুধু কন্নড় সাহিত্য থেকে অনূদিত একটি চমৎকার গল্পগ্রন্থ নয়; এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধ, যা বাংলাদেশি পাঠককে দক্ষিণ ভারতীয় মুসলিম নারীজীবনের গভীর মানবিকতা ও প্রতিরোধচেতনার সঙ্গে পরিচিত করে।

এই গ্রন্থ আমাদের শেখায় সীমান্ত বদলায়, ভাষা বদলায়, কিন্তু নারী-অভিজ্ঞতার সত্য বদলায় না। এক নারীর গল্প আরেক নারীর সত্যসন্ধানকে শক্তি দেয়। এই আন্তঃদেশীয় সহমর্মিতা গড়ে তোলে নতুন এক সাহিত্যিক ভ্রাতৃত্ব, যার নাম দক্ষিণ এশীয়
নারী-লেখন। তাই এই সংলাপ কেবল সাহিত্যিক বিনিময় নয়; এটি ইতিহাসে উপেক্ষিত নারীকণ্ঠের পুনর্জন্ম, এটি অন্যায়কে চিহ্নিত করার সাহস, এটি আত্মমুক্তির ঘোষণা। সেই পথে বানু মুশতাক শুধু একজন লেখক নন। তিনি এক আলোকবাহক, যিনি তাঁর ঐবধৎঃ খধসঢ় দিয়ে আমাদের দেখিয়েছেন, সত্যিকারের সাহিত্য কখনো নীরব থাকে না, তার আলো সীমান্ত পেরিয়ে ছড়িয়ে যায়।