ইতিহাস ও রাক্ষস

ইতিহাস কাদা, সত্য ডুবে যায় পাঁকে

মরুভূমি অন্ধকার, ধূসর ঝড়ে

বালুচাপা পড়ে ডুবে গেছে প্রবল সিংহাসন।

কে জানে কোন প্রত্ন হামাম থেকে

ভেসে আসে রাজকুমারীদের দুরূহ গান

জ্যোতিষীর অমর পঙ্ক্তি ছিঁড়ে ফেলে

উন্মাদ নৃপতি অট্টহাসিতে ফেটে পড়েছে,

মধ্যরাতে কবির ফাঁসি হয়ে যায়

অন্ধ দরবেশ পথ ভুলে ঢুকে গেছে বনে।

কবির নাম জানলো না নতুন দুনিয়া

অস্ফুট ঠাকুর জীবনানন্দ লোরকার আত্মারা

বাতাসে ওড়ে, এভাবে

ইতিহাস বলো, সময় বলো, রাক্ষস বলো

গিলে নিয়েছে কত স্বপ্নের কুঁড়ি ও ঝরাফুল

এভাবে মানুষই মোছে প্রিয় মানুষের নাম

ইতিহাস কি খুব সাদা নিষ্পাপ?

ইতিহাস গোপনে তুলে দেয় হাতে

গাঁইতি, কোদাল, তারপর কবর খোঁড়ে আবহমান

ইতিহাস নীরবে হাসে মোনালিসা-হাসি

গুপ্তলিপির রহস্য উদ্ধারে ব্রাত্যের বনবাস কাটে।