আধুনিক তুর্কি সাহিত্য সম্পর্কে আমরা সামান্যই জানি। ১৯২০-এর দশকে কামাল আতাতুর্কের সরকারের পৃষ্ঠপোষকতায় আরবি ভাষা ও ব্যাকরণ ভারাক্রান্ত তুর্কি ভাষার সংস্কার হাতে নেয়া হয় এবং ক্ল্যাসিকাল জটিল তুর্কি ভাষাকে নিত্যব্যবহার্য মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসা হয়। বস্তুত তুর্কি আধুনিক সাহিত্যের আবির্ভাব আর আধুনিক তুর্কি ভাষার আবির্ভাব সমকালীন ঘটনা। তুর্কি আধুনিক সাহিত্যের পথিকৃৎ খালিদা এদিব, ইয়াকুব কাদরী, ফতেহ রিফকি প্রমুখের আমরা নাম শুনেছি মাত্র। বছর পঞ্চাশেক আগে নাজিম হিকমতের কবিতা বাংলায় অনূদিত হয়েছিল। দীর্ঘকাল আর কিছু শোনা যায়নি। বছর পঁচিশেক আগে ইয়াসির কামালের উপন্যাস আমার আহত বাজপাখি ইউরোপে আলোড়ন তুলেছিল। আর সম্প্রতি ওরখান পামুককে নিয়ে অনুরূপ আলোড়ন শুরু হয়েছে। ওরখান পামুক সাম্প্রতিক তুর্কি কথাসাহিত্যেরই নন, তুর্কি সাংস্কৃতিক জগতেরও সবচেয়ে আলোচিত ব্যক্তি। তাঁর উপন্যাসগুলো একটির পর একটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়ে চলেছে। আমেরিকান ঔপন্যাসিক জন আপডাইক পামুকের মাই নেইম ইজ রেড উপন্যাসটিকে রচনাশৈলীর দিক থেকে মান, ক্যালভিনো ও বোর্হেসের সঙ্গে তুলনা করেছেন। বিয়াল্লিশ বছর বয়স্ক এই ঔপন্যাসিক ইতোমধ্যেই ছাব্বিশটি ভাষায় অনূদিত হয়েছেন এবং তাঁর সাতটি উপন্যাসের পাঁচটি ইংরেজি ভাষায় পাওয়া যায়। আমরা তাঁর অধুনাতন উপন্যাস স্নো [তুষার] নিয়ে আলোচনা করব। উপন্যাসটি তুরস্কে ২০০২ সালে প্রকাশিত হলেও ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে ২০০৪-এর আগস্ট মাসে।
খানিকটা সরলীকরণের ঝুঁকি নিয়েই বলা যায় এটি একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসটিতে সাম্প্রতিক তুরস্কে মুসলিম মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রশক্তির সংঘাতের বিষয়টি চিত্রিত হয়েছে। ওরখান নিজেও এটিকে রাজনৈতিক উপন্যাস বলেই বর্ণনা করেছেন। তবু শুধুমাত্র রাজনৈতিক অভিধায় চিহ্নিত করলে উপন্যাসটির বহুস্তরিত অর্থবিন্যাস এবং পর্যবেক্ষণ ও অনুভূতিমালার নিয়ত প্রতিসরমান আলোক-বিচ্ছুরণ সম্পর্কে কোনো ধারণা করা যাবে না। বস্তুতপক্ষে কোনো একটি বিশিষ্ট রাজনৈতিক ব্যাখ্যা বা সিদ্ধান্তও এই উপন্যাসের অন্বিষ্ট নয়। কিন্তু উপন্যাসটির বক্তব্য ও চিত্রিত মানবভাগ্যের স্বরূপ সম্পর্কে কোনো মন্তব্য করার আগে যে রাজনৈতিক পরিস্থিতি উপন্যাসটির বিষয়বস্তু, তার পটভূমি সম্পর্কে কিছুটা জেনে নেয়া জরুরি।
পাঁচশ বছরের স্থিতিকালে ওটোমান সাম্রাজ্য ইউরোপে বুলগেরিয়া, হাঙ্গেরি, বসনিয়া, সার্বিয়া, আলবেনিয়া, ইউক্রাইন ও গ্রিস পর্যন্ত এবং আফ্রিকায় মিসর, আলজিরিয়া ও টিউনিসিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল। অষ্টাদশ শতকের গোড়াতেই, ১৭১৮ নাগাদ, অটোমান সাম্রাজ্যের পতন দেখা দেয়, যদিও তা আরো একশ বছর কোনোমতে টিকেছিল। কিন্তু ১৭৬৮-৭৮ এবং ১৭৮৭-৯২-তে রুশীয় সাম্রাজ্য কৃষ্ণসাগর এবং কনস্টান্টিনোপলের ওপর তথা বলকানে তাদের নিয়ন্ত্রণ স্থাপন করার জন্য ওটোমানদের আক্রমণ করে এবং ওটোমানরা পরাভূত হয়। ঊনবিংশ শতকের গোড়াতেই (১৮০৪) অস্ট্রিয়া সমর্থিত সার্বিয়া, ফ্রান্স সমর্থিত মিসর, ব্রিটিশ সমর্থিত (১৮২১) গ্রিস, আলজিরিয়া (১৮৩০) এবং বসনিয়া (১৮৫৮) একে একে তুর্কি আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। উদীয়মান জাতীয়তাবাদী ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সংঘাতে উপর্যুপরি পর্যুদস্ত হয়ে খলিফা আবদুল মজিদ (১৮৩৯-৬১) পাশ্চাত্য প্রযুক্তি ব্যবহারকেই রাজনৈতিক প্রাধান্যে পুনর্বাসনের একমাত্র উপায় বলে মনে করলেন এবং সেনাবাহিনীর সংস্কারে হাত দিলেন। তিনি ওই লক্ষ্যে সেনাবাহিনীতে ইউরোপীয় প্রযুক্তি ও ফরাসি বিশেষজ্ঞ নিয়োগ করলেন। এর আগে থেকেই তুরস্কের রাজনৈতিক ও সামাজিক সংস্কার ও পুনর্গঠনের কথা উঠছিল। সেই সময় থেকেই আবহমান কাঠামো ও ভাবাদর্শ পরিপোষিত মুসলিম সমাজের মৌলবাদী অংশ এবং আধুনিকতা-প্রয়াসী পাশ্চাত্যাভিমুখী অংশের মধ্যে তীব্র বিতর্ক ও বিরোধ দেখা দিল। ভাসিফ [ইউসুফ?] নামক একজন মৌলবাদী লিখলেন : ‘রাজতন্ত্রের পক্ষে কোনো বিদেশী শক্তির [ফ্রান্স] কাছ থেকে কোনো অপরিচিত পার্থিব বিজ্ঞান বা প্রকৌশল শেখাটা অবমাননাকর হবে। কারণ তাদের সঙ্গে আমাদের শত্রু-দেশের [রাশিয়া] কোনই প্রভেদ নেই। তারা দুই দেশ একই সম্প্রদায়ভুক্ত [খ্রিষ্টান]। যুদ্ধে সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে ঈশ্বরের অভিপ্রায়ের ওপরে। অন্যদিকে খ্রিষ্টীয় দেশসমূহ যে-দর্শনে বিশ্বাস করে তার মূলকথা-অনুযায়ী পার্থিব কোনো কোনো বিষয়ে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। যুদ্ধ তাদের মতে এরকমই একটা বিষয়।’
খলিফা মজিদ অবশ্য আধুনিক নাগরিকত্ব ও জাতীয়তাবাদের ধারণা অনুসরণ করে জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ঘোষণা করলেন এবং আধুনিক সেক্যুলার রাষ্ট্রের সমীপবর্তী হওয়ার চেষ্টা করলেন। তিনি কৃষি সংস্কার ও রাজনৈতিক সংস্কারেও হাত দিয়েছিলেন [তানজিমাত] কিন্তু ক্রিমিয়ান যুদ্ধে ক্রমবর্ধমান রাষ্ট্রীয় ঋণের কারণে তার সংস্কার প্রচেষ্টা ব্যাহত হয়। তাঁর উত্তরাধিকারী আবদুল আজিজ আরব্ধ কাজে হাত দেন এবং ১৮৭৫-এর ডিসেম্বর নাগাদ একটি লিখিত সংবিধান প্রবর্তন করেন। এতে পার্লামেন্ট ও জবাবদিহিতা সাপেক্ষ মন্ত্রিপরিষদের বিধান ছিল। কিন্তু তিনি ছ’মাসের মধ্যে মারা গেলেন। সুলতান আবদুল হামিদ সিংহাসনে আরোহন করেই এই নতুন শাসনতন্ত্র খারিজ করে দিলেন। সংস্কারপন্থি প্রধানমন্ত্রী (সদরে আজম) খলিল হামিদকে বরখাস্ত করা হলো। মৌলবাদীদের হাতে তিনি নিহত হলেন। বসফরাস প্রণালিতে তার মৃতদেহ নিক্ষিপ্ত হ’ল। মৃতদেহের ওপর একটি কাগজ সাঁটা ছিল, তাতে লেখা ‘ইসলামি রাষ্ট্রের শত্রু’। ধর্মীয় নির্যাতন ফিরে এলো। ফল হলো এই যে, ১৮৭৮ সালে সাইপ্রাস হাতছাড়া হয়ে গেল। ১৮৯০ সালে ইস্তাম্বুলের আরমেনিয়ান খ্রিষ্টানদের একটি টেররিস্ট দল কয়েকটি বোমা-বিস্ফোরণ ঘটাল। আবদুল হামিদের প্রশাসন ও পুলিশ মুসলিম জনতাকে আরমেনিয়ানদের বিরুদ্ধে উত্তেজিত করে আরমেনীয় গণহত্যার সূচনা করল।
ইতোমধ্যেই যতটুকু সংস্কার হয়েছিল এবং সামাজিক পুনর্বিন্যাস ও ক্ষমতার পুনর্বণ্টনের যে-সম্ভাবনা দেখা দিয়েছিল তাতে সেনাবাহিনীর অভ্যন্তরে আনোয়ার পাশা, তালাত পাশা প্রমুখ একদল তরুণ অফিসার সুলতান হামিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরা ‘তরুণ তুর্কি’ বলে পরিচিত হয়। আরমেনীয়দের প্রায় একই সময়ে জেনেভা এবং গ্রিসে সংগঠিত হয় প্রবাসী তুর্কি বুদ্ধিজীবীদের সংগঠন ‘ওটোমান সোসাইটি অব লিবার্টি’। প্রখ্যাত দার্শনিক আহমেদ রেজা ওই প্রতিরোধ-আন্দোলনের নেতা। এঁরা তখন তুর্কিদের বিদ্রোহকে সমর্থন করে। ফলে আবদুল হামিদ ১৮৭৫-এর সংবিধানটি পুনর্বহাল করতে বাধ্য হন।
প্রথম মহাযুদ্ধে জার্মানিকে সমর্থন করার অপরাধে যুদ্ধশেষে ব্রিটেন ও ফ্রান্স তুর্কি খলিফাকে অবমাননাকর ‘সেভেরেসের চুক্তি’ মেনে নিতে বাধ্য করল। ওই বিক্ষুব্ধ পরিমণ্ডলে মোস্তফা কামাল পাশার আবির্ভাব, জাতীয়তাবাদী বিদ্রোহের নায়ক এবং সাম্রাজ্যবাদ প্রতিরোধের সেনাপতিরূপে [১৯২০]। গ্রিস আগেই স্বাধীনতা ঘোষণা করেছিল। এবার ব্রিটিশ সমর্থন নিয়ে ১৯১৯-এর ১৫ মে এক ডিভিশন গ্রিক সৈন্য স্মার্না বন্দরে অবতরণ করল এবং ইজমির আক্রমণ করল, গ্রিক অধ্যুষিত অঞ্চলটি বিচ্ছিন্ন করে নেয়ার অভিপ্রায়ে। কামাল ওই যুদ্ধে গ্রিকদের পরাভূতই করলেন না শুধু, আনাতোলিয়ায় স্থিত মিত্রবাহিনীর গ্যারিসনও বিতাড়িত করলেন। ১৯২৩-এর ২৯ অক্টোবর আতাতুর্ক তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং ১৯২৪-এর এপ্রিলে নতুন সংবিধান কার্যকর হলো। রাষ্ট্র সেক্যুলার বলে ঘোষিত হলো। ভাষা ও লিপির সংস্কার করা হলো। মাধ্যমিক স্তরে বিজ্ঞানশিক্ষা বাধ্যতামূলক করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি অফিসে ইউরোপীয় পোশাক বাধ্যতামূলক করা হলো। মেয়েদের মাথার স্কার্ফ নিষিদ্ধ করা হলো। বহুবিবাহ নিষিদ্ধ হলো। মেয়েরা বিবাহ-বিচ্ছেদের অধিকার পেলেন। একটি সার্বজনীন নতুন পেনাল-কোড প্রবর্তিত হলো। ধর্মীয় বিচারব্যবস্থা প্রত্যাহৃত হলো। আভিজাত্যসূচক পাশা, এফেন্দি, বেগ প্রভৃতি পদবি নিষিদ্ধ করা হলো।
কিন্তু প্রযুক্তিনির্ভর আধুনিক সেক্যুলার রাষ্ট্রের যে-স্বপ্ন কামাল আতাতুর্ক দেখেছিলেন, তা কি বাস্তবায়িত হয়েছিল? না, তা ঠিক হয়নি। আরমেনিয়ান, গ্রিক ও কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে তুর্কিদের অভ্যন্তরীণ বিরোধ ও সংঘাত বিভিন্ন সময়েই ব্যাপক নির্যাতন, গণহত্যা ও উৎসাদনের রূপ নিয়েছে। সেই তিক্ততার স্মৃতি সেক্যুলার তুর্কি জাতীয়তাবাদকে দানা বাঁধতে দেয়নি। প্রযুক্তিগত দিক থেকে তুরস্ক অনেকাংশে নবায়িত হয়েছিল। নগরায়ণ, রেল-যোগাযোগ ব্যবস্থার প্রসার, শিল্প-কারখানা স্থাপন, খনিজ উত্তোলন প্রভৃতি ট্র্যাডিশনাল সমাজের সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু মানসজগত ঐতিহ্যানুগত ধর্মাশ্রয়ী এবং পাশ্চাত্যানুগত বিজ্ঞানাশ্রয়ী Ñ এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। ভাবাদর্শগত দূরত্বের পেছনে অবশ্য কাজ করে সামাজিক বিচ্ছিন্নতা ও স্তরীভূত ক্ষমতার দ্বন্দ্ব। কামাল তার দ্রুতগতি সংস্কার ও আমূল সমাজ-রূপান্তরের প্রচেষ্টার মধ্য দিয়ে অভিজাত ও আলেম এই দুই শ্রেণিরই বৈরিতা অর্জন করেছিলেন। কামালের অনুপস্থিতিতে আধুনিক শিক্ষিত নাগরিক বুর্জোয়া শ্রেণি আজো এই দুই অংশের মধ্যে মধ্যস্থতা করেই অস্থিতিশীল ক্ষমতায় নিজেদের দখল রাখছে।
একক পার্টিব্যবস্থায় কামালিস্টরা সাতাশ বছর ক্ষমতায় ছিল। ১৯৫০-এর নির্বাচনে ধর্মীয় স্লোগান ব্যবহার করে কৃষকশ্রেণির এবং সেনাবাহিনীবিরোধী অনুভূতি ব্যবহার করে নাগরিক মধ্যবিত্তশ্রেণির সমর্থন লাভ করে জালাল বায়ার ও আদনান মেন্ডেরেসের ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টের ৪৫০টি সিটের মধ্যে ৪০৮টি সিট দখল করে জয়ী হলো। কিন্তু তার অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে ১৯৬০ সালে সেনাবাহিনী আবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় ফিরে এলো। জালাল বায়ার কারারুদ্ধ হলেন এবং মেন্ডেরেসের মৃত্যুদণ্ড হলো। ক্ষমতাদখল করেই সেনা-কাউন্সিল ভবিষ্যতে সেনাবাহিনীর আধিপত্য সুরক্ষিত করার জন্য সংগঠন সংশোধন করল। ওই সংশোধন অনুযায়ী সেনা কাউন্সিলের সভাপতি পদাধিকার বলে সাত বছরের জন্য প্রজাতন্ত্রেরও প্রেসিডেন্ট হলেন। ১৯৬১ থেকে ১৯৮০ পর্যন্ত সিভিলিয়ান সরকার ছিল। ১৯৮০ সালে আবারো সামরিক অভ্যুত্থান হলো। ১৯৮৩ থেকে সিভিলিয়ান সরকার চলছে। জাস্টিস পার্টির ছত্রছায়ায় ইসলামিস্টরা দুবার ক্ষমতায় এসেছে। ফলত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা কমেছে এবং নির্যাতন বন্ধ হয়নি। সংখ্যালঘু বলতে গ্রিক ও আরমেনিয়ান খ্রিষ্টান, ইহুদি, কুর্দি ও আলেভিট মুসলমান সবই বোঝায়। রাঙ্ক ডিঙ্ক নামে একজন আরমেনীয় পণ্ডিত লিখেছেন যে : অ ফরংঃৎঁংঃ ড়ভ সরহড়ৎরঃরবং রং ফৎরষষবফ রহঃড় ঞঁৎশং ভৎড়স পযরষফযড়ড়ফ’ [ঘণ ঞরসবং, ঘড়া.২১, ২০০৪] তবে যেহেতু তুরস্ক এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চাচ্ছে, তাই প্রধানমন্ত্রী এরডোগান খ্রিষ্টান ও ইহুদি তুর্কিদের প্রতি অধিকতর সহনশীল নীতি গ্রহণের পক্ষপাতি। গত ১৭ ডিসেম্বর পার্লামেন্টে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, চার্চ, সিনাগগ প্রভৃতি নিজস্ব সম্পত্তির আয়-ব্যয়ের ওপর স্বায়ত্তশাসনের অধিকারসূচক একটি বিল পাশ হয়েছে। তুরস্কের রাজনৈতিক বিবর্তনের সঙ্গে সঙ্গে ইউরোপ ভূখণ্ডের সঙ্গে তুরস্কের দীর্ঘকালীন সংযোগ ও সংঘাত এবং সংস্কৃতিক আকর্ষণ-বিকর্ষণের একটা ধারণা দেয়া এই নাতিদীর্ঘ বর্ণনার একটি উদ্দেশ্য। স্নো উপন্যাসে এই সমস্ত পর্যায়েরই পরোক্ষ উল্লেখ আছে।
এই উপন্যাসে কাহিনীটি প্রধান নয়, অভিজ্ঞতাটিই প্রধান। তবু পাঠক কাহিনীটি জানতে চান। কারণ ওই কাঠামোটি অবলম্বন করেই অভিজ্ঞতাটি গড়ে উঠেছে। কাহিনীটি সংক্ষেপে এই রকম : ‘খাঁ জার্মানিতে স্বেচ্ছায় নির্বাসিত একজন মধ্যবয়স্ক তুর্কি কবি, যে আশির দশকে তুরস্কের রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক নৈরাজ্য, সমাজতান্ত্রিক বিপ্লবীদের ব্যর্থস্বপ্ন, সামরিক অভ্যুত্থানে ও দমন-পীড়ন ও রাজনৈতিক হত্যার ফলে যে-দুঃসহ পরিমণ্ডল সৃষ্ট হয়েছিল তার নিরাপত্তাহীনতার কারণে দেশ ছেড়ে জার্মানিতে চলে আসে এবং বারো বছর ধরে ফ্রাঙ্কফুর্টে আছে। তবে সে-ই একমাত্র স্বেচ্ছা-নির্বাসিত নয়, এরকম আরো শত শত রাজনৈতিক কর্মী ও বুদ্ধিজীবীও আছে। এই নির্বাসনের সবচেয়ে বড় দাম যেটি খাঁ-কে দিতে হয়েছে সেটি হলো কবি হিসেবে তাঁর বন্ধ্যাত্ব; তাঁর সৃষ্টির উৎসমুখ গেছে বন্ধ হয়ে। বারো বছর পরে খাঁ ইস্তাম্বুলে ফিরেছে তাঁর মায়ের মৃত্যু-পরবর্তী অনুষ্ঠানে যোগ দিতে এবং বাসে করে ইস্তাম্বুল থেকে কারসে যাচ্ছে। তুরস্কের পূর্বপ্রান্তশায়ী কারস, মফস্বলীয় একটি ছোট্ট শহর, একদা রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখন হৃত গৌরবের কিছুই আর অবশিষ্ট নেই। দু-একটি ছাতলা পড়া রাশান সৌধ, ওটোমান সাম্রাজ্যের কিছু ভগ্নাবশেষ, আরমেনীয় গণহত্যার স্মারক-পরিত্যক্ত একটি আরমেনীয় চার্চ ও ভগ্নপ্রায় সিনাগগ পথিপার্শ্বে পড়ে আছে যত্নহীন। চারদিকে দারিদ্র্য, বিষাদ ও নির্জনতা। অবশ্য তুষারপাত এমনটি মনে হওয়ার একটা কারণ। সারা রাস্তায়ই প্রচণ্ড তুষারঝড়ের মধ্য দিয়ে বাস এসেছে। যাত্রা সত্যি বলতে কী, বেশ বিপজ্জনকই ছিল। ‘কিন্তু তবু খাঁ এক ধরনের আত্মিক প্রশান্তিই অনুভব করেছে। যেমনটি সে গত বারো বছরের প্রবাসজীবনে কখনো করেনি।’ [পৃ ৬]
খাঁ সাংবাদিক পরিচয়ে কারসে এসেছে, ইস্তাম্বুলে রিপাবলিকান পত্রিকায় কর্মরত তাঁর এক ছাত্র জীবনের বন্ধু এই ব্যবস্থাটা করে দিয়েছে। তাদেরও স্বার্থ আছে : কারসেতে স্কুলের ছাত্রীদের মাথায় স্কার্ফ পরিধান নিষিদ্ধ করায় ক্ষুব্ধ মেয়েদের মধ্যে অকস্মাৎ আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। কারসের মেয়র কিছুদিন আগে এক অজ্ঞাত আততায়ীর হাতে মারা গেছেন। বাজারে জোর গুজব যে, ওই হত্যা এবং মেয়েদের আত্মহত্যার পেছনে ইসলামি মৌলবাদীদের হাত আছে। খাঁ-কে এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন পাঠাতে হবে। কিন্তু সাংবাদিক অনুসন্ধানই খাঁ-র কারসে আসার একমাত্র প্রেরণা নয়, বস্তুত খাঁ এসেছে তার ছাত্রজীবনের বান্ধবী পরমা সুন্দরী ঈপেকেরও সন্ধানে। ঈপেককে যথাসময়ে তাঁর অনুরাগের কথা জানানো হয়নি এবং সেটা আদর্শবাদী খাঁ-র তখন মনে হয়েছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা হবে। ফলত ঈপেকের বিয়ে হয়েছে তাঁরই বন্ধু মুখতারের সঙ্গে। খাঁ অবশ্য ঈপেককে কখনোই ভুলতে পারেনি; মনে তাঁর নিত্য আসা-যাওয়া। ঈপেকের বিয়েটি সফল হয়নি। এককালের কবিযশঃপ্রার্থী মুখতার এখন মেয়র পদপ্রার্থী এবং সে ইসলামি রাজনৈতিক দলে নাম লিখিয়েছে। বিয়েটা ভেঙে গেছে। ঈপেক ফিরে এসেছে তার বাবার কাছে, ‘তুষার প্রসাদ হোটেলে’। হোটেলটি তার বাবারই। তার অভিনেত্রী ছোটবোন খদিফও থাকে বিপত্মীক বাবার সঙ্গে, কারণ তার এখনো বিয়ে হয়নি। খাঁ এসে উঠেছে এই হোটেলেই। তার মরিয়া প্রত্যাশা যে, এবার ঈপেকের হৃদয় সে জয় করে নিতে পারবেই এবং পাবে সুখের ঠিকানা।
প্রবল তুষারঝড়ে শুধু যে কারসের রাস্তাঘাট চাপা পড়ে গেছে তাই নয়, কারস বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের অন্য অংশ থেকেও। গোটা শহরটিই খাঁ-র কাছে অপরিচিত হয়ে পড়েছে। পুরনো রিপাবলিকান হোটেল যেখানে সে থাকবে বলে ভেবেছিল, সেটা আর নেই। পুরনো রেলস্টেশনটিরও চেহারা বদলেছে। ফলে খাঁ প্রথম দিন সেটা খুঁজে পায়নি। তুষারপাত পুরনো সব চিহ্ন যেন মুছে নিয়ে গেছে। পাহাড়ের গায়ে পাঁচশ বছরের পুরনো সেলজুক দুর্গটিও আর দেখা যায় না। হতশ্রী, দরিদ্র-অবক্ষয়িত শহরটি দেখে এখন আর বোঝা যায় না যে রুশ ও অটোমান এই দুই সাম্রাজ্যের সংযোগকারী প্রান্তবর্তী শহরটি একসময় আরমেনিয়ান, জর্জিয়ান, গ্রিক, কুর্দি, পারসি প্রভৃতি জনগোষ্ঠীর বিচিত্র জীবনচর্যায়, ব্যবসা-বাণিজ্যে, কাঞ্চনে-বৈভবে উৎসবে-কোলাহলে গমগম করত। তার পথ দিয়ে বয়ে গেছে কাল, পড়ে আছে পরিব্যাপ্ত বিষণ্নতা। [পৃ ১৯-২০ )।
তুষারবন্দি শহরটিতে খাঁ অন্যমনস্ক নিরন্তর ঘুরে বেড়াচ্ছে রাত্রিদিন। তা শুধুমাত্র পরিচিত ও অপরিচিত, ক্ষমতায় অধিষ্ঠিত ও ক্ষমতালিপ্সু ব্যক্তিদের সন্ধানেই নয়, আত্মহননকারী কিশোরীদের হতাশানির্জিত ভগ্নহৃদয় অভিভবাকদের সন্ধানেও নয়, খাঁ খুঁজে বেড়াচ্ছে তার শৈশবের ও কৈশোরের নিষ্পাপ, আনন্দময় শহরটিও। খুঁজে বেড়াচ্ছে কেন এমনটি হলো? কোথায় ভুল হয়েছিল? ভুলের হাত থেকে কি অব্যাহতি নেই? স্বপ্ন ও স্বপ্নভঙ্গ কি হাত ধরাধরি করে থাকে?
তার বদলে খাঁ যা আবিষ্কার করে তা হলো এই যে, একটির পর একটি আশাভঙ্গ তার জন্য যেন অপেক্ষা করে আছে। মৃত-ব্যক্তিদের সম্পর্কে কিছুতেই যেন পূর্ণ সত্যটি জানা যাবে না। আত্মহননকারী মেয়েদের সম্পর্কে কেউই কিছু বলতে চায় না। না তাদের বাবা-মা, না তাদের বন্ধু-বান্ধবরা, না সরকার। কেন তারা আত্মহত্যা করল? – এ সম্পর্কে কেউই খুব স্পষ্ট নয়। একদল ভাবছেন আত্মসম্মান ও ব্যক্তি-স্বাধীনতা বজায় রাখার জন্যই তারা আত্মহত্যা করেছে। অন্যদল ভাবছেন, আত্মহত্যাকে ইসলামের জন্য গৌরবময় আত্মদান বলে চিত্রিত করে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত মৌলবাদীরা এদের প্ররোচিত করে আত্মহননের পথে ঠেলে দিয়েছে। অন্যদিকে বসনিয়া ও চেচনিয়া-ফেরত মৌলবাদী সন্ত্রাসী নেতা নীল বলছে, ‘এই মেয়েরা মুসলমানই নয়, অন্তত আত্মহত্যার মুহূর্তে নয়।’ তারা আত্মগৌরব স্ফীত, বিপথে পরিচালিত কিশোরীমাত্র।
সরকার শিক্ষাবিদ, মনস্তাত্ত্বিক, বিচার বিভাগীয় লোক ও পুলিশ নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করেছিল। তাদের মত হলো, পরিব্যাপ্ত হতাশা ও বিভক্ত চৈতন্যই ওই আত্মহত্যার জন্য দায়ী। কোনো কোনো অভিভাবক দায়ী করেছেন বয়ঃসন্ধিক্ষণের অভিমান ও আবেগজনিত স্পর্শকাতরতাকে।
খাঁ কারসের শহরতলির দরিদ্র অঞ্চলে যেসব বাসায় গেছে, অভিভাবকদের ইন্টারভিউ করতে, অধিকাংশই ভয়ে ভয়ে দরোজা খুলেছে। তারা মনে করেছে পুলিশের লোক বুঝি এসেছে বাড়ি সার্চ করতে অথবা মুখখোলা থেকে তাদেরকে বিরত থাকার জন্য ধমকাধমকি করতে। যখন তাদের আশ্বস্ত করা হয়েছে যে, খাঁ এবং তার গাইড সাংবাদিক সরবার বা পুলিশের লোক নন, তখন তারা আর কিছু বলতে চায়নি। অধিকাংশই অবশ্য বলেছে যে, মেয়ের ব্যবহারে তারা কোনো অস্বাভাবিকতা লক্ষ করেননি। চিন্তিত বা আতঙ্কিত হওয়ার মতো কোনো সঙ্কেত সে দেয়নি।
একটি ষোলো বছরের মেয়ের অভিভাবকরা বলেছেন যে, তাঁদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। মধ্যবয়স্ক বরের একটি চায়ের দোকান আছে। অন্যান্য দিনের মতোই মেয়েটি তার বাবা-মা, দাদি, তিনটি ছোট ভাইবোনের সঙ্গে খুনসুটি করে, রাতের খাবার খেয়েছিল। টেবিলের এঁটো বাসন-পেয়ালা পরিষ্কার করে মেয়েটি উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে গিয়েছিল। কিন্তু রান্নাঘরে না গিয়ে বাড়ির পেছনের জানালা দিয়ে বাবা-মায়ের শোবার ঘরে ঢোকে এবং বাবার শিকারের বন্দুক দিয়ে আত্মহত্যা করে।
আরেকটি মেয়ে, সেও ষোলো বছর বয়স। সন্ধ্যায় টেলিভিশনে কোনো চ্যানেল দেখা হবে এবং রিমোট কন্ট্রোলটি কার হাতে থাকবে এই নিয়ে, ছোট ভাইবোনের সঙ্গে প্রাত্যহিক ঝগড়া ও হাতাহাতি করেছিল। বাবা এসে শান্তিস্থাপনের জন্য মেয়েকে দুটি চড় মারেন। মেয়েটি সোজা তার ঘরে গিয়েই ‘মরটালিন’ বলে কীটনাশক বোতলের সবটাই গলায় ঢেলে দেয়।
তৃতীয় মেয়েটির বয়স পনেরো, বিবাহিত এবং আপাতভাবে অভিযোগহীন। দুমাস আগে একটি বাচ্চাও হয়েছে। কিন্তু সম্প্রতি বেকার স্বামীর মেজাজ ও নিষ্ঠুর নির্যাতনে আতঙ্কিত হয়ে দিন কাটাতে থাকে। একদিন ঝগড়ার মধ্যেই রান্নাঘরে গিয়ে দরোজা বন্ধ করে দেয় এবং সিলিংয়ের আঙটার সঙ্গে দড়ি ঝুলিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। স্বামী যখন দরোজা ভেঙে ফেলতে সমর্থ হয় ততক্ষণে মেয়েটি মারা গেছে।
আত্মহত্যার আকর্ষণ সংক্রামক ব্যাধির মতো ছড়াতে পারে। কারস থেকে একশ কিলোমিটার দূরের শহর ব্যাটমান থেকে একটি মেয়ে যেমন কারস শহরে এসেছে, আত্মহত্যা করার জন্যই। মেয়েটির অভিভাবকরা খাঁ-কে তাদের বাসায়ই ঢুকতে দেয়নি। মেয়েটির মামা তাদের সঙ্গে বাড়ির বাইরে কোথাও বসে আলাপ করতে রাজি হয়েছিলেন। মেয়েটির দুবছর আগে বিয়ে হয়েছিল কিন্তু ছেলেপুলে হয়নি। অহোরাত্র হাড়ভাঙা খাটুনি, তার ওপর সন্তানহীনতার জন্য শাশুড়ির নিরন্তর গঞ্জনা। কিন্তু তাও সয়ে যেত হয়তো, অন্য পাঁচটি মেয়ের ক্ষেত্রে যেমনটি হয়ে থাকে। কিন্তু মেয়েটি তার বান্ধবীদের কাছ থেকে অন্য অন্যান্য অসুখী মেয়ের আত্মহত্যার কথা শুনে থাকবে। মেয়েটি আত্মহত্যার যে-সময় বেছে নিয়েছিল তা বেশ বিস্ময়কর ও প্রশ্নোদ্দীপক। মেয়েটি বাবার বাড়িতে এলেই বেশ আনন্দ ও হৈহুল্লোড় করত। যে-সকালে সে আত্মহত্যা করে, সেদিনই তার ব্যাটমানে বাপের বাড়িতেফেরার কথা ছিল। অথচ সেদিনই সে চিরবিদায় নিয়ে চলে গেল। তার বিছানার ওপরে একটি চিরকুট পাওয়া গেল, তাতে লিখেছে যে, সে দুই শিশি ঘুমের ট্যাবলেট খেয়েছে।
অন্যকে দেখে প্ররোচিত হওয়ার উদাহরণ পরের মেয়েটিরও, যে এর ঠিক একমাস পরেই আত্মহত্যা করেছিল। এটি উপরোক্ত মেয়েটির চাচাত বোন এবং এরও বয়স ষোলো বছর। মেয়েটির শিক্ষক তার কুমারিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। গুজবের আকারে এই অপবাদ ছড়িয়ে পড়তে দেরি হলো না। মেয়েটির বাগদত্ত ফিয়াঁসে অতিদ্রুত এনগেজমেন্ট প্রত্যাহার করে নিল। মেয়েটি সুন্দরী বলে, বাগদত্তা জানা সত্ত্বেও তার অনুরাগী একাধিক যুবক মেয়েটির হৃদয় জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারাও এবার মেয়েটির বাড়িতে আসা-যাওয়া বন্ধ করে দিল। মেয়েটির নানি অপমানিত ও মিথ্যা-অপবাদে লাঞ্ছিত মেয়েটির কাঁটাঘায়ে যেন নুনের ছিটা দিলেন, যখন বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন : ‘তোর কপালে তো স্বামী লেখা আছে বলে মনে হয় না।’ একদিন সন্ধ্যায় যখন গোটা পরিবার বসে টেলিভিশনের নাটক দেখছিল তখন একটি বিয়ের সিকোয়েন্স দেখে তার বাবা আবেগাক্রান্ত হয়ে কাঁদতে শুরু করলেন, কিঞ্চিত মদ্যপানও হয়তো তাঁর দ্রবীভূত হওয়ার অন্য কারণ। মেয়েটি চুপচাপ উঠে গেল। নিজের ঘরে এসে নানির ঘুমের ওষুধের শিশির সবকটি পিল খেয়ে ঘুমিয়ে পড়ল। পোস্টমর্টেমে প্রমাণিত হলো মেয়েটি কুমারীই ছিল। মেয়েটির বাবা ওই মিথ্যা অপবাদ-দানকারী শিক্ষককে তো মেয়ের মৃত্যুর জন্য দায়ী করলেনই, এমনকী ভ্রাতুষ্পুত্রীকেও দায়ী করলেন এই বলে যে, ওই মেয়েটির আত্মহত্যার উদাহরণই তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।
হিজাব-বিতর্কের কারণে যে-মেয়েটি আত্মহত্যা করেছিল, সে কিন্তু মোটামুটি সচ্ছল পরিবারের মেয়ে। মেয়েটির বাবার একটি দোকান আছে। মেয়েটি তার বাবা-মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত এবং খোলামেলা আলোচনাও করেছিল। তার মা নিজে হিজাব পরিধান করেন। তবু তার বাবা-মা মেয়ের শিক্ষার প্রয়োজনের কথা চিন্তা করে মেয়েকে স্কার্ফ পরিত্যাগই করতে বলেছিলেন। কিন্তু আসল চাপটা এসেছিল তার সহপাঠীদের কাছ থেকে। তারাই বস্তুত হিজাব-পরিহিত মেয়েদের বহিষ্কারাদেশের বিরুদ্ধে আন্দোলন করছিল। তারাই তাকে বুঝিয়েছিল যে, হিজাব হচ্ছে রাজনৈতিক প্রতিবাদের প্রতীক, ইসলামি পরিচয়ের প্রতীক। সুতরাং বাবা-মায়ের স্পষ্ট সমর্থন সত্ত্বেও সে স্কার্ফ পরিত্যাগ করতে রাজি হলো না, বরং পুলিশ কর্তৃক উপর্যুপরি বহিষ্কৃত ও লাঞ্ছিত হওয়ার সুনিশ্চিত সম্ভাবনার মুখোমুখি হলো। কিন্তু যখন দেখল তার বন্ধুদের প্রায় সবাই হয় হিজাব পড়ছে না অথবা তার বদলে পরচুলা ব্যবহার করছে। তখন ওই অভিজ্ঞতা তাকে তিক্ত ও হতাশ করে তুলল। তাকে প্রায়ই বলতে শোনা গেল, ‘এর কোনো মানে হয় না’। ওই অর্থহীনতার মুখোমুখি হয়ে তার বাঁচার ইচ্ছাটাই গেল নষ্ট হয়ে। কিন্তু যখন সরকারের ধর্ম-মন্ত্রণালয় সারাদেশ পোস্টারে ছেয়ে দিল যে, ‘আত্মহত্যা মহাপাপ’ এবং তার ইসলামতন্ত্রী বন্ধুরাও সেটার প্রতিধ্বনি করতে লাগল, তখন সে চুপ হয়ে গেল। তার মৃত্যুর দিন সন্ধ্যাবেলায় তসলিমা টেলিভিশনে মেক্সিকান সিরিয়াল ‘ম্যারিয়ান’ দেখল। একটি কথাও বলল না। তার বাবা-মায়ের জন্য চা তৈরি করে নিয়ে এলো। তারপর নিজের ঘরে চলে গেল। ওজু করল, জায়নামাজে বসে থাকল অনেকক্ষণ চুপ করে, তারপর নামাজ শেষ করে তার স্কার্ফটা মাথা থেকে খুলে আলোর হুকের সঙ্গে বেঁধে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। [পৃ ১৭]।
নীল কিন্তু চায় না যে, খাঁ এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন রচনা করুক। সেক্যুলার মিলিটারি সরকারও চায় না, আত্মহত্যার ব্যাপারটি ফলাও করে লেখা হোক। তাছাড়া খাঁ-র এই বিষয়টি নিয়ে লেখার অধিকার আছে কিনা, সে-প্রশ্নও উঠেছে। নীল মনে করে, খাঁ পাশ্চাত্য ভাবাদর্শ প্ররোচিত, পাশ্চাত্য অর্থানুকূল্যে পরিপোষিত, নিরীশ্বর এক বুদ্ধিজীবী, যার ইসলাম ধর্ম ও মুসলিম সমাজ সম্পর্কে লেখার কোনো অধিকারই নেই। কারণ একমাত্র মুসলিম সমাজকে অবমাননা করেই তার পক্ষে পাশ্চাত্যের পত্রিকায় কিছু লেখা সম্ভব। ধর্মনিষ্ঠদের অভিযোগ যে খাঁ ছদ্মবেশী নাস্তিক, অতএব মিলিটারি সরকারের ইসলাম-ধ্বংসের প্রকল্পে সহযোগী। মিলিটারি সরকারের বিশ্বাস যে, খাঁ ছদ্মবেশী মৌলবাদী, স্থানীয় শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক ড. নূরী ইলমাজের হত্যার প্ররোচক এবং মুখতারের ইসলামি প্রসপারিটি পার্টির সহযাত্রী। ফলত খাঁ-র পেছনে সবসময়েই ছায়ার মতো তার পদাঙ্ক অনুসরণ করেছে গোয়েন্দা পুলিশ। সরকার এক পর্যায়ে দুজনকে একই সঙ্গে মুখতারের পার্টি অফিস থেকে গ্রেপ্তারও করে। যদিও পরে খাঁ-কে ছেড়ে দেয়। কিন্তু মুখতারের ওপর শারীরিক নির্যাতন চালায়।
নিউ লাইফ প্যাস্ট্রিশপে নূরী ইলমাজের নৃশংস হত্যাকাণ্ডটি অবশ্য খাঁ-র উপস্থিতিতে প্রথম দিনই ঘটেছিল। দুইদিন বাসযাত্রা করে টোকাট শহর থেকে তার হত্যাকারী এসেছিল। সেখানকার ইসলামিক কমিটি নূরী ইলমাজের মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযোগ যে, তাঁর প্রতিষ্ঠানে তিনি মেয়েদের মাথার স্কার্ফ (হিজাব) নিষিদ্ধকরণ সংক্রান্ত সরকারি আদেশ প্রয়োগে অত্যন্ত কড়াকড়ি এবং লঙ্ঘনকারীকে বহিষ্কারাদেশ দিয়েছেন, যা নির্যাতনের অন্য নাম। অতএব মৃত্যুদণ্ড। এবং ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দণ্ডাদেশ কার্যকরী করার জন্য টোকাট থেকে পাঠানো হয়েছে। সঙ্গে নূরী ইলমাজের স্বীকারোক্তিমূলক একটি লিখিত মুসাবিদার কাগজও পাঠানো হয়েছে। হত্যাকারী ঐ স্বীকারোক্তিটি তাকে জোরে জোরে পড়তে বলে। তাতে আছে : ‘আমি প্রফেসর ইলমাজ একজন নাস্তিক। আমি তুর্কি প্রজাতন্ত্রের মুসলমানদের সম্মান, সম্ভ্রম ও ধর্মবিশ্বাস হরণ করার গোপন চক্রান্তে লিপ্ত ছিলাম’ ইত্যাদি, ইত্যাদি…। পড়া হলে, লোকটি দুবার গুলি করে।
নীলের অবশ্য এ সম্পর্কে নিজস্ব বক্তব্য আছে। সেটি হলো এই যে, ওই হত্যাও সরকারের সুচতুর পরিকল্পনামাফিকই ঘটানো হয়েছে। প্রথমে আজ্ঞাবহ নির্বোধ ইলমাজকে দিয়ে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতন অসহনীয় হলে, যখন উপায়ন্তরহীন মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়, তখন বিক্ষুব্ধ মুসলিম জনগোষ্ঠী থেকে মানসিক ভারসাম্যহীন একজন ক্ষুব্ধ লোককে ওরাই নির্বাচন করে এবং তাকে ইলমাজ-হত্যায় প্ররোচিত ও সহায়তা করে। ওই হত্যার দায় এইভাবে চাপানো হয়েছে মুসলমান সম্প্রদায়ের ওপরেই। [পৃ ৭৬ )
নীলের এই বক্তব্য যতটা সারল্যের (হধরাবঃর্ব) পরিচায়ক, তারচেয়ে ভাবাদর্শজনিত আচ্ছন্ন চিন্তারই পরিচায়ক বেশি। নীল কিন্তু বিশ্ববিদ্যালয়-শিক্ষিত ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ও বহুদর্শী লোক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সে দ্রোহী নিরীশ্বর হিসেবে বামপন্থিদের সহযাত্রীই ছিল এবং বন্দরে আগত আমেরিকান যুদ্ধবিমান-পরিবাহী জাহাজের নাবিকদের উপরে ইস্তাম্বুলের রাস্তায় পাথর ছুড়েছে। ওই সময় ফ্রান্জ ফানন পাঠ তাকে ঔপনিবেশিক নির্যাতন ও অধস্তনের ভাবাদর্শগত দাস্যতা বুঝতে সাহায্য করেছে। এর ফল হলো এই যে, ১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর যখন জার্মানিতে তাকে আশ্রয় নিতে হয় তখন তুর্কিরা ইউরোপীয়দের সম্পর্কে কী ভাবছে, তার চেয়ে ইউরোপীয়রা তুর্কিদের কি চোখে দেখছে, সেই চিন্তাটা প্রধান হয়ে উঠেছে তার কাছে এবং সে এক অস্বস্তিকর অনুভূতি। নীলের ভাষায়, ‘It made me feel terrible, but it became a habit. I became used to feeling degraded, and I came to understand hwo my brothers felt … Most of the time it is not the Europeans who belittle us. What happens when we look at them is that, we belittle ourselves.’ ওই অভিজ্ঞতা যতটা না নিরাপত্তার বোধ দিয়েছে, তার চেয়ে আত্ম-আবিষ্কারের ও ‘আত্মার গভীরে’ যাওয়ার প্ররোচনা দিয়েছে অনেক বেশি। যেহেতু নীলের মনে পাশ্চাত্যের প্রতি বিরাগ ও সাম্রাজ্যবাদের প্রতি ঘৃণা অনেক গভীরে চলে গিয়েছিল তাই তার ইসলামে প্রত্যাবর্তন সহজ হয়েছিল। বিদ্রোহের ও বিপ্লবের বিকল্প আদর্শ দিয়েছিল ইরান এই সময়ে। সাইয়িদ কুতুব ও আলী শরীয়তির রচনা বাকিটা করল। নীল এবার ইসলামি জঙ্গিগোষ্ঠীতে নাম লিখিয়ে বসনিয়ায় ও পরে গ্রজনিতে চলে গেল চেচেনদের হয়ে রাশানদের সঙ্গে যুদ্ধ করতে। এরপর আহত হয়ে নীল দেশে ফিরে আসে এবং পূর্ববর্তী গ্রুপগুলোর সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। সে নিজস্ব দল গড়ে তোলে।
নীলের ধারণা যে, মিলিটারি সরকারের হাতে নিহত হলেও তার আত্মদান বৃথা যাবে না। খাঁ অবশ্য এতে রোমান্টিক আত্মপ্রেম ছাড়া আর কিছু দেখতে পায় না। সে নীলকে বলে, ‘এইসব রক্তপিপাসু, উন্মাদ, ফ্যাসিস্টদের হাতে নিহত হওয়ার চেয়ে বোকামি আর কিছুতে হতে পারে না। এর ফলে নীল, বিপ্লবের মৃত্যুঞ্জয়ী বীরের প্রতীক হিসেবে চির-নন্দিত ও পূজিত হবেন, এমন ভরসা করবেন না। তেমনটি আদৌ হবে না। আপনাদের এইসব ধর্মানুগতরা হলো শিষ্ট, নিরীহ ভেড়ার পাল। তাদের ধর্মবিশ্বাস প্রবল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা রাষ্ট্রের প্রতিই আনুগত্য জানাবে। ওইসব বিদ্রোহী শেখরা যে বিদ্রোহ ঘোষণা করেছেন তার কারণ, তাদের ভয় ধর্ম তাদের হাত গলিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ওইসব ইরান-প্রশিক্ষিত জঙ্গি মুজাহিদিনরা, এমনকী সাইয়িদ নূরসীর মতো একদা জনপ্রিয় যোদ্ধারাও, তাদের কবরই আঁকড়ে থাকতে পারবেন কি-না সন্দেহ। হেজবুল্লাহদের কবরস্থানগুলো আজ কোথায়?’ [ পৃ ৩২৩]
মার্কসীয় বামপন্থা থেকে ধর্মতন্ত্রে প্রত্যাবর্তনের নীলই একমাত্র উদাহরণ নয়। জার্মানি-প্রবাসী বামপন্থি বন্ধুদের মধ্যে মাহমুদের কথা বলে খাঁ। খায়রুল্লাহ এফেন্দীর মৌলবাদী দলে সে যোগই দেয়নি শুধু, যতটা আগ্রহ ও উত্তেজনার সঙ্গে সে একসময় মার্কসীয় বিতর্কে অংশগ্রহণ করত, ততটাই আবেগ ও উত্তেজনার সঙ্গে সে এখন এফেন্দীর দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রবলভাবে লিপ্ত আছে। তফাৎ এই যে, তার মনোযোগের কেন্দ্রবিন্দু এখন তাত্ত্বিক বিতর্ক নয়, কোন মসজিদ কে নিয়ন্ত্রণ করবে এই প্রশ্ন। অন্যদের মধ্যে [নাজিম] হিকমত মারা গেছেন রহস্যময় পরিস্থিতিতে। তুফানকে দেখা গেছে স্টুটগার্ট সেন্ট্রাল রেলস্টেশনের লম্বা প্ল্যাটফর্ম ধুতে-মুছতে, মানসিকভাবে বোধহয় ভারসাম্যহীন ও বিপর্যস্ত। তারিক, যে ছিল একসময় পার্টির তাত্ত্বিক, সে এখন হামবুর্গের মাফিয়াদলের প্রধান হয়ে বিশাল বিত্তের মালিক। সাদিক, যে একসময় ইস্তাম্বুলে মুখতার, ঈপেক এবং খাঁ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে পার্টিপ্রেসে সদ্যছাপা হওয়া সংবাদপত্র ভাঁজ করত, সে এখন অবৈধ আদম-পাচারের ব্যবসার একটি চক্র গড়ে তুলেছে। মোকাররম বার্লিন মেট্রোর একটি অব্যবহার্য, পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড স্টেশনের ঘর দখল করে সুখেই সংসার করছে। ফাজেল এক নাৎসি অফিসারের বিধবাকে বিয়ে করে, দুজনে মিলে একটি হোটেল চালাচ্ছে। তবে সমস্ত প্রবাসী রাজনৈতিক বুদ্ধিজীবীদের মধ্যে ফরহাদই খাঁ-র কাছে সবচেয়ে সুখী বলে মনে হয়েছে। তুর্কি প্রতিক্রিয়াশীল সরকারের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী এই মধ্যবয়স্ক যুবক পি.কে.কে-তে যোগদান করেছে। তুরস্কের বাণিজ্যিক বিমান-অফিসে হামলা ও তুর্কি দূতাবাসে ককটেল নিক্ষেপের কারণে তাকে সিএনএনের পরদায়ও দেখা গেছে। অবশ্য তার গোপনতম বাসনা অন্যকিছু, কুর্দি কবি হিসেবে স্বীকৃতি পাওয়া। ফরহাদই বন্ধুদের মধ্যে একমাত্র, যে স্বপ্নভ্রষ্ট হয়নি।
তবে সব বামপন্থি বা লিবারাল রাজনৈতিক কর্মীই তো আর দেশ ছেড়ে চলে যায় নি বা যেতে পারেনি। অধিকাংশই কারারুদ্ধ ও নির্যাতিত হয়েছে। তাদের জীবন নষ্ট হয়ে গেছে। অনেকেই নিহত হয়েছে : ‘unexplained deaths ascribed to special teamsÕ [p 197] এতদসত্ত্বেও মুক্তির স্বপ্ন থেকে বিচ্যুত করা যায়নি, এমন লোকও থেকে গেছে বারো বছর পরেও। সুনে জাইম ও তার স্ত্রী, ডেমিরকোল, কর্নেল ওসমান নূরী এরকম সব সংশোধনাতীত স্বাপ্নিক।
খাঁ কারসে-তে যে-বাসে করে আসে, সে-বাসেই ইস্তাম্বুল থেকে আসেন প্রখ্যাত নট সুনে জাইম এবং তাঁর বিখ্যাত অভিনেত্রী স্ত্রী ফুন্ডা এশার। সত্তরের দশকের বিপ্লবী নাট্যান্দোলনের সবচেয়ে সাড়া জাগানো নট ও নটী এই দুজন Ñ সুনে জাইম এবং ফুন্ডা এশার। রোবস্পিয়র, নেপোলিয়ন, লেনিন, আনোয়ার পাশা Ñ এইসব ইতিহাস নিয়ন্ত্রণকারী আলোকসামান্য চরিত্রদের ভূমিকায় সুনে জাইমের অভিনয় একসময় দর্শকদের মুগ্ধই করেনি শুধু, উজ্জীবিতও করেছে। সত্তরের দশক ছিল বামপন্থি থিয়েটারের স্বর্ণদশক। কিন্তু ১৯৮০-তে সামরিক অভ্যুত্থানের পর বামপন্থি বিপ্লবগন্ধী নাটকগুলো নিষিদ্ধ হয়ে গেল। সুনে অবশ্য দমেননি তাতে। নাট্যান্দোলনও আন্ডারগ্রাউন্ড চলে গেল। সুনে জাইম খাঁ-কে সেইসব দুঃসহ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন : ‘সে কী ভয়ানক সময়ের মধ্য দিয়ে এসেছি আশির দশকে। আমাদের ছোট্ট দল নিয়ে দুর্গম, নাম না-জানা, মানচিত্রে অনুপস্থিত সব ছোট্ট শহরে গিয়ে হাজির হয়েছি। কোথায় থাকব জানি না, কোথায় নাটক মঞ্চস্থ করব জানি না। যে পুরোনো বন্ধুর ওপর ভরসা করে এসেছি, সে আর সেখানে থাকে না। নিরুপায় হতাশায় আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছে। কিন্তু না, হাল ছেড়ে দিলে হবে না Ñ উন্মাদের মতো অজানা দরজায় কড়া নেড়েছি। ডাক্তার, উকিল, মাস্টার এমন কেউ কি নেই, এমন কাউকে কি পাওয়া যাবে না যিনি আমাদের কথা শুনবেন? সাম্প্রতিক সংস্কৃতির ও মডার্ন আর্টের যে-সংবাদ আমরা বহন করে এনেছি তা শুনতে আগ্রহী হবেন? যখন ভগবান-পরিত্যক্ত কোনো ছোট্ট শহরে স্থানীয় পুলিশ জানিয়েছে আমাদের নাট্যানুষ্ঠানের জন্য তারা অনুমতি দিতে পারছে না অথবা আমাদের কাতর অনুনয়-বিনয় সত্ত্বেও মেয়র জানিয়েছেন তিনি অপারগ, তখন আমার ভয় হয়েছে যে, অন্ধকার বুঝি আমায় গ্রাস করে ফেলবে।’
‘কোথায় আমরা নাটক মঞ্চস্থ করব সেটা কোনো ব্যাপারই ছিল না আমাদের কাছে Ñ স্টেশনের প্ল্যাটফর্মে, প্রাইমারি স্কুলের ক্লাসঘরে, চায়ের দোকানের চাতালে, শপিংমলের সিঁড়িতে, গোলাঘরের উঠোনে অথবা রাস্তার ফুটপাতে। নৈরাশ্যের কাছে কখনোই নতিস্বীকার করিনি।’ [ পৃ ১৮৯]
এতো করেও শেষরক্ষা হলো না। আরো ভাগ্যের পরিহাস অপেক্ষা করছিল সুনের জন্য। সামরিক সরকার এসেই কামাল আতাতুর্কের জন্মশতবার্ষিকী উদযাপন-উপলক্ষে আতাতুর্কের ওপর একটি টেলিফিল্ম নির্মাণের উদ্যোগ নেয়। জনপ্রিয় সংবাদপত্রের জনমত জরিপ-অনুযায়ী আতাতুর্ক-চরিত্রের জন্য সুনেই সবচেয়ে উপযোগী অভিনেতা বলে বিবেচিত হলেন। আবেগাপ্লুত সুনে একটি ইসলামি সংবাদপত্রের কাছে সাক্ষাৎকারে বলে বসেন : ‘হয়তো-বা একদিন, জনগণ যদি চায়, আমি আমাদের নবী হযরত মুহম্মদের ভূমিকাতেও অবতীর্ণ হতে পারি।’ সুনের ওই ধৃষ্ট মন্তব্যে ক্রুদ্ধ ইসলামি সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়ে। একটি পত্রিকা সুনের মদ্যপানরত ছবি ছাপিয়ে ক্যাপশন দেয় : ‘আতাতুর্কের মতো মদ্যপানরত এই ব্যক্তিটিই কি হজরত মুহম্মদের ভূমিকায় অবতীর্ণ হবে’? ফলত যে-উত্তেজনার সঞ্চার হয় ও বিক্ষোভের মহড়া চলতে থাকে তাতে সামরিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আতাতুর্ক-প্রকল্পটি প্রত্যাহার করে নেন। টেলিভিশন চ্যানেলগুলো তাঁকে পরিহার করতে শুরু করে। যারা এতকাল তাকে সমর্থন করেছিল, তারাও তাকে দোষারোপ করতে শুরু করে। মাদ্রাসার একটি ছাত্র খোলা ছুরি হাতে থিয়েটারে ঢুকে পড়ে, তাকে খুঁজতে থাকে। ফলত সুনে এবং ফুন্ডা আত্মগোপন করতে বাধ্য হন।
বৎসরাধিককাল অজ্ঞাতবাসের পর দূরবর্তী শহরগুলোতে আবার একটু একটু করে বিনোদনমূলক প্রোগ্রাম নিয়ে সামনে আসতে থাকেন। পরবর্তী দশবছর সারা আনাতোলিয়া ঘুরেঘুরে অনুষ্ঠান করতে গিয়ে দেশের যুবকদের বেকারত্ব, দারিদ্র্য ও হতাশা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। সরকার অবশ্য তাদের চোখের আড়াল করেনি! সুনের ভাষায়, ‘They thrwe us into jail, beating and torturing us… They accused us of being communists, perverts, spies. [p 195]’ কিন্তু জনগণ তার নাটক ভালোবাসে। এত হতাশার মধ্যেও তারা তার নাটকে আনন্দ ও মুক্তির অভিজ্ঞতা লাভ করে।
কারসে তার এবারের নাট্যানুষ্ঠানে সুনে তাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চান। কিছুদিন ধরে তিনি ভাবছিলেন ত্রিশের দশকের জনপ্রিয় নাটক মাই ফাদার ল্যান্ড, মাই হেডস্কার্ফটাই আবার করবেন, কারণ ওই হিজাবের প্রশ্নটিই এখন কারসের সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। হেডস্কার্ফ এখন আর স্কার্ফমাত্র নয়, তা একটি রাজনৈতিক প্রতীকে রূপান্তরিত হয়েছে।
নাটকটি সরল, একরৈখিক। মাথায় স্কার্ফবাঁধা মহিলার মঞ্চে প্রবেশ। তার হাঁটা দেখেই দর্শকরা বুঝতে পারে তিনি কিছু একটা ভাবছেন। তারপরই অকস্মাৎ যেন অনুপ্রাণিত হয়ে স্কার্ফটা খুলে ফেলেন এবং বেশ নির্ভার বোধ করতে থাকেন। মহিলাটির পরিবার, আত্মীয়বর্গ ও ফিয়াঁসে সকলেই উৎকণ্ঠিত হয়ে পড়ে এবং তাকে আবার স্কার্ফটি মাথায় বাঁধতে চাপ দিতে থাকে। মহিলা ক্রুদ্ধ হয়ে এখন স্কার্ফটি পুড়িয়ে ফেলে। মৌলবাদীরা এবার মহিলাকে আক্রমণ করে এবং তার চুল ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেতে থাকে তাকে হত্যার উদ্দেশ্যে। ঠিক তখনই প্রজাতন্ত্রের সেনাদলসহ সুদর্শন যুবক নেতা আবির্ভূত হয় এবং মেয়েটিকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। নারীমুক্তির সমর্থক দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে নাটক শেষ হয়। এবার নাটকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হলো।
নাটকটি মঞ্চস্থ হওয়ার সময়ে কিন্তু অপ্রত্যাশিত সব ভয়ানক ঘটনা ঘটল। ফুন্ডা এশার, যিনি ওই মুক্তিকামী মহিলার ভূমিকাটি করছিলেন, তিনি যখন স্কার্ফটি টান মেরে খুলে ফেলে তামার বেসিনে ছুড়ে ফেলে দিলেন তখন দর্শকদের মধ্যে প্রত্যাশিত আনন্দ-উল্লাস শোনা গেল না, বদলে কয়েক সেকেন্ড নীরবতা ও তারপরই ব্যঙ্গ, বিদ্রƒপ, কটুকাটব্য, শিসধ্বনি ও চিৎকার অডিটোরিয়ামের পেছনের সারি থেকে আসতে লাগল। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী শ্রেণি, সুশীল সমাজের লোকজন এবং সর্বোপরি প্রশাসনের প্রতিনিধিরা, যারা সামনের সারিতে বসেছিলেন, তারা প্রথমে হকচকিত ও বিব্রত এবং পরে সন্ত্রস্ত বোধ করতে লাগলেন। পেছনের সারিগুলোতে ইসলামি ধর্মীয়-বিদ্যালয়ের ছাত্ররাই ভিড় করেছিল। গোলমাল ক্রমেই বাড়তে থাকল। ফুন্ডা যখন বেসিনে কেরোসিন ঢেলে স্কার্ফটিতে আগুন ধরিয়ে দিলেন তখন আর ছাত্রদের প্রশমিত করা গেল না, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। নাটকের [অভিনেতা] ‘ইসলামি মৌলবাদীরা’ যখন ফুন্ডাকে আক্রমণ করল তখন ছাত্রদের সমর্থনসূচক অশালীন মন্তব্য ও চিৎকার বাড়তে লাগল। কিছু ছাত্র ও দর্শক মঞ্চ আক্রমণ করার জন্য চেষ্টা করছিল। যারা প্রতিবাদ করছিল তারাও জানত যে, ওইসব ঘটনাই টেলিভিশনের পরর্দায় চলে যাচ্ছে। ফলে সামনের সারির প্রশাসন ও সুশীল সমাজের ভীতসন্ত্রস্ত ভাব তাদের আরো উৎসাহী, আরো উচ্চকণ্ঠ ও উচ্ছৃঙ্খল করে তুলতে সাহস জোগাল। এই সময়ে অকস্মাৎ অডিটোরিয়ামে শৃঙ্খলা ও নিরাপত্তারক্ষার জন্য আনীত সশস্ত্র বাহিনীর লোকরা মঞ্চে উঠেই উচ্ছৃঙ্খল ছাত্রদের দিকে তাক করে গুলিবর্ষণ শুরু করল। অনেকেই বুঝতে পারল না ফাঁকা আওয়াজ, না সত্যিকারের গুলিবর্ষণ। অনেকেই মনে করল এটাও নাটকেরই অংশ, কারণ ততক্ষণে নির্যাতিতা ফুন্ডা এশারের ত্রাতা রূপে সুনে জাইম সামরিক পোশাকে তার ‘রিপাবলিকান সেনাদল’ নিয়ে মঞ্চে প্রবেশ করেছেন এবং ‘মৌলবাদী’ নির্যাতনকারীরা পলায়ন করেছে এবং সুনে জাইম তার ভরাটকণ্ঠে বলছেন : ‘তুরস্কের সন্মানিত নাগরিকবৃন্দ! ভয় পাবেন না। আপনারা আলোর পথে যাত্রা শুরু করেছেন। প্রতিক্রিয়াশীলরা যারা ঘড়ির কাঁটা উলটোদিকে চালাতে চায়, যারা কুয়াশার জালে মনকে আবৃত ও অনচ্ছ করে তুলেছে, তাদেরকে আর বাড়তে দেওয়া হবে না। ওইসব অন্ধকারের পশুদের তাদের অন্ধকার গুহায় ফেরত পাঠাতে হবে। যারাই এই প্রজাতন্ত্রের ক্ষতি করতে চায়, স্বাধীনতা ও আলোর পথে বিঘ্ন সৃষ্টি করতে চায়, তাদের ধ্বংস করে দেওয়া হবে।’
এই সময় একটি চশমা-পরা বালক [অভিনেতা] দৌঁড়ুতে দৌঁড়ুতে মঞ্চে প্রবেশ করেই সুনের কানে কানে কী বলল। সুনে জনতাকে উদ্দেশ্য করে ঘোষণা করলেন : ‘এইমাত্র খবর পাওয়া গেল যে, ইনস্টিটিউট অব এডুকেশনের পরিচালক নিহত হয়েছেন। আজকের এই ঘৃণ্য ও নৃশংস হত্যাই হোক তুর্কি প্রজাতন্ত্রের বিরুদ্ধে এবং আমাদের সেক্যুলার ভবিষ্যতের বিরুদ্ধে শত্রুদের শেষ আঘাত।’
সেনাবাহিনীর আরো তিনচারজন মঞ্চে উঠে এলো এবং আরো কয়েক রাউন্ড গুলিবর্ষণ করল। কতজন মারা গেল তখনই বোঝা গেল না। তবে প্রথম থেকেই নেসিপ বলে ইসলামী বিদ্যালয়ের একটি ছাত্র প্রতিবাদ করছিল। সে মারা গেল, তার একটি চোখে ও কপালে গুলি লেগেছিল। ছেলেটিকে খাঁ চিনত, কারণ সে কবি হিসেবে খাঁ-কে শ্রদ্ধা করত এবং খাঁ-কে মৌলবাদী সন্ত্রাসী নেতা নীলের কাছে নিয়ে গিয়েছিল। যারা মারা গেল তারা সবাই মৌলবাদী নয়, ছাত্রও নয়। ট্রাবাজন থেকে আসা জনৈক বৃদ্ধব্যক্তি মারা গেলেন। তিনি সামরিক স্কুলে তাঁর শিক্ষানবিশ নাতিকে দেখতে এসেছিলেন। একটি শান্তশিষ্ট ধরনের ছাত্র মারা গেল, যার বুকে গুলি লেগেছিল। পরে জানা গেছে যে, প্রথম আত্মহত্যাকারী মেয়েটির খালাতো ভাই সে। আহতদের মধ্যে ছিল আঙ্কারা থেকে আগত একজন সেলস্ম্যান, যে খেলার জিনিসপত্র ও এনসাইক্লোপিডিয়া বিক্রি করতে এসেছিল। একটি অল্পবয়সী বাচ্চাছেলেও ছিল মৃতদের মধ্যে।
সবাই যে নাটকের বক্তব্যের প্রতিবাদ করছিল তাও নয়। নূরিয়ে খানম বলে জনৈক শিক্ষিকা ফুন্ডা এশারের অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনন্দন জানাতে দাঁড়িয়ে পড়েছিলেন। নেসিপের পাশেই ছিলেন। অল্পের জন্য গুলি তার গায়ে লাগেনি। সামনের সারিতে বসা একজন অবসরপ্রাপ্ত সিভিল সার্জেন্ট করতালি দিয়ে সুনে জাইম ও তার স্ত্রীকে অভিনন্দিত করছিলেন। তার দৃষ্টান্তে উজ্জীবিত হয়ে ধারেকাছের বেশ কয়েকজন করতালি দিয়ে অভিনন্দনে যোগ দিলেন। পেছন থেকেও বিক্ষিপ্তভাবে প্রশংসাসূচক উচ্ছ্বাস শোনা গিয়েছিল।
অডিটোরিয়ামে বিস্মিত ও আতঙ্কিত স্তব্ধতা ফিরে এসেছিল। সুনে জাইমের কণ্ঠে শেষ বাক্যগুলো স্তব্ধতায় প্রতিধ্বনিত হলো – ‘বন্ধুগণ! এটি নাটক নয়, এ হলো একটি বিপ্লবের সূচনা। আমাদের পিতৃভূমি রক্ষার জন্য আমরা যা দরকার তার সবই করব। আপনারা আমাদের মহান সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন!’
ঠিক তখুনি একজন মধ্যবয়স্ক লোক পিস্তল-হাতে মঞ্চে উঠে এলো, সঙ্গে তার দুজন দেহরক্ষী। কিন্তু তার পোশাক সেনাবাহিনীর নয় এবং সে নাট্যদলেরও কেউ নয়। মঞ্চে উঠেই সে স্লোগান দিতে লাগল : ‘প্রজাতন্ত্র জিন্দাবাদ! সেনাবাহিনী জিন্দাবাদ! তুরস্কের বিপ্লবী জনতা জিন্দাবাদ! কামাল আতাতুর্ক জিন্দাবাদ। মৌলবাদ নিপাত যাক!’ তারপরই সে তার দুজন দেহরক্ষী নিয়ে প্রস্থানোদ্যত দর্শকদের ভিড়ে মিশে গেল। খাঁ-র সঙ্গে এই বিপ্লবী-ত্রয়ীর রাস্তায় সে-রাতেই দেখা হয়েছিল। খাঁ লোকটিকে চিনতে পারল সত্তরের দশকের কম্যুনিস্ট সাংবাদিক ডেমিরকোল বলে। কিছুকাল সে জার্মানিতেও ছিল। অন্য দুজন জাতীয়তাবাদী সংগ্রামে ও সংঘাতে ডেমিরকোলের সঙ্গে সহযোগী যোদ্ধা হিসেবে কাজ করেছে। ডেমিরকোলও খাঁ-কে চিনতে পেরেই যেতে যেতে চিৎকার করে বলে গেল : ‘কবি, বুঝতে পারছেন, ওরা আপনাকে হত্যা করার আগেই আপনার ওদেরকে হত্যা করতে হবে।’ দূর থেকে গোলাগুলির শব্দ আসছিল। একটি ট্যাংক খাঁ-র পাশ দিয়ে ধীরগতিতে গড়াতে গড়াতে চলে গেল, কোনো শব্দ না করে। ইসলামি বিদ্যালয়ের হোস্টেলের দিক থেকে গোলাগুলির শব্দ আসছিল। সেনাবাহিনীর নিরাপত্তা-শাখার একটি দল কুর্দি জাতীয়তাবাদীদের সংগঠন পিপল্স্ ফ্রিডম পার্টির অফিস তছনছ করল এবং তাদের-তালিকা অনুযায়ী পার্টির কর্মী ও কর্মকর্তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হলো। সারা শহরে সে-রাতেই বহু লোক মারা গেল। ডেপুটি গভর্নর উম্মন বে মধ্যরাতে টেলিভিশনের মাধ্যমে কারফিউ ঘোষণা করলেন। লেখকের ভাষায়, ‘Two tanks wandering the city like ponderong dark ghosts were enough to confirm that something very odd was happeningÕ [ p 171] Ges … most began to fear the worst. The very tired or half drunk, found themselves revisiting earlier times of civic turmoil; others feared a return to death, disappearance, and the rule of night. [ p 170] ।
একটি নাট্যানুষ্ঠান যে এরকম একটি ভয়ানক সংঘাতপূর্ণ সামরিক উত্থানের রূপ নিল তার কারণ গোটা জিনিসটিই পূর্ব-পরিকল্পিত এবং এর পরিকল্পক সুনে জাইম। সুনে জাইম ত্রিশ বছর ধরে বিপ্লবের স্বপ্ন দেখেছেন। সত্তরের দশকে বিপ্লবের দ্বারপ্রান্তেও উপনীত হয়েছিলেন। কিন্তু ইতিহাস প্রতারণা করল। তার ত্রিশ বছরের অভিন্ন-হৃদয় বন্ধু কর্নেল ওসমান নূরী কোলাককে এবার কারসে ক্যান্টনমেন্টে সিনিয়র কম্যান্ডিং অফিসার হিসেবে আবিষ্কার করলেন। ওসমান নূরীর সঙ্গে তার বন্ধুত্বের কারণ হলো ছাত্রজীবনে ওসমানেরও নাট্যজগতে ঘোরাফেরা ছিল। পিরানদেল্লো ও সার্ত্রের নাট্যনিরীক্ষা ও উদ্ভাবনায় তারও কল্পনা উজ্জীবিত হয়েছিল। কিন্তু জীবিকার তাড়না তাকে সংস্কৃতির জগৎ থেকে বহুদূরে নিক্ষেপ করেছিল। কিন্তু সুনে জাইমের প্রতি তার আকর্ষণ নষ্ট হয়নি। এদিকে তুষারপাতের ফলে কারসে আঙ্কারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ঘটনাচক্রে ক্যান্টনমেন্টের প্রধান কম্যান্ডিং অফিসারের অনুপস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য ওসমান নূরীর হাতে ক্যান্টনমেন্ট এসে পড়েছিল। সুনে জাইম ইসলামি মৌলবাদীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য ওসমান নূরীকে প্রদেশের ক্ষমতাগ্রহণ করতে প্ররোচিত করলেন। ওসমান নূরী মোটেও রাজি ছিলেন না, কিন্তু দীর্ঘ বাকবিতণ্ডার পরে ‘জনগণের মুক্তির’ মহান দায়িত্ববোধে রাজি হলেন। সুনে জাইম অবশ্য এই সামরিক তৎপরতাকে ‘জনগণের’ বিপ্লব বলেই ভাবলেন, অনেকটা সিরাজ সিকদারের মতো। সুনে জাইম যে নাটকের শেষ ডায়ালগে অতটা আত্মবিশ্বাস ও সংকল্পের সঙ্গে ঘোষণা করতে পেরেছিলেন যে, ‘বন্ধুরা! এটি নাটক নয়, এটি একটি বিপ্লবের সূচনা।’ তা ওই সযত্নলালিত ইচ্ছাপূরণেরই প্রকাশ। সুনে জাইম যেটি জানতেন না সেটি হলো, সরকারের গোয়েন্দা সংস্থা গওঞ, এ-সবই জানত। তাদের এতে সমর্থনই শুধু ছিল না, তাদের সহায়তাও ছিল। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের দক্ষ সহযোগিতা ছাড়া এমনটি হতো না। সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেতা নীল গওঞ-র হাতেই ধরা পড়েছিল। জনগণ এ বিপ্লবের ধারেকাছেও ছিল না। [পৃ ৩৩৬]
আমি এখানে এই রাত্রির নাট্যানুষ্ঠান ও পরবর্তী রাজনৈতিক ঘটনার বিবরণ চুম্বকাকারে তিন পৃষ্ঠায় যা দেওয়ার চেষ্টা করেছি তা উপন্যাসে চল্লিশ পৃষ্ঠা ধরে বিবৃত হয়েছে। ওই ঘটনারাজি আবর্তসঙ্কুল, কুটিল এবং প্রবলবেগে প্রবহমান। ওই ঘটনারাজিতে জড়িত ব্যক্তিদের জীবনও জটিল, অনচ্ছ ও অপ্রত্যাশিতের চমকে ভরা। পামুকের বর্ণনার ভাষাতেও তাই বহু কৌণিক বিচ্ছুরণ, অনুষঙ্গের বহুতলতা, অর্থারোপে বহুমাত্রা। এ পর্যন্ত আমি ঘটনার উপরিতলের একটি সংক্ষিপ্ত পরিচয় মাত্র দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এর অন্তর্বয়ানে যে-মানবিক অভিজ্ঞতার বিচিত্রতা, দ্ব্যর্থকতা ও অধরাপ্রকৃতি ধরা পড়েছে তার কোনো উল্লেখই প্রায় করিনি।
দুটো একটি উদাহরণ মনে করা যেতে পারে। আত্মহননকারী মেয়েদের সম্পর্কে খাঁ-র প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে পামুক লিখেছেন : ‘এই মেয়েদের জীবনের দারিদ্র্য ও অসহায়তা খাঁ-র কাছে অতটা ‘শকিং’ বলে মনে ‘হয়নি, মেয়েরা প্রত্যহ যে মার খাচ্ছে সেটাও নয়, অথবা এদের বাবাদের অনুভূতি শূন্যতা Ñ যাঁরা তাদের মেয়েদের বাইরে পর্যন্ত যেতে দেন না, অথবা ঈর্ষাকাতর স্বামীদের তাঁদের স্ত্রীদের ওপর নিরন্তর গোয়েন্দাগিরি, সেটিও ততটা নয়। যে-জিনিসটি খাঁ-কে মানসিকভাবে ভয়ানক আঘাত করেছে, এমনকী আতঙ্কিত করেছে তা হলো, এই মেয়েরা যে-রকম নিস্পৃহ দ্রুততার সঙ্গে নিজেদের হত্যা করেছে সেই দিকটি। কোনো পূর্ব-সংকেত নেই, কোনো আনুষ্ঠানিকতানেই Ñ তাদের প্রাত্যহিক জীবনের তুচ্ছতার বাঁধা ছকের মধ্যে Ñ অকস্মাৎ, অমোঘ।’ [পৃ ১৩]
খাঁ নিজেও কখনো কখনো আত্মহত্যার কথা ভেবেছে, কিন্তু করতে পারেনি। কেন? একাকিত্বের বিভীষিকা। পামুক লিখছেন : ‘খাঁ-র কাছে এটাও ভয়ানক মন খারাপ করা, ডিপ্রেসিং ব্যাপার লাগে যে, এই সব আত্মঘাতী মেয়েদের নিজের মৃত্যুর জন্যও একটি একান্ত নির্জন মুহূর্ত বের করতে কী কষ্ট ও কী চেষ্টাই না করতে হয়েছে। এমনকী তাদের পিলগুলো গলাধঃকরণ করার পরও, যখন তারা চুপ করে শুয়ে শুয়ে অপেক্ষা করেছে মৃত্যুর জন্য, তখনো তাদের ওইটুকু ঘর, ওইটুকু স্পেস অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে হয়েছে।’ খাঁ-র নিজের কাছে এটি অত্যন্ত ডিপ্রেসিং। মৃত্যুসংক্রান্ত তার ভাবনায় ফ্যান্টাসিতে, আত্মহত্যার জন্য প্রচুর সময় এবং প্রচুর স্পেস থাকাটা অত্যন্ত জরুরি। অন্ততপক্ষে তোমার নিজের একটা ঘর থাকা দরকার, যেখানে তুমি দিনের পর দিন থাকতে পারবে উপদ্রবহীন, একাকী; কেউ তোমার দরজায় টোকা দিতে আসবে না। তার ফ্যান্টাসিতে আত্মহত্যা হলো একটা গম্ভীর সুন্দর অনুষ্ঠান যেখানে ঘুমের ওষুধ থাকবে, থাকবে হুইস্কির গ্লাস, তোমার স্বাধীন ইচ্ছানুক্রমে, নির্বাচিত সময়ে একেবারে চূড়ান্ত ঘটনাটি ঘটাবে সম্পূর্ণ একাকী। সত্যি বলতে কী, যখনই সে ভেবেছে এবার এ জীবন সে শেষ করে দেবে, তখন প্রত্যেকবারই ওই অনিবার্য ভীষণ একাকিত্বের শূন্যতা উঁকি মেরে দেখেই সে ভয়ে পালিয়ে এসেছে। [পৃ ১৬]
খদিফ অবশ্য একেবারেই অন্য দৃষ্টিকোণ থেকে দেখে ওই আত্মহত্যা Ñ একেবারেই মেয়েদের নিজস্ব দৃষ্টিকোণ। সুনে জাইম খদিফকে জিজ্ঞেস করেছিল, মেয়েরা কেন আত্মহত্যার পথ বেছে নেয়? সে কি প্রেমে ব্যর্থতার জন্য নয়? Ñ সে কি দারিদ্র্য নয়, যা ধারাল ছুরির মতো জীবন ফালাফালা করে? স্বামীর পাশবিক নির্যাতন নয় অথবা নয় আহত অহংকার? খদিফ উত্তর দিয়েছিল : ‘The main reason women commit suicides is to save their pride… not because she has lost her pride, she does it to shwo her pride… The moment of suicide is the time when they understand best hwo lonely it is to be a woman and what being a woman really means.’ [ p 397] ।
অথবা কুর্দি সাংবাদিক সা’উল্লাহ বে-র চিত্রণটি যেমন অনুষঙ্গের বহুতলতার উদাহরণ মনে করা যেতে পারে। সা’দউল্লাহ তার লোকসংগীত সংগ্রহের জন্যও বিখ্যাত। লোকসংগীত সংগ্রহ করা তার ফ্যাশন। [আমার শম্ভূ মিত্রের সহকর্মী প্রখ্যাত চিত্রশিল্পী এবং লোকসংগীত-সংগ্রাহক খালেদ চৌধুরীর কথা মনে পড়ছে] যখনি কোনো সেনা-অভ্যুত্থান হয় এই সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিটির ওই অভ্যুত্থানজনিত নির্যাতনের অংশভাক হতে হয়। ফলে তিনি জানেন এই রকম পরিস্থিতিতে তাঁর করণীয় কী? কাজেই টেলিভিশনে কারফিউর ঘোষণা এবং গোলাগুলির আওয়াজ শুনেই ‘সামনের দিনগুলোতে কী তার জন্য অপেক্ষা করছে তিনি বুঝতে পারলেন এবং ধীরস্থিরভাবে আসন্ন কারাবাসের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তার ব্যাগটিতে নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসগুলো, একটার পর একটা ভরতে লাগলেন Ñ নীল পাজামাটা, যেটা ছাড়া তিনি ঘুমোতে পারেন না; তাঁর প্রোস্টেট সমস্যার জন্য ওষুধপত্র, ঘুমের বড়ি, উলের মোজা এবং টুপি, তার ইস্তাম্বুলনিবাসী মেয়ের একটি ফটোগ্রাফ (তার মিষ্টি হাসিমুখ স্ফুরিত প্রিয় নাতিটি মেয়ের কোলে) এবং তার ভয়ানক পরিশ্রমে সংগৃহীত কুর্দি শোকগাথাগুলো এবং তার ওপর তাঁর নোটের কাগজপত্র, জেলে বসে পরিকল্পিত বইটি লিখবেন। সব গোছানো শেষ হলে স্ত্রীর সঙ্গে বসে এক গ্লাস চা খেলেন টেলিভিশনে ফুন্ডা এশার নাচ দেখতে দেখতে এবং অপেক্ষা করতে লাগলেন। যখন দরজায় কলিংবেল বাজল তখন মধ্যরাত পার হয়ে গেছে। স্ত্রীর কাছে বিদায় নিয়ে স্যুটকেসটা হাতে নিলেন, দরজাটা খুলে কাউকে দেখতে না পেয়ে পর্চটা পেরিয়ে সামনের রাস্তায় এসে দাঁড়ালেন। রাস্তার ফগ-ল্যাম্পের হলদেটে আলোয়, নির্জন-নৈঃশব্দ্যে তার মন শৈশবের অনুরূপ শীতকালের স্মৃতিতে চলে গেল। মনে পড়ে গেল কীভাবে কারসের ঠান্ডায় জমে যাওয়া নদীতে স্কেটিং করতেন। ঠিক এমনি সব নিস্তব্ধ রাস্তা বরফে ঢেকে গেছে, আশ্চর্য সুন্দর! তিনি যখন রাস্তার ওপর দাঁড়িয়ে আছেন একা, তখন কে যেন আড়াল থেকে দুটো বুলেট তার শরীরে ঢুকিয়ে দিল Ñ একটি মাথায়, আরেকটি বুকে। তিনি সেখানেই পড়ে গেলেন, মৃত।… সে-রাতে আরো অনেকে মারা গেল এইভাবে। [পৃ ১৭১]
সুনে আরো একটি নাটক করিয়েছিলেন প্রথমটির দুদিন পরেই। ষোড়শ শতকের একটি ইংরেজি নাটকের তুর্কি রূপান্তর। নাটকটি কিডের স্প্যানিশ ট্র্যাজেডি! শেক্সপিয়র নিজেও নাটকটির একটি রূপান্তরিত ভাষ্য হাজির করেছিলেন তাঁর দর্শকদের জন্য Ñ তার হ্যামলেট। সুনে এবং ফুন্ডা বিগত পনেরো বছর ধরে নাটকটি করার একটা সুযোগ খুঁজছিলেন। এটি একটি পারিবারিক বিরোধ, কলহ, জিঘাংসা, চক্রান্ত, বলাৎকার ও রক্তাক্ত মৃত্যু-কণ্টর্কিত একটি নাটক, যা আত্মহত্যায় পরিসমাপ্ত হয়। সুনে এর মধ্য দিয়ে একটি রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেছিলেন। ঈপেকের ছোটবোন খদিফ এতে অংশগ্রহণ করেছিল এবং ফুন্ডা তার কুটিল-হৃদয় প্রতিযোগী। খদিফের মাথায় সবসময় আভিজাত্যসূচক একটি স্কার্ফ বাঁধা থাকে। কিন্তু যে-রীতি, আচার ও আভিজাত্যের আত্মঘাতী মূল্যবোধের কারণে ওই অন্তহীন রক্তাক্ত সংঘর্ষ সেই মিথ্যা মূল্যবোধ ও আচারের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীকরূপে সে মাথার স্কার্ফটা খুলে ফেলে, তার চুলের সম্ভার ও সৌন্দর্য তার কাঁধের ওপর থাকে থাকে ছড়িয়ে পড়ে। খদিফ অবশ্য এতে অভিনয় করতে রাজি হয়নি প্রথমে, কারণ সে নীলের গোপন প্রেমিকা এবং তাই নীলের নীতির প্রতিও তার সমর্থন আছে। গওঞ-এ সবই জানত। সুনে স্বতঃপ্রবৃত্ত হয়ে শর্ত আরোপ করেছিল – নীলের মুক্তির বিনিময়ে খদিফের নাটকে অংশগ্রহণ। সুনে নাটকটি রূপান্তরিত করতে গিয়ে নাটকটির খোলনলচে বদলে ফেলেছিলেন এবং নাটকটির নতুন নাম দিয়েছিলেন, দ্য ট্র্যাজেডি অব কারস। নাটকটিতে খোলাখুলিই কারসের সাম্প্রতিক ঘটনাবলির আলোচনা ছিল।
নাটকটির শেষ দৃশ্যে খদিফ নাটকে আত্মহত্যায় উদ্যত এবং সুনে তাকে আত্মহত্যা না করে বরং মাথার স্কার্ফ খুলে ফেলে নারী-স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে বলছে। খদিফ শেষ পর্যন্ত ঠিক করেছে যে, সে দুটোই করবে কিন্তু তার নিজস্ব কারণে। খদিফ বলছে : ‘I am going to bare my head nwo and then to prove that I am motivated neither by your coercion nor by aû wish to be a European, I am going to hang myself.’ সুনে বলছে যে, তুমি বোধহয় আমাকে এই বিপ্লবটি ঘটিয়ে তোলার জন্য ঘৃণা কর। তবে ঘটনা যে এত দ্রুত ঘটবে তা আমি ভাবিনি।
খদিফ ব্যঙ্গ করে বলে যে, সে যে ব্যর্থ হয়েছে এটা তারই পরোক্ষ স্বীকারোক্তি। আগের দৃশ্যেই সুনে একবার বলেছিল : ‘যখন তুমি নিশ্চিত হবে যে, আমি সত্যিই ব্যর্থ হয়েছি তখন এই পিস্তলটি দিয়ে আমায় হত্যা করো। এবার বললেন, তুমি বলেছিলে আমায় হত্যা করতে মোটেও তোমার বিবেক বিব্রত হবে না।’ খদিফ টান মেরে মাথার স্কার্ফ খুলে ফেলে। সুনের হাত থেকে পিস্তলটা নেয় এবং একাধিকবার সুনেকে গুলি করে। দর্শকরা এবারও এ সবটাই নাটক মনে করে এবং সুনে সত্যি সত্যি রক্তাপ্লুত এবং মৃত এটাও বুঝতে তাদের সময় লাগে। আর্ট এবং জীবন স্থান বদল করে।
নাটকের এই উপসংহার কি নিতান্তই মেলোড্রামা? এ কি পরোক্ষে আত্মহত্যা? অন্যথায় বর্ডার সিটি নিউজ পত্রিকার সম্পাদক সরদার বে-কে আগের রাত্রে কী করে নিজের [সম্ভাব্য] মৃত্যুর সংবাদ হেডলাইন করতে বললেন? নাকি ওই সংবাদটি সত্য করে তোলার জন্যই খদিফের হাতে পিস্তল তুলে দিয়েছেন? না কি আর্ট জীবনকে নিয়ন্ত্রণ করবে এরকম একটি আকাক্সক্ষা, যা সুনেকে তাকে তাড়া করেছে চিরকাল-এ তারই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন? আগের নাটকটিতে যে-বিপ্লবের আসন্নতা ঘোষণা করেছিলেন, যা খানিকটা বাস্তবেও পরিণত হয়েছিল, তা আর্টের জাদুকরি ক্ষমতা সম্পর্কে সুনের আস্থা ও বিশ্বাসেরই পরিচায়ক নয় কী? এই নান্দনিক বিশ্বাসই কি ‘সমাজতান্ত্রিক বাস্তবতা’ নামক ইলিউশন তৈরি করেনি?
বাস্তবের পরিবর্তন ও রূপান্তরে শিল্পের ঐন্দ্রজালিক ক্ষমতায় আস্থা এবং একই সঙ্গে ব্যক্তিগত ব্যর্থতার বোধ সুনের এই বাক্যদুটিতে চমৎকার প্রতিবিম্বিত হয়েছে : ‘I had sei“ed the great opportunity that comes only to those, graced with genious (that) I had … I was going to use my art to intervene in the flwo of history, suddenly the rug was pulled out from under me. [ p 189] বর্ডার সিটি নিউজের মিথ্যে আগাম সংবাদটি কি সুনে বাস্তবে রূপায়িত করতে এক ধরনের তাড়না বোধ করেছিলেন পুতুল নাচের ইতিকথার কবিরাজের মৃত্যুর মতো? জাইম সরদার বে-কেও বলেছিলেন : ‘What I am trying to do is push the truths of Art to become one with myth.Õ [ p 337] অর্থাৎ আর্ট এবং জীবন একটি অন্যটিতে অন্তঃপ্রবিষ্ট হয়ে যাবে। জীবনই আর্ট হয়ে উঠবে। খাঁ-রও সুনের নান্দনিক বিশ্বাস সম্পর্কে এমনটি মনে হয়েছে। খাঁ সুনেকে বলে : ‘আপনি যে এই বিপ্লবটি ঘটিয়ে তুললেন তাতে যতটা না ছিল রাজনীতির তাড়না, তার চেয়ে বেশি ছিল সৌন্দর্যের তাড়না। আপনি এটিকে দেখেছেন আর্ট হিসেবে। [পৃষ্ঠা. ৩৩৭] সুনের রাজনৈতিক বিপ্লবের প্রকল্পটি ব্যর্থ হয়েছে, যে-সৌন্দর্যের অনুধ্যান তিনি করেছিলেন তা বিনষ্ট হয়েছে নির্যাতন, নিষ্ঠুরতা ও হত্যার কদর্যতায়। এই নিরর্থক রক্ত ও অশ্রু তাঁকে বিষণ্ন করে, সেও আত্মদানেই নিষ্ক্রমণ খোঁজে। এই পরিণতির কথা ভেবেই কি তিনি নিজের মৃত্যুকে অন্তত একটা আর্টের মাত্রা দেওয়ার চেষ্টা করেছিলেন? আমাদের মনে পড়বে তিনি বিষণ্নতার একটি মুহূর্তে বলেছিলেন : ‘হেগেলই প্রথম লক্ষ করেন যে, ইতিহাস আর থিয়েটার একই উপাদন দিয়ে তৈরি… থিয়েটারের মতো ইতিহাসও নির্বাচন করে কে নায়কের ভূমিকায় অবতীর্ণ হবে এবং ঠিক যেমন একটি নাটকে অভিনেতারা মঞ্চে উঠে তাঁদের সাহসের পরীক্ষা দেন, ইতিহাসের মঞ্চেও ঠিক তেমনি গুটিকয় নির্বাচিত জনই ওই সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়, [পৃ ১৯৯]
এই উপন্যাস স্প্যানিশ ট্র্যাজেডির মতোই মৃত্যু আকীর্ণ উপন্যাস। মেয়রের এবং স্কার্ফ-মেয়েদের হত্যা দিয়ে উপন্যাসটি শুরু হয়েছে। উপন্যাসটি যখন শেষ হয় তখন প্রধান কুশীলবদের অনেকেই মারা গেছেন। নীল ডেমিরকোলের লোকদের হাতে মারা গেছে। সুনে জাইমের নাটকটি যখন মঞ্চস্থ ও টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছিল তখন নীলও নাটকটি দেখছিল, তার অধুনাতম প্রিয়তমা হান্ডের সঙ্গে বসে। তখনই ডেমিরকোলের লোকজন তার গোপন ডেরায় আক্রমণ করে দুজনকেই মেরে ফেলে। তারই আধঘণ্টা পর মঞ্চের ওপর সুনে জাইমের মৃত্যু আমরা দেখেছি। নীলের মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তাবাহিনী খাঁ-কে আটকে রেখে জোর করে কড়া পাহারায় তাকে ইস্তাম্বুলের ট্রেনে তুলে দেয়। ঈপেকের সঙ্গে তার আর দেখা হয় না। খাঁ-র প্রতি প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও এবং যাত্রার সকল প্রস্তুতি সত্ত্বেও ঈপেকই শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কারসে থেকে যায়। অনেকের মতো তাঁরও মনে হয়, নীলের মৃত্যুতে খাঁ-রও হাত থাকতে পারে এবং নিরন্তর এই সন্দেহ নিয়ে তাদের ভালোবাসা হয়তো সফল হবে না। মাদ্রাসার অনেক ছাত্র যারা মারা যায়, তার মধ্যে খাঁ-র সঙ্গে ঘনিষ্ঠ হয়ে-ওঠা নেসিপ ছিল। খাঁ ফ্রাঙ্কফুর্টে ফিরে যায় Ñ কিন্তু আর কবিতা লিখতে পারেনি। চারবছর পরে ফ্রাঙ্কফুর্টের রাস্তায় রাতে তাঁর বাড়ির কাছে খাঁ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
খাঁ-র মৃত্যুর বিয়াল্লিশ দিন পরে তাঁর এক বন্ধু, যার নাম ঘটনাচক্রে ওরখান, খাঁ-র মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানতে ফ্রাঙ্কফুর্টে আসে। কিন্তু কেউ খাঁ-র মৃত্যু বা হত্যাকারী, সম্পর্কে কিছুই প্রায় বলতে পারে না। যেই রাস্তায় খাঁ মারা যায় তার অদূরেই জনৈক জার্মান, গুলির আওয়াজ শুনে তার দোতলার ব্যালকনি থেকে, খাঁ-র মৃতদেহ দেখতে পান এবং অ্যাম্বুলেন্সে খবর দেন। খাঁ-র মাথার পেছনে প্রথম গুলিটা লাগে। অন্যদুটি গুলি তার হার্ট এবং লিভার ছিদ্র করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। পাশের রাস্তার একজন দেহপসারিনি ওই গুলির সময়েই তুর্কি চেহারার একটি লোককে কাইজার স্ট্রাসের দিকে দৌড়ে যেতে দেখেছে বলে পুলিশকে জানায়। রাস্তার উলটোদিকে হলিডে কাবাব হাউসে কর্মরত এক ওয়েটার গুলির শব্দ শুনে দৌড়ে বাইরে এসেছিল এবং খাঁ-কে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখে। মৃত্যুর দিন সন্ধ্যায় সে হামবুর্গের এক কবিতাপাঠের আসর থেকে ফিরছিল, এ কথা জানায় ফ্রাঙ্কফুটে খাঁ-র একমাত্র ঘনিষ্ঠ পরিচিত তারকুট ওলচান। ওলচান খাঁ-র বন্ধুকে যে-পাড়ার লাইব্রেরিতে খাঁ প্রতিদিন সকালে নিয়মিত যেত, সেখানে নিয়ে যান। এখানে অনেক বেকার তুর্কি ও কুর্দি খবরের কাগজ পড়তে ও গল্প করে সময় কাটাতে আসে। তারা খাঁ-কে চিনত, তারা তাকে ‘গুডমর্নিং প্রফেসর’ বলে সম্বোধনও করত, কিন্তু তার জীবন সম্পর্কে কিছু বলতে পারল না। মোটকথা, আট বছর ওই শহরে থাকার পরও তার মৃত্যুর পর খাঁ ফ্রাঙ্কফুর্টের কারো মনে কোনো স্মৃতি বা কোনো চিহ্ন না রেখে মিলিয়ে গেল। তার কবিতাগুলিরও কোনো হদিস করা গেল না, কেবলমাত্র চল্লিশটি চিঠি ছাড়া। চিঠিগুলো ঈপেকের উদ্দেশ্যে লেখা, কিন্তু একটিও পোস্ট করা হয়নি। খাঁ-র সংযোগের উদগ্র আকাক্সক্ষা সত্ত্বেও ওই সংযোগহীনতা এবং স্মৃতিহীনতার মধ্যে চিহ্নহীনভাবে যে অপসৃত হয়ে গেল, তাও তাৎপর্যহীন নয়। খাঁ-র অনুচিন্তার খণ্ডটি মনে পড়ে : ‘… hwo weak and thin are menÕs dreams and desires, hwo insubstantial the intrigues of politics and every day life, compared with the cold winds of Kars. [p 198] আগেই বলেছি, ওরখান পামুকের উপন্যাসটি বহুমাত্রিক। রাজনীতি তার একটি মাত্রা মাত্র। খাঁ-র কারসে আগমনের অন্যতম কারণ ঈপেকের অনুসন্ধান। ঈপেক তার ভালোবাসার একমাত্র আশ্রয়। খাঁ নীলকে বলছে : ‘আমি আর কাউকে এরকম করে ভালোবাসিনি। আমার জন্য সুখের একমাত্র সম্ভাবনা হলো ঈপেক।’ [পৃ. ৩২৬] কিন্তু যতই যে ঈপেকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে ততই মনে হয়েছে এই ভালোবাসা তার জন্য নয়। ‘… aû intimacy he might chance to enjoy with her would dissolve him as salt dissolves in ice. [p 89] এইভাবে বাকি অর্ধেক উপন্যাস জুড়ে আছে খাঁ-র ভালোবাসার অনুসন্ধান, ভালোবাসার বিসর্পিল গতি, ভালোবাসা পাওয়া এবং হারানো, ভালোবাসার অধরা প্রকৃতি। কিন্তু সে-তো অন্য প্রসঙ্গ। তবে ওই ভালোবাসারই অন্যপিঠে রাজনীতি।
পামুকের এই উপন্যাসে মেয়েরাও রাজনীতিস্পৃষ্ট। পামুকের অন্য উপন্যাসগুলোতে মেয়েদের ভূমিকা অ-প্রধান। কিন্তু এই উপন্যাসে তাঁর নারী চরিত্রগুলো ঈপেক, খদিফ, তসলিমা সকলেই প্রবল, আত্মনিষ্ঠ এবং জেদি। তাছাড়াও আছে আত্মঘাতী মেয়েরা। তারাও শেষ পর্যন্ত দাঢ্যের প্রতীকেই রূপান্তরিত হয়। তাই তাদের নিয়ে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ইসলামি ও সেক্যুলার দুপক্ষই টানাটানি করে। দুপক্ষই আত্মহত্যার পেছনে নিজস্ব ব্যাখ্যা হাজির করে। সেই ব্যাখ্যা পুরুষদেরই দেওয়া, তাদের রাজনীতির সঙ্গেই যুক্ত। উপন্যাসের নায়ক যে ভালোবাসার সন্ধানেই এসেছিল, সে একাধিকবার বলেছে রাজনীতিতে তার আগ্রহ নেই। কিন্তু আসামাত্র সে রাজনৈতিক আবর্তের টানে ঘটনার কেন্দ্রে চলে এসেছে এবং অনিচ্ছুক হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে। রাজনীতি তাকে রেহাই দেয়নি। তার স্বাধীনতাহরণ ও সুখের সম্ভাবনাকে নষ্ট করে তাকে বিচ্ছিন্ন একাকিত্বে নির্বাসনই শুধু দেয়নি, অসংখ্য আরো অনেক নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে তার মৃত্যুও যুক্ত হয়েছে। কিন্তু ওই মৃত্যু তাকে কোনো গৌরব দেয়নি, দিয়েছে? একাকিত্ব ও বিস্মৃতি, Ñ ওই স্কার্ফ-মেয়েদের মতোই।
রাজনৈতিক অভিজ্ঞতার এই যে চিত্রণ, তা সম্পর্কে মোটামুটি একটা ধারণা উপরোক্ত আলোচনা থেকে করা যেতে পারে। কিন্তু এ প্রত্যাশা কতটা সংগত? গুরুত্বপূর্ণ সব কথা যথাযথভাবে বলা হয়েছে কি? যাঁরা উপন্যাসটি এখনো পড়েননি তাদের মনে হতে পারে, যথেষ্ট হয়েছে আর নয়। কিন্তু আসলে যথেষ্ট হয়নি। ঈপেক এবং খদিফ সম্পর্কে প্রায় কিছুই বলা হয়নি। যেমন বলা হয়নি ফুন্ডা এশার সম্পর্কে। খাঁ-র সঙ্গে তিনটি মাদ্রাসা কিশোরের কিঞ্চিৎ ঘনিষ্টতা হয়েছিল এবং তাদের সঙ্গে আত্মহনন সম্পর্কে ইসলামের মনোভঙ্গি, খাঁ-র বিশ্বাস-অবিশ্বাস এবং তাদের ভালোবাসার আকাক্সক্ষা ইত্যাকার বিচিত্র বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ওই তিনজনের মধ্যে নেসিপ অডিটোরিয়ামে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। খা তার মৃতদেহ শনাক্তও করেছিল। তাদের সম্পর্কে খাঁ-র দৃষ্টিভঙ্গি কী? অন্যদুটি ছেলে ফাজেল এবং মেসাটেরই কীই-বা হলো?
খাঁ কুর্দিশ ধর্মীয় গুরু কামেল দরবেশ শেখ সাদেতিন এফেন্দির সঙ্গেও দেখা করেছিল এবং কিছুক্ষণের জন্য হলেও তার ব্যক্তিত্বের সম্মোহনে আলোড়িতও হয়েছিল। বস্তুতপক্ষে আস্তিকতা-নাস্তিকতার প্রসঙ্গ চরিত্রগুলোর কথাবার্তায় বারবার ফিরে ফিরে এসেছে। মনে হয় ঈশ্বরের প্রকৃতি, মানুষের জীবনে ঈশ্বরের ভূমিকা Ñ এও খাঁ-র অজান্তেই তার অন্বেষণের একটি বিষয়। এই যে অনুল্লিখিত বিষয়ের দীর্ঘ তালিকা Ñ তা জানতে পেরে মনে হতেই পারে যে, রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে স্পৃষ্ট এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা না জানলে ওই রূপায়ণের যথার্থতা সম্পর্কে নির্ভরযোগ্য মন্তব্য করা যাবে না।
আসলে পামুকের প্রায় প্রতিটি বাক্যই অনিবার্য মনে হয়। প্রবন্ধের শিরোনামে আমি ‘অভিজ্ঞতার রূপান্তর’ শব্দবন্ধটি ব্যবহার করেছি। প্রতিটি বাক্যই পরের বাক্যটি দ্বারা কিছুটা সংশোধিত হয়েছে, প্রতিটি ঘটনাই পরের ঘটনাটি দ্বারা। ‘অভিজ্ঞতা’-বর্ণনার প্রবাহে বদলে বদলে গেছে। এটি আসলে ‘রিপ্রেজেন্টেশনে’র সমস্যা। লেখক মাত্রই ‘কমপ্লিট রিপ্রেজেন্টেশনে’র আকাক্সক্ষা দ্বারা চালিত হন। অনেকখানি লেখার পরও মনে হয় পুরো কথাটা বলা হলো না। কিন্তু পূর্ণ রূপায়ণ কি সম্ভব? পামুকও সম্ভবত অভিজ্ঞতার ওই অধরা প্রকৃতি এবং তার ‘রিপ্রেজেন্টেশনে’র সমস্যার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান। রিপ্রেজেন্টেশন মাত্রই অসম্পূর্ণ? ভাষাও কী তার কারণ? আমরা যতই সম্পূর্ণ বর্ণনার দিকে যাই না কেন, তা কেবলই অভিজ্ঞতাকে ফবভষবপঃ করে? ক্যালভিনোর কথা ভাবুন।
পামুক, কবি কিন্তু কারসে ফেরার চার বছর আগে থেকে এক ধরনের বন্ধ্যাত্বে ভুগছিল। কিন্তু কারসে অবস্থানের পাঁচদিনের মধ্যে সে উনিশটি কবিতা লিখে ফেলে এবং প্রত্যেকটি কবিতা তাঁর পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকেই উৎসারিত। এইসব কবিতায় যে কী লিখেছিল তা আমরা জানতে কৌতূহলী হই। কেন? একজন কবি রাজনৈতিক আলোড়নের মধ্যে কী লেখেন এবং ওইসব কবিতায় ধৃত অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতার ওপর কী আলোকপাত করে, তা আমরা জানতে চাই। অন্য একটি কৌতূহলোদ্দীপক ঘটনাও ঘটছে। খাঁ যেমন রাজনৈতিক আবর্তের মধ্যে থেকে লিখছে, পামুকও তাই করছেন। দুটি রিপ্রেজেন্টেশন কি সংযুক্ত, বিযুক্ত, সমান্তরাল, পরিপূরক, নাকি একটি আরেকটির প্রতিবিম্ব?
উপন্যাসটির নামকরণের দিকে লক্ষ করুন। উপন্যাসটির নাম স্নো। এর অনুবাদ কী হবে Ñ তুষার অথবা তুষারপাত? উপন্যাসের নায়ক কারস নামক শহরে যাচ্ছে, চারিদিকে তুষারপাত হচ্ছে এবং শহরটি তুষারে ঢেকে গেল ও একটি অপার্থিব অলৌকিক বিচ্ছিন্ন দ্বীপে রূপান্তরিত হলো, যেখানে নায়কের ভাগ্যনির্ধারক কিছু ভয়ানক ঘটনা ঘটবে দুঃস্বপ্নের মতো। তুর্কিভাষায় তুষারের প্রতিশব্দ হলো কারস। তাহলে কি তুষার থেকে তুষারে যাত্রা? সমগ্র উপন্যাস জুড়ে তুষারপাতের অসংখ্য উল্লেখ, অসংখ্য অনুষঙ্গ। নবকুমারের ক্ষেত্রে যে-প্রতিধ্বনিময় বাক্যটি উচ্চারিত হয়েছিল : ‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ – তা খাঁ-র ক্ষেত্রেও প্রযোজ্য।
ওরখান পামুকের তুষার নানাদিক থেকেই একটি অসাধারণ উপস্যাস, যা বহুকাল আমাদের চিন্তাকে তাড়া করে ফিরবে।

Leave a Reply
You must be logged in to post a comment.