এখন আকাশে উড়ছে অগ্নিবাণ
সিক্ত মাটিতে রক্তের হোলিখেলা
ভূ-তলে উতল তপ্ত অগ্নিগিরি
কত জীবনের ফুরায়ে গেল যে বেলা।
প্রচণ্ড ঝড়ে আকাশ টালমাটাল
ফুটছে লক্ষ বুলেটতপ্ত-খই
নিরীহ প্রাণের শুনি যে তীব্রনাদ
কি সে যন্ত্রণা মৃত্যু যাতনা বই!
অস্ত্রের ঘায়ে ধ্বংস যে সভ্যতা
মানবতা পদ-দলিত! ক্ষুব্ধ অতি
ধাতু-বারুদের মিলিত শক্তিমোহ
পরাজিত করে অতিমানবীয় গতি।
অসহায় ভেবে হেনেছ তীব্র শেল
আকাশে শোননি দাপুটে অশ্বক্ষুর
সাইরেন বাজে, বাজে শোন বারবার
নিমেষে বোরাক পারি দে’ সমুদ্দুর।
পারস্য-আরব সাগরের পূর্বে যে
ক্ষুরের আঘাতে জ¦লছে বহ্নিশিখা
নরক নেমেছে বারুদের গোলাঘরে
বায়ু-সন্ত্রাস পতিত কুজ্ঝটিকা।
মানবতা জানি হবে জয়ী নিশ্চয়ই
সহ্য হবে না শিশুর আর্তনাদ
যতই কঠিন হোক বা না সে আঘাত
উদ্ধত হাতে ফিরবে প্রত্যাঘাত।

Leave a Reply
You must be logged in to post a comment.