১. কালো বিড়াল : মধ্যরাতে
শোরটি হাত নাড়ে ছাদের ওপর থেকে।
কিশোরী স্কার্ফ উড়ায়।
পাড়ার মাস্তান হাঁটে,
মাঝখানের চিলতে পথ ধরে,
হুম! হুম।
বুনো মহিষের মতো দুজনের দিকে তাকিয়ে
নিঃশব্দ গর্জন করে।
ধেৎ… যত গর্জায়… কিশোরীকে
বাতাসের স্রোতের মধ্যে জানানোর
চেষ্টা করে কিশোর, …ততো বর্ষায় না।
কিশোরীর স্নায়ুতে হৃৎপিণ্ডে কম্পন।
জ্বরজ্বর রোমান্স!
চলো না, মাঝখানের ফাঁকটাকে ভাঙি?
একরাত।
কিশোরটির সিঁড়ি ভেঙে নিচে নামার
শব্দ।
কিশোরীটিও।
দুজন দুগেটে দাঁড়িয়ে শিহরিত রংধনুর
ফিতেয় বাঁধা পড়ে, স্থবির।
ওপরে কুয়াশা।
সোডিয়াম বাতি।
দুজনের অগ্নিদেহ একজনে আরেকজনকে
পিষে মারার তৃষায় এগোতেই,
চারপাশে মোষের গর্জন।
ভয়ে ভয়ে দুজন তাকায়।
ফাঁকা।
দেখে,
কেবল মাঝখানের রাস্তায় একটি
রক্তাক্ত কালো বিড়াল মরে
পড়ে আছে।
২. কালো বিড়াল: অ্যালান পো
শীতরাতে প্রায়ই বিড়ালের কান্না শোনা যায়।
বিশেষত স্ত্রীর উষ্ণ সান্নিধ্যে স্বামীটির ওম যখন গাঢ় হয়।
এডগার অ্যালান পো স্ত্রীর প্রিয় লেখক। সে স্বামীকে তাঁর
নানা গল্প শোনালে স্বামী রীতিমতো চিন্তিত, বলে, এসব অসুস্থ মস্তিষ্কের ভূতুড়ে লেখা। আমি এসব শুনতে চাই না।স্ত্রী আর শোনায় না।
কিন্তু তখন থেকেই সেই স্বামীটি শুনতে পায় অদ্ভুত বিড়ালের মিহি আঁধারময় কান্না। রাতের পুরো পরিবেশ মুহূর্তে বেষ্টন করে ফেলে স্বপ্নের জগৎ।
স্ত্রী ঘুমন্ত। স্বামী দরজার পাল্লা খুলে টর্চলাইট জ্বেলে জ্বেলে
আশেপাশের গলি ঝোপঝাড়ের কোথাও বিড়ালটিকে খুঁজে পায় না।
খিটখিটে মেজাজ নিয়ে স্বামীটি স্ত্রীর কাছে প্রকাশও করতে চায় না, তার মাথার মধ্যে স্ত্রীর ভূতুড়ে গল্পের আছর পড়েছে।
একরাতে দেব-কান্না।
স্বামীর শরীরে শিহরণ। এই কান্না অন্যরকম। একদম কানের কাছে, জান্তব। তার রক্তে আগুনের উল্লম্ফন।
নিদ্রিতা স্ত্রী দেখে, ধীর পায়ে তার মাথার কাছে এসে দাঁড়িয়েছেন একজন স্থির শান্ত পুরুষ। তার কণ্ঠে গভীরতা, এসব গল্প ভূতুড়ে নয়, কেন বোঝাওনি স্বামীকে? আর আমি নিজেই আমার ‘কালো বিড়াল’ গল্পে এক অর্থে বিড়ালটিকে বাঁচাতে পারিনি… তুমি…।
কে? কে আপনি?
অ্যালান পো… পুরুষটির দীর্ঘায়িত ছায়া মিলিয়ে গেলে ছটফট ঘুম ভেঙে স্ত্রীটি দেখে, ঝকঝকে বাতির নিচে তার স্বামী বহুকাল পর নাক ডেকে ঘুমাচ্ছে। আর ঝকঝকে মেঝেতে একটি রক্তাক্ত কালো বিড়াল মরে পড়ে আছে।
৩. কালো বিড়াল : রাত্রি ঈর্ষায়
‘কৃষ্ণকলি আমি তারেই বলি…’ ঝাউবনের আলুথালু বাতাসের নিচে শুকনো পাতার ফরফরানি… তারই চিলতে চিলতে ফাঁকে বসে ছেলেটি তার কড়াফর্সা আঙুলগুলো দিয়ে মেয়েটির ছায়াগাল স্পর্শ করে…
ভাগ্যিস রবিঠাকুর কালো মেয়েদের কিছুটা রক্ষা করেছেন… মানে তোমার পাশে আমার গায়ের রং নিয়ে যখন খচখচ শুরু হয়, মেয়েটি অস্ফুটে বলে, তখন তোমার মুখে এই লাইনটা সমস্ত রক্তে শাদা স্রোতোর আগুন লাগিয়ে দেয়।
মাথার ওপর কড়া রোদ।
রিকশা থেকে ছেলেটি নামতে নামতে বলে, এইবার পাক্কা কথা, কাল তোমার বাসায় যাবো।
এত রোদ। আগুন, দাঁত দিয়ে মেয়েটির চামড়া ছিঁড়ে ছিঁড়ে যেন জল বের করে। কিন্তু সদ্য ছেলেটির প্রেমে-পড়া ঘ্রাণের আচ্ছন্নতায় এসব টের না পেয়ে, ভুলে মেয়েটি গলিতে ঢুকেও নিজের বাড়ি পেরিয়ে যায়। হুঁশ হতেই নিজের মাথায় থাপ্পড়, নিজেই ধেৎ!
যেন এক মাতাল নদীর মধ্যে ঘোর সাঁতারের পর জাগতিক কক্ষ। যে যার মতো কাজে বাইরে।
ভেতরে ঢুকে আজকাল প্রায়ই এই ভুল হচ্ছে। ব্যাগ রেখে সব ভুলে সটান বিছানায় পড়ে থাকে কিছুক্ষণ। আগে হলে দরজায় বিড়ালটিকে না দেখলে ঘর-বাড়ি এক করে ফেলত। বিড়ালটিও আজকাল কী অভিমানে দরজায় দাঁড়ায় না। মিউ মিউ চিৎকার করে না। নিঃশব্দ বিষণ্নতায় হেঁটে বেড়ায়, বসে থাকে।
মেঝেতে নখ-আঁচড়ের শব্দ শুনে এক তীব্র অপরাধবোধ থেকে মেয়েটি এক লাফে উঠে বিড়ালটিকে কোলে তুলে নেয়… হেই… হেই… কাতুকুতু দেয়, একদম মন খারাপ না, একদম না, সবসময়ে এসে তোর বুঝি আমার খোঁজ নেওয়াই দায়িত্ব?
মেয়েটির ঠোঁট উচ্ছিন্ন এসব শব্দে বিড়ালটি ক্রমশ সহজ হয়ে আসে। কী এক অদ্ভুত শিহরণে তার কালো রোমগুলো শিরশির করে… কিছুক্ষণ উলটিপালটি খেয়ে সে গভীর চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে।
তোর আর আমার রঙের কী মিল … বলতে বলতে মেয়েটি তলিয়ে যায়, একটা ডোরাকাটা বিড়াল এই হুলো কালোটার প্রেমিকা ছিল। একদিন একটা ফটফটে শাদা বিড়ালের সঙ্গে সেই প্রেমিকা ভেগে গেলে দাঁত-নখ দিয়ে নিজের শরীর ছিঁড়ে মরতে বসেছিল এ।
এরপর থেকেই মেয়েটির অধিক মনোযোগ বিড়ালটির প্রতি। একসঙ্গে খায়, ঘুমায়… কত গপ্পো যে করে… মেয়েটি ভাবে, ছেলেটি যখন আমার জীবনে আসেনি, কী ভীষণ নিঃসঙ্গ ছিলাম… তখন মুহূর্ত মুহূর্ত এ-ই তো আমাকে সঙ্গ দিয়েছে।
তুই মেয়ে হলে তোকে আমি কৃষ্ণকলি বলতাম… ঠা-ঠা হাসির তলার গভীর রোমান্সে তলিয়ে যেতে যেতে যে-আঙুল ধেয়ে ধেয়ে বিড়ালটির সারাদেহে আদর করে, ওকে চুমু খায়… বিড়ালটি কী এক অজানা উত্তেজনায় কাঁপতে থাকে।
ঠিক আছে, তুই তৈরি? আমিও চেঞ্জ হয়ে চল ছাদে ঘুরতে যাই। রোদ্দুর পড়ে আসছে। সালোয়ারের প্রান্তে বিড়ালটি মিষ্টি কামড় বসায়। ছাদের ওপর হাজারো বিল্ডিংয়ের ফোকর গলিয়ে এক পিস আকাশ নেমে আসে। তার মধ্যেই অবাক মেঘের দিকে তাকিয়ে মেয়েটি আত্মবুঁদ… এই এই মেঘ… তুই ওর ঝাঁকড়া চুলের মধ্যে ভেঙে ভেঙে পড়ে যেখানেই আছে ও, ওকে ভিজিয়ে দে।
বিড়ালটি মহাফুর্তিতে ছুট খাচ্ছে। মেয়েটির মনোযোগ পেতে সে ধীরে ধীরে গ্রিলের ওপর গিয়ে বসে। আরে আরে পড়ে যাবি, মেয়েটি ওকে জাপটে বুকের মধ্যে বসিয়ে শুয়ে পড়ে ছাদের ওপর, প্রেমিকার কথা মনে পড়ে? কষ্ট হয়? পরক্ষণেই গভীর আশঙ্কায় ডুবে যায় মেয়েটি, সাদা কিছু বিড়ালটি সহ্য করতে পারে না আর সেদিন তার এক ফর্সা বান্ধবী এলে ওর ওপর বলা যায় বিড়ালটি ঝাঁপিয়ে পড়েছিল।
অবশ্য মেয়েটির কড়া শাসনে পরে ও নিজেকে সামলেও নিয়েছে। ছেলেটির সঙ্গে হয়তো প্রথম প্রথম অসুবিধে হবে, কিন্তু মেয়েটি একসময় ঠিকই ওদের দোস্তি পাতিয়ে দেবে। পরদিনও বাড়ির সবাই বাইরে। কাজের মেয়েটিকে দিয়ে বিড়ালটিকেও দূরে পাঠিয়ে ছেলেটির সামনে একাকী কক্ষে ঘামতে থাকে মেয়েটি। আশ্চর্য স্থিরতা ছেলেটির, কেবল নিজের শৈশব-কৈশোরের গল্প বলতে বলতে মেয়েটির আঙুল নিয়ে খেলছে, আসলে যা হয়, এক সন্তান, ভীষণ একা বড় হয়েছি, বাবা-মা চাকরিতে, তোমার কাছে এলে বড্ড আশ্রয় পাই।
মেয়েটি নিজের বরফ হৃৎপিণ্ডে ধেয়ে উঠতে থাকা আগুনের ফুলকি নিভিয়ে ধীরকণ্ঠে বলে, সেই জন্যই তো বড্ড ভয় হয়, একমাত্র সুদর্শন পুত্রের জন্য এই কালো মেয়েকে তোমার ফ্যামিলি…?
সুদর্শন কাকে বলছ? ফর্সা রংকে? ও গড! তোমার রূপ সম্পর্কে তুমি জানো? বলতে বলতে প্রগাঢ় মায়ার নিজের দেহের সঙ্গে মেয়েটির দেহ ঘনীভূত করে ওর ঠোঁটে চুমু খায় ছেলেটি।
খট শব্দে মেয়েটি একটু ছিটকে দেখে খোলা জানালার ফাঁকে বিড়ালটির স্তব্ধ হিম চোখ।
রাতে বিড়ালটিকে জড়িয়ে ঘুমিয়ে মেয়েটি যখন মেঘ-স্বপ্নের সিঁড়ির পর সিঁড়ি ভাঙছে, অনুভব করে পাশ থেকে বিড়ালটি সরে গেছে। কী রে? কই যাচ্ছিস? বাতি জ্বালিয়ে বিড়ালটিকে অনুসরণ করতে করতে রান্নাঘরে গিয়ে মেয়েটি বাকরুদ্ধ। মুহূর্তে টকটকে খাড়া বঁটির ওপর ঝাঁপিয়ে পড়ে রক্তাক্ত কালো বিড়ালটি মরে পড়ে আছে।

Leave a Reply
You must be logged in to post a comment.