মেঘ যদি ঢাকে সূর্যালোকের খ্যাতি
অন্ধকারের ঠোঁটে হেসে থাকে আলো
মেঘমল্লারে স্বপ্নে বিষাদ মেখে
উত্তাল নদে স্নান সেরে নেবে শীতে;
পরিশুদ্ধতা আহ্নিকে হবে মাটি
মেঘ কেটে যায়, আলোর আলোকরেখা
জেগেছে মানুষ পাওনাটা বুঝে নিতে
ভাগ্যশিকলে বন্দি থাকাটা ভুল
স্বনির্ভরতা নতুন সংবাদবাহী
প্রত্যেকে তার আপন কর্মে ব্রতী
বিপক্ষে গেলে বিপদ ঘনিয়ে আসে
সত্য ও ন্যায় যুক্তি-তর্কে ম্লান
ভাগ্যের মোহে খুঁজো না হস্তরেখা
মানুষ যখনি নিজের পরিধি ছেড়ে
চলে যেতে চায় ভ্রান্ত পথের খোঁজে
আরাধনা সব অসার ভস্ম-ছাই
চারপাশে থাকা ভ্রান্তির মরীচিকা
উৎপাটিত হলে রোদ্দুর আনে ভোর

Leave a Reply
You must be logged in to post a comment.