॥১৩॥
মেমারি থেকে আমার ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাওয়ার, শক্তি বললো, আগে চলো কেন্দুলি। কালকেই সেখানে জয়দেবের মেলা।
সারা রাজ্যজুড়েই এই সময় আসে মেলা, কিন্তু কেঁদুলির মেলা একেবারে অনন্য। এ শুধু বাউলদের মেলা। অনেকগুলি তাঁবুতে জমে বসে যায় বাউলদের আখড়া। ইচ্ছেমতন যাওয়া যায় যে-কোনো আখড়ায়, একপাশে বসে পড়লে কেউ-না-কেউ এগিয়ে দেয় গাঁজার কল্কে। বাউল গানের সঙ্গে গাঁজার বেশ-একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে।
রশিদ বাউল গানের ভক্ত নয়। ওর মতে, বড় জোর দু’খানা বাউল গান শোনা যায়, তারপর বোরিং, জাস্ট বোরিং! অধিকাংশ বাংলা গান সম্পর্কেই ওর এই মত।
আমি আর শক্তি এই কেঁদুলির মেলায় এসেছি অনেকবার। শুধু যে গানের টানে তা নয়, এক অন্যরকম জীবনযাপনের লোভে। বাউলদের সঙ্গে মিশে, দুটো-তিনটে দিন নিজেরাও যেন বাউল হয়ে যাওয়া যায়। শীতের মধ্যে সারারাত ধুনির আগুনে গা সেঁকে নেওয়া, যখন ইচ্ছে মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়লেই হয়, খাওয়া-দাওয়ার কোনো চিন্তা নেই, কোথা থেকে যেন মাঝে মাঝে এসে পড়ে রুটি-তরকারি, অনবরত গাঁজার সাপ্লাই কে দেয়, কে জানে! এইভাবেই বাংলা মদের বোতলও আসে।
এসবই প্রথম যৌবনের কথা। এখন খানিকটা আরামপ্রিয় হয়েছি, তাছাড়া এখন স্বাচ্ছন্দ্যের অনেক সুযোগ-সুবিধে। একসময় পুলিশের কাছে কত তাড়া খেয়েছি। দু-একবার মারও খেয়েছি। এখন পুলিশের বড় বড় অফিসাররা আমাদের বন্ধু। পুলিশের মধ্যেও যে এমন সাহিত্যপ্রিয় মানুষ থাকে, তা তো আগে বুঝিনি।
এখন আর মাঠে শুয়ে থাকার প্রশ্ন নেই। রশিদের এলাকার মধ্যে যে-কোনো বাংলোতে যখন-তখন ওঠা যায়।
রশিদ বললো, শান্তিনিকেতন গেলেও একবার কেঁদুলির মেলায় আমাকে আসতেই হতো। সেটা অফিসিয়াল ডিউটি। চলো, আগেই মেলাটা ঘুরে যাই।
আমার অবশ্য কেঁদুলির এই মেলাটার ওপর আগেকার মতন তেমন আকর্ষণ নেই।
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলায়। এই মেলাটার পরিবর্তন অল্প-অল্প পরিসরে অনেকখানি। এর মধ্যে সাহেব-মেমরা ঢুকে পড়েছে। এবং মাইক।
অজয় নদী পেরুতে পেরুতে রশিদ জিজ্ঞেস করলো, তোমরা কোথায় থাকতে চাও? ইলামবাজারে বাংলোর ব্যবস্থা করে দিতে পারি, অথবা মেলার মধ্যে আমার জন্য সুইস কটেজও থাকবে।
সুইস কটেজ শুনলেই কৌতূহল হয়। বাংলোতে তো কতই থেকেছি। ইলামবাজার খানিকটা দূরে, মেলার মধ্যে রাত-কাটানোই তো ভালো। ঘুমের মধ্যেও গান শোনা যাবে।
গিয়ে দেখা গেল, সুইস কটেজ মোটেই কটেজ নয়। সেটি একটা তাঁবু। বাইরেরটা রঙিন, এই যা। পুলিশ-মহলে এই ধরনের তাঁবুর এই নাম। অবশ্য ভেতরে শোওয়ার ব্যবস্থা আছে।
ভেতরে ঢুকেই রশিদ বললো, শক্তি, এই মেলার মধ্যে মদ্যপান নিষেধ। আমিই এই নির্দেশ জারি করেছি। সেইজন্য… বুঝতেই পারছো… তোমারও এখানে খাওয়া চলবে না।
শক্তি মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুই কী করবি?
রশিদ অম্লান মুখে বললো, আমিও খাবো না!
শক্তি এবার চওড়া করে হেসে বললো, না খেয়ে থাকতে পারবি?
রশিদ বললো, অফকোর্স পারবো! আমি দিনের পর দিন থাকতে পারি। উইদাউট টাচিং আ ড্রপ অফ অ্যালকোহল! কী ভাবো আমাকে?
শক্তির একটা কবিতার বইয়ের নাম, ‘যেতে পারি কিন্তু কেন যাবো’। প্রায় সেই ধরনের বাক্যেই সে বললো, না খেয়ে থাকতে পারি, কিন্তু কেন থাকবো? বাউলদের কারণ-বারি পান তাদের ধর্মীয় সাধনার জন্য লাগে। তুই তাদের রিলিজিয়াস রাইটে কেন হস্তক্ষেপ করছিস?
রশিদ মাথা নাড়তে নাড়তে বললো, উঁহু, উঁহু, বাউলদের সাধন-ভজনের জন্য গাঁজা লাগে। দ্যাট্স অল রাইট, কিন্তু মদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। পাবলিকলি ড্রিংকিং ইজ প্রহিবিটেড! টেন্টগুলোর মধ্যেও নিষেধ। সেইজন্যই তোমাদের আমি অপশান দিয়েছিলাম, ইলামবাজারের ডাকবাংলোয় থাকতে পারো।
শক্তি বললো, ধ্যাৎ! খালি বাজে কথা বলে সময় নষ্ট করছিস! বোতল-ফোতল বার কর। আমরা মেলার বাইরে নদীর ধারে বসে খাবো।
এইসব সময়ে ওরা আমার মতামত নেবার কথা ভাবেই না। যেন আমার মতামতের কোনো মূল্যই নেই। ওরা যা ঠিক করবে, তা আমাকে মেনে নিতেই হবে।
আমি বললাম, রশিদ, তুমি মেলার মধ্যে মদ-পান নিষিদ্ধ করেছো, বেশ করেছো। সেইসঙ্গে মাইক বাজানো বন্ধ করতে পারো না?
রশিদ আমার দিকে একটুক্ষণ চেয়ে থেকে বললো, সে-ক্ষমতা আমার নেই। সেটা ডি এম পারেন। যদিও আমার মাঝে মাঝেই ইচ্ছে করে, লাথি মেরে ওইসব মাইক-টাইক ভেঙে ফেলি!
সন্ধে নেমে এসেছে, এখন ডাকছে অসংখ্য কাক। কাকের ডাকে একেবারে কান ঝালাপালা হবার জোগাড়। এখানে এত কাক কেন? কোথাও বেশি কাক থাকা মানেই সেই জায়গাটা অতি নোংরা, আবর্জনায় ভর্তি।
মেলায় আসে লাখ লাখ মানুষ, কিন্তু তাদের জন্য বাথরুমের ব্যবস্থা যৎসামান্য। তাই এই কয়েকটা দিন নদীর ধার মানুষের গু-মুতের গন্ধে ম ম করে। শক্তি নদীর ধারে বসে মদ্যপানের কথা ভাবছে। সেখানে গেলে এখন পেট থেকে অন্নপ্রাশনেরও ভাত উঠে আসবে।
এর মধ্যেই শুরু হয়ে গেছে মাইকের গাঁক গাঁক চিৎকার।
একটা মাইক বাজলে আপত্তির কিছু ছিল না। কিন্তু এখন বড় বড় আখড়াগুলোতে আলাদা আলাদা মাইক। চতুর্দিক থেকে পরস্পরবিরোধী শব্দের যেন মারামারি কাটাকাটি চলে। ইংরেজিতে যাকে বলে ক্যাকোফোনি!
আগে এই মেলাতে ইলেকট্রিকের আলোই ছিল না। বিভিন্ন তাঁবুতে জ্বলতো হ্যাজাক বাতি। বা কোনো কোনোটায় শুধু কাঠের আগুন-জ্বলা আলো। বাউলরা গাইতেন খালি গলায়। এক তাঁবু থেকে অন্য তাঁবুতে গেলে বোঝা যেত গায়কী ও সুরের বৈচিত্র্য।
এখন বাউলদের মধ্যে স্পষ্ট দুটি ভাগ। একদল, যারা বিলেত-আমেরিকা গেছে, আর যারা যায়নি।
বাউলদের বিদেশযাত্রা শুরু হলো ষাটের দশক থেকে। তার আগে সাহেবরা বাউল গান গ্রাহ্যই করেনি।
ষাটের দশকের গোড়ায় কবি অ্যালেন গিন্সবার্গ এসেছিল এদেশে। ছিল প্রায় ছ’মাস। অ্যালেন ‘হরে কৃষ্ণ হরে রাম’ গানটি শিখেছিল বেনারসে। তারপর সে আমেরিকায় ফিরে গিয়ে হিপিদের মধ্যে এই গান ছড়িয়ে দেয়।
অনেক বাউলদের সঙ্গেও মিশেছিল সে। একবার কেঁদুলির মেলায় এসে পূর্ণ দাস বাউলের গান তার খুব পছন্দ হয়।
পূর্ণ দাসের বাবা নবনীদাসও বিখ্যাত বাউল ছিলেন, তিনি ছিলেন রবীন্দ্রনাথেরও স্নেহধন্য।
সেই ষাটের দশকের গোড়ায় পূর্ণ দাস তরুণ যুবক, গলায় অসম্ভব তেজ। ‘সখী হে Ñ ’ কিংবা ‘ভোলা মন’ বলে সে যখন তান দেয়, তখন যেন তা চলতেই থাকে, মাইল মাইল পেরিয়ে যায়, তা শুনে সাহেব- মেমদের তাক লেগে যাবারই কথা। অতক্ষণ দম রেখে তান দেবার ক্ষমতা অনেক ক্লাসিক্যাল গায়কেরও থাকে না। হাতে একতারা নিয়ে, পায়ে ঘুঙুর বেঁধে সে গানের সঙ্গে নাচতেও পারে চমৎকার।
অ্যালেন আমেরিকায় ফিরে গিয়ে বন্ধু-বান্ধবদের কাছে পূর্ণ দাসের সংগীত-প্রতিভার প্রশংসা করেছিল। সেই বন্ধুদের মধ্যে একজন বব ডিলান, সে তখন পশ্চিমী সংগীতজগতে পপ্ গানের রাজা। অসম্ভব তার জনপ্রিয়তা। সে একবার উডস্টক নামে একটি নির্জন স্থানে বহু গায়ক-গায়িকার সমাবেশ ঘটিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছিল। সেই সমাবেশের আগে অ্যালেন বলেছিল বব ডিলানকে, তুমি ইন্ডিয়া থেকে ওই বাউল গায়কটিকে নেমন্তন্ন করো না!
শুনেছি, বব ডিলান তার নিজস্ব জেট বিমান কলকাতায় পাঠিয়ে দিয়েছিল শুধু পূর্ণ দাসকে নিয়ে যাবার জন্য। বাউল পূর্ণ দাস, যে আগে পশ্চিম বাংলার বাইরে বিশেষ কোথাও যায়নি, সে সেই প্রথমবার পা দিলো বিমানের সিঁড়িতে। সেই থেকে শুরু হলো বাউলদের বিদেশযাত্রা। পূর্ণ দাসের সাফল্যের পর বাউলদের সম্পর্কে আগ্রহ জেগে উঠলো ইউরোপ-আমেরিকার কিছু কিছু মহলে। বিশেষভাবে আগ্রহী হলো ফরাসিরা। শান্তিনিকেতনে যাবার পথে ট্রেনে যেসব বাউলরা গান গায়, তারা অনেকেই এখন ইউরোপ-আমেরিকা ঘুরে এসেছে।
কেঁদুলির মেলায় যেহেতু বাউলদের বৃহত্তম সম্মেলন হয়, তাই সেই সময়টায় অনেক সাহেব-মেমই আসে সেখানে। এখন অবশ্য আমার ধারণা, বীরভূমের এই বাউলমেলার চেয়েও আরো বড় হয়েছে নদীয়ার মাঝদিয়ার বাউলমেলা, সেখানে বাংলাদেশ থেকেও কয়েক শ’ বাউল এসে যোগ দেয়। কাছেই সীমান্ত। ওদের ভিসা-টিসা লাগে না। দু’দেশেরই সীমান্তরক্ষীরা মনে করে, আকাশের পাখি আর ফুলের সুগন্ধের মতন বাউলরাও সব সীমান্তের ঊর্ধ্বে।
সাহেব-মেমরা আসছে তাতে দোষের কিছু নেই। কিন্তু কেঁদুলির মেলায় সাহেবদের মনোরঞ্জনের জন্যই বোধহয়, বাউলদের সাজ-পোশাকের চাকচিক্য বেড়েছে, আর খালি গলায় গান গাওয়ার অভ্যেসটা চলে গেছে।
এসে পড়েছি যখন, দু-একটা আখড়ায় তো যেতেই হবে।
প্রথম আখড়াটায় গিয়েই একটা চমক লাগলো।
এটা বেশ বড়সড় আখড়া। তাঁবু নয়, শামিয়ানা খাটানো। শ’ দুয়েক নারী-পুরুষ সেখানে বসে আছে শতরঞ্জির ওপর। আগেকার মতন হ্যাজাক বাতি আর নেই, চড়া আলো জ্বলছে।
মাইকে যে গান গাইছে, তার মুখখানা চেনা-চেনা। খুব সম্ভবত ট্রেনে ও গান গায়, এখন একটা নানা রঙের তাপ্পি-মারা আলখাল্লা পরেছে। চলন্ত ট্রেনে ওকে প্রচণ্ড চিৎকার করে গাইতে হয়, মাইকের ব্যবহার ঠিক জানে না। এখানেও সেই একইরকম চিৎকার করছে, তার ফলে মাইকে মাঝে মাঝেই ক্যাঁ ক্যাঁ করে বিকট শব্দ হচ্ছে। সে গাইছে, ‘গোলেমালে গোলেমালে পিরিত কইরো না Ñ ’। আর ঠিক পাশের আখড়া থেকেই গান ভেসে আসছে, ‘মাঝিগিরি জানি ভালো, ভয় পেও না ব্রজাঙ্গনা Ñ’। দুটি গান পাশাপাশি চলছে, তেল আর জলের মতন।
শ্রোতাদের দিকে চোখ ঘোরাতে গিয়ে হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। উঁচু করে খোঁপা বাঁধা, অনেকখানি ঝোলা দুল, ওই মেয়েটি কে? যাকে ভাবছি, সত্যিই সে?
শক্তি একটা সিগারেটের তামাক ফেলে দিয়ে তার মধ্যে গাঁজা ভরতে ব্যস্ত। তাকে একটা কনুই দিয়ে খোঁচা মেরে চোখের ইঙ্গিত করলাম।
শক্তি সেদিকে তাকিয়ে, কিছু বুঝতে না পেরে বললো, কী?
আমি জিজ্ঞেস করলাম, ওই যে মেয়েটি, মাথায় ফুল গোঁজা, ও কে?
শক্তি বললো, ওই তো সেই কাল রাত্তিরের মেয়েটি, কী যেন নাম, মধুছন্দা, তাই না?
তারপরই আবার বললো, কাল রাত্তিরে অত কান্নাকাটি করলো Ñ।
হ্যাঁ, মধুছন্দাই, কোনো সন্দেহ নেই, যদিও আজ শালওয়ার-পাঞ্জাবি পরে আছে।
মেয়েটি বসে আছে বেশ দূরে। আমাদের দেখতে পায়নি।
আজ সকাল থেকে মেয়েটির কথা মাঝে মাঝেই মনে পড়ছিল। স্বামীর সঙ্গে অত ঝগড়া হলো, বাড়িতে ফিরবেই না বলছিল, ওর জন্য দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক।
রশিদ অন্য পুলিশদের সঙ্গে মিটিং করছে, গান শুনতে আসেনি।
আমারও আর গানের দিকে মন নেই, কৌতূহল যেন একটা জীবন্ত প্রাণী হয়ে ছটফট করছে বুকের মধ্যে। এটা গল্প শোনার কৌতূহল, মানুষের আদিমকালের নেশা। মেয়েটা বাড়িতে ওর নিষ্ঠুর প্রকৃতির স্বামীর কাছে ফিরে গিয়েছিল, না অন্য কোথাও আশ্রয় নিয়েছে? ওরকম একটা কাণ্ড ঘটে গেল, তারপরেও এত তাড়াতাড়ি সে এই মেলায় গান শুনতে এসেছে? তাও আবার মাথায় ফুল গুঁজে।
শক্তি বললো, সেই হারামজাদাটাও তো এসেছে দেখছি!
একটু দূরে দাঁড়িয়ে মধুছন্দার স্বামী সিগারেট টানছে। তার গায়ে একটা টকটকে লাল জামা।
মধুছন্দা কি অন্য কারুর সঙ্গে এসেছে? ওর স্বামী ওর খোঁজ করার জন্য এসেছে আলাদাভাবে?
এ-সবই একটা গল্পর ছিন্ন অংশ। জোড়া দিতে না পারলে স্বস্তি নেই।
আমরা আর অন্য আখড়ায় যেতে পারছি না, মেয়েটির সঙ্গে একবার একটু কথা বলতেই হবে।
একজন বাউল গান শেষ করার পর অন্যজন উঠে যখন প্রস্তুতি নিচ্ছে, তখন শক্তি খানিকটা এগিয়ে গিয়ে ডাকলো, এই মধু, মধু Ñ
একদিনের আলাপেই শক্তি অনেকেরই নাম ভেঙে ছোট করে নেয়, আর তুই-তুকারি করে।
একজন ছেলে আর মধুছন্দা ঘাড় ঘুড়িয়ে এদিকে তাকালো।
ছেলেটিকে অগ্রাহ্য করে শক্তি মধুছন্দাকে হাতছানি দিল।
মধুছন্দা কাছে এসে খানিকটা বিস্ময়ের সঙ্গে বললো, ও মা, আপনারাও এই মেলায় এসেছেন? আগে বলেননি তো? আমি তো এই মেলায় প্রত্যেকদিন আসি।
কার সঙ্গে এসেছো?
আমার হাজব্যান্ড। সেও বাউল গান শুনতে খুব ভালোবাসে। নিজেও গায়।
সুজয় এসে দাঁড়ালো কাছাকাছি।
মধুছন্দা এমনভাবে তার স্বামীর সম্পর্কে কথা বললো, যেমনভাবে সব সুখী দম্পতিই পরস্পর সম্পর্কে মন্তব্য করে। যেন কাল রাত্তিরে কিছুই ঘটেনি। সুজয় অবশ্য আমাদের পাশে এলো না, নিজের থেকে কোনো কথাও বললো না।
আমারও ওই লোকটির সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি নেই। ওর মুখের ভাষা খুব খারাপ। তাছাড়া, বউকে যারা মারে, সেইসব লোকের মুখের দিকে তাকাতেও আমার ইচ্ছে করে না।
আরও দু-চারটে কথার পর মধুছন্দা ফিরে গেল তার আগের জায়গায়। সুজয়ও একটাও কথা না বলে গেল তার পেছনে পেছনে।
ও কি দেখতে এসেছিল, আমরা ওর সুন্দরী বউকে ফুসলে কোথাও নিয়ে যাবার চেষ্টা করি কিনা?
আমি শক্তিকে জিজ্ঞেস করলাম, কাল রাত্তিরে ওরা অমন বিশ্রী ভাষায় ঝগড়া করলো, তারপর একদিনের মধ্যে আবার ভাব হয়ে গেল। কী আশ্চর্য ব্যাপার না?
শক্তি বললো, হারামজাদাটা বউকে পেটায়। বেশ্যা-ফেস্যা মাগী কত কী বললো Ñ
আমি বললাম, তারপরও মধুছন্দা ফিরে গেল কী করে? ওর আত্মসম্মান বলে কিছু নেই?
শক্তি বললো, হোপলেস কেস! এ মেয়েছেলেটা কোনোদিন গায়িকা হতে পারবে না। আত্মসম্মান-জ্ঞান না থাকলে কেউ আর্টিস্ট হতে পারে?
আমি আর-একবার তাকালাম মধুছন্দার দিকে। ওর দাদা ওকে রেপ করার চেষ্টা করেছিল। বাপের বাড়িতে ফিরে যাবার কোনো উপায় নেই ওর। স্বামী ওকে সন্দেহ করে, মারে। সেই স্বামীর ঔরসে ওর দুটি সন্তান আছে। অর্থাৎ মেয়েটির জীবনটা ট্র্যাজেডিতে ভরা।
যারা এসব জানে না, তারা ভাববে স্বামীকে নিয়ে গর্বিত একটি সুখী মেয়ে। মাথায় ফুল গুঁজে এসেছে।
হয়তো এটাই ভালো। মেয়েটি আসলে অসহায়। মনের জোর নেই। সেই অসহায়ত্ব ঢেকে রাখার জন্য সাজগোজ করেছে। মাথায় ফুল।
এখানে যতজন মেয়ে বসে আছে, তাদের অনেকেরই জীবনে হয়তো চাপা রয়েছে এরকম অনেক ট্র্যাজেডি। জানা আর না-জানার মধ্যে অনেক তফাৎ হয়ে যায়।
শুধু মেয়েদের কথা মনে হলো কেন? অনেক পুরুষের জীবনেও গোপন ট্র্যাজেডি থাকে না? কত পুরুষের তো জীবনে কত জটিলতা থাকে, কত অপমান-নিষ্পেষণ অসহায়ভাবে সহ্য করে যেতে হয়, অথচ তা প্রকাশ করা যায় না। অথচ আজকাল নারীবাদীদের লেখা পড়লে মনে হয়, মেয়েরাই শুধু নির্যাতিত, আর সব পুরুষমানুষই বেশ মজায় আছে।
কিছুক্ষণ পর রশিদের তাঁবুতে ফিরে এসে দেখি, দুটি অল্পবয়েসি ছেলেমেয়ের সঙ্গে সে গল্প করছে। অল্পবয়েসি মানে, দু’জনেই বাইশ থেকে পঁচিশের মধ্যে। দু’জনেই গেরুয়া রঙের আলখাল্লা পরা। মাথার চুল চুড়ো করে বাঁধা। কপালে ও নাকে চন্দনের দাগ, একেই বোধহয় রসকলি বলে। তাদের হাতে চায়ের ভাঁড়।
রশিদ বললো, এসো আলাপ করিয়ে দিই। এই ছেলেটির নাম আকাশ দাস বাউল, আর মেয়েটির নাম মৃত্তিকা দাসী। এরা এই বছরেই প্রথম প্রকাশ্যে গান গাইছে। বেশ ভালো গলা।
আকাশ আর মৃত্তিকা? এ যেন রূপকের মতন।
আকাশের মুখে এখনো লেগে আছে কৈশোরের লাবণ্য। আর মৃত্তিকার ডাগর চোখদুটিতে যেন বিশ্বকে প্রথম দেখার বিস্ময়।
আমি আকাশকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? এই বীরভূমে?
সে রিনরিনে গলায় বললো, না গো দাদা, আমার বাড়ি মরুভূমিতে।
আমি একটু অবাক হয়ে বললাম, মরুভূমিতে? এদিকে মরুভূমি কোথায়?
সে বললো, কত মরুভূমি? তুমি দেখতে পাও না? কত সংসারই তো মরুভূমি। আর মানুষগুলো বাব্লা কাঁটার ঝাড়!
শক্তি একটু হেসে বললো, ওরে বাবা, এ যে ভাবের কথা বলে!
মেয়েটার দিকে তাকাতেই, কিছু জিজ্ঞেস করার আগেই সে বললো, আমার জন্ম সমুদ্দুরে। কান্নার সমুদ্দুর!
আমি বললাম, বেশ! তোমাদের দু’জনের দেখা হলো কোথায়?
মেয়েটিই বললো, এক গভীর জঙ্গলে। মনের ভুলে সেখানে আমি একলা ঢুকে পড়ে আর দিশা পাই না। কোন দিকে যাবো, সব দিকই এক মনে হয়। বড় ডর লাগছিল গো দাদা। যদি বাঘ-সিংগি এসে আমায় খেয়ে ফেলে। একটা বুনো তেঁতুল গাছতলায় বসে কাঁদতেছিলাম, এমন সময় শুনি বংশীধ্বনি। তারপর দেখি এই কালো মানিককে। দেখামাত্র মনে হলো, এ-ই আমার মনের মানুষ। এই মানুষ আমাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে।
ছেলেটি মুচকি হেসে বললো, সত্যি কথা বলতে কী, আমিও রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেক দিন ইচ্ছে ছিল, জঙ্গলে গিয়ে একটা চন্দন গাছ খুঁজবো। কিন্তু কোথায় চন্দন গাছ, শুধু চতুর্দিকে দেখি নিষ্ফলা বৃক্ষ। এক জায়গায় দেখি, গভীর আঁধার হয়ে আছে। সেখানে কারা যেন ফিসফাস করছে। ভয়ে আমার বুক ঢিপঢিপ করতেছিল। খুব ভয় লাগলে আমি বাঁশি বাজাই। বাঁশির সুর আমায় পথ দেখায়। তারপর এক স্থানে গিয়ে দেখি এক তরুমূলে এই কাঞ্চন কন্যাটি বসে আছে। আরও দেখি যে, ওর কপালে মঙ্গলরেখা। তখনই আমার সব ভয়-ভাবনা দূরিত হয়ে গেল।
রশিদ তার বিখ্যাত খ্যাঁ খ্যাঁ করে জোরে হেসে উঠে বললো, এখানে দু’দুটো জাঁহাবাজ পোয়েট আছে, তারা কখনো এভাবে কথা বলতে পারে না! তরুমূলে, অ্যাঁ? কাঞ্চনকন্যা, অ্যাঁ? বিউটিফুল!
আকাশ বাউল এ-কথায় একেবারেই লজ্জা পেল না। এটাই যেন তার স্বাভাবিক ভাষা।
আকাশের গায়ের রং বেশ কালো। মেঘবর্ণও বলা যেতে পারে। আর মৃত্তিকা দাসী ঠিক কাঞ্চনবর্ণা না হলেও ফর্সার দিকেই, অনেকটা চালতা ফলের মতন।
এরা দুটিতে যেন কৃষ্ণ আর রাধা।
যদিও পুরাণ-অনুযায়ী রাধার বয়েস কিছুটা বেশি হওয়া উচিত, সে তো আসলে কৃষ্ণের মামিমা। কিন্তু ওসব আর কেউ এখন মনে রাখে না। এখন সব ছবি আর মূর্তিতে কৃষ্ণ-রাধা সমান বয়েসি।
এদের বেশ চমৎকার মানিয়েছে।
যেহেতু ওদের দু’জনের কথায় একটুও কৃত্রিমতা নেই। সহজ, সাবলীল, তাই ওদের নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করতে ইচ্ছে হলো না।
শক্তি অবশ্য বললো, তোরা কী খেয়ে বেঁচে থাকিস রে? দখিনা পবন, না জ্যোৎস্নার আলো?
বিদ্রƒপটা ঠিক বুঝতে না পেরে আকাশ বললো, যখন যা পাই, তখন তাই খাই। মানুষের খিদে বড় বেশি গো! ফল-পাকুড় খায়, পশু-পাখি খায়, আবার মানুষ মানুষকেও খায়।
মৃত্তিকা দাসী বললো, আমি মাটির হাঁড়িতে চাল ফুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো কিছুই রান্না করি না।
শক্তি বললো, ফ্যান গালিস না তো? ফ্যান-ভাত অতি উত্তম জিনিস। সঙ্গে আলু সেদ্ধ দিস তো? আর যদি দু-একটা ডিম ফেলে দিস, তারপর একটু ঘি দিয়ে, অতি অপূর্ব খাদ্য!
আকাশ বললো, আমরা ডিম খাই না, ঘিও খাই না। নেহাৎ অন্ন ভক্ষণ না করলে আমার কষ্ট হয়, তাই শুধু চাল ফুটিয়ে নিই।
শক্তি বললো, বেশ, তাও মন্দ না। সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা থাকে নিশ্চয়ই!
মৃত্তিকা হঠাৎ হি হি করে হেসে উঠলো। এর মধ্যে হাসির খোরাক সে কী পেল কে জানে!
আমি বললাম, তোমরা ডালও খাও না? ডাল আবার কী দোষ করলো? আমি একসময় একটা গান শুনেছিলাম :
ডাইল রান্ধো রে
কাঁচা মরিচ দিয়া
গুরুর কাছে লওগা মন্তর
বিরলে বসিয়া
ও মন ডাইল রান্ধো রে…
মৃত্তিকা বললো, এ ডাইল আমাদের খাবার ডাল নয় গো। এ হলো পরমাত্মার সাধনা।
আমি অন্য একটি কৌতূহলে জিজ্ঞেস করলাম, তোমাদের দু’জনের কেউ কি কখনো ইশ্কুল-কলেজে পড়েছো?
আকাশ দু’হাত তুলে বললো, এই জগৎসংসারের বিশ্ববিদ্যালয়ে অনবরত পাঠ নিয়ে চলেছি। আর কোনো গুরুগৃহে যাইনি।
এটা একটা ধরা-বাঁধা উত্তর।
তবু আমার সন্দেহ হলো, অন্তত বইটই পড়ার মতন বিদ্যে ওদের আছে নিশ্চয়ই। একেবারে নিরক্ষর হলে কি এমন সাজিয়ে কথা বলতে পারে? অবশ্য আমি আগেও অনেক জায়গায় দেখেছি, গ্রামের মানুষ সাধারণ কথার মধ্যেও একটা কিছু তত্ত্বকথা খোঁজে। খাঁচা বললেই ভাবে দেহ-পিঞ্জর, ফল বলতেই বোঝে কর্মফল।
আমি আবার জিজ্ঞেস করলাম, এই মেলায় তোমরা গান গাইবে? মেলা শেষ হলে কোথায় যাবে?
ওরা দু’জন পরস্পরের দিকে তাকালো।
তারাপর আকাশ বললো, জানি না!
মৃত্তিকা বললো, আগে তো মেলা শেষ হোক। তারপর চিন্তা করবো। আগে থেকে চিন্তা করে কী লাভ গো দাদা!
আমার ইচ্ছে হলো, মেয়েটিকে একবার জড়িয়ে ধরে একটু আদর করি। তিনদিন পর কোথায় যাবে, তা সে এখন চিন্তা করতে চায় না। আমরা যদি এরকমভাবে তৈরি করে নিতে পারতাম জীবনটাকে!
রশিদ বললো, মেলার চ্যাঁচামেচির বদলে এখানে ওদের গান শুনে নাও খালি গলায়। সেই গানটা করো তো, বৃন্দাবন বিলাসিনী Ñ
এটা একটা পুরোনো গান। শুক-সারি সংবাদ। ওদের দু’জনের গলাতেই বেশ সুর আছে। গানের সঙ্গে শরীর দুলিয়ে নাচ, ভুরু কাঁপানো অভিনয়।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের!
শুক বলে, আমার কৃষ্ণের মাথায় ময়ূরপাখা
সারি বলে, আমার রাধার নামটি তাহে লেখা
ঐ যে যায় যে দেখা
শুক বলে, আমার কৃষ্ণ জগতের গুরু
সারি বলে, আমার রাধা বাঞ্ছা কল্পতরু
তবে কে কার গুরু!…
দু’খানা গান শোনবার পর রশিদ ওদের একটা পঞ্চাশ টাকার নোট দিতে চাইলে আকাশ জিভ কেটে বললো, আমাদের আজ পেটপুরে ভোজন হয়ে গেছে। টাকা নিয়ে কী করবো গো দাদা! মাথাটা ছুঁয়ে একটু আশীর্বাদ করে দ্যান শুধু।
টাকা দেখে মৃত্তিকার মুখে রাগ রাগ ভাব ফুটে উঠেছে!
সত্যিই, এইরকম ভাব, টাকা-পয়সার পরোয়া না করে কেউ কেউ এখনো জীবন কাটাতে চায়? কতদিন পারবে?
ওরা তিনদিন পরের কথাও ভাবে না আর আমি ভাবছি, কতদিন পারবে? ছিঃ!
হাত ধরাধরি করে ওরা দু’জন যখন তাঁবু থেকে বেরিয়ে গেল, তখন আমার মনে হলো, এত সুন্দর দু’জন মানুষ আমি বহুদিন দেখিনি।
একটু আগে, মধুছন্দা আর তার নিষ্ঠুর স্বামীটিকে দেখে মনের মধ্যে যে-গ্লানি জন্মেছিল, এদের দু’জনকে দেখে তা কেটে গিয়ে বেশ একটা নির্মল আনন্দ বোধ করলাম। ভাগ্যিস রশিদ ওদের ডেকে এনেছিল, তাই বাউল সম্প্রদায়ের ভবিষ্যৎ ধারা সম্পর্কেও আশাবাদী হওয়া গেল।
পরদিন শান্তিনিকেতন খানিকটা ছুঁয়ে ফিরে গেলাম চুঁচড়োয়। শক্তির এখনই কলকাতায় ফেরার মন নেই। সে আরও কিছুদিন এদিকে ঘোরাফেরা করতে চায়। আমি একাই উঠে পড়লাম ট্রেনে।
মাঝপথে শুরু হলো বৃষ্টি।
শীতকালে সচরাচর এমন বৃষ্টি হয় না। কিন্তু আজকাল ডিপ্রেশান অর্থাৎ নিম্নচাপ বস্তুটিকে একেবারেই বিশ্বাস নেই। প্রকৃতিই কি পালটে যাচ্ছে? শীতকালে এমন ঝড়-বৃষ্টি বাপের জন্মে দেখিনি।
হাওড়া স্টেশানে পৌঁছোলাম রাত পৌনে দশটায়। প্ল্যাটফর্মগুলোতে এখন জনারণ্য। কেউ বৃষ্টির জন্য বাইরে বেরুতে পারছে না। এ-সময় ট্যাক্সি পাওয়াও খুব মুশকিল।
কলকাতায় ফিরে বাড়ি পৌঁছোতে দেরি হলে খুব অস্থির অস্থির লাগে। লাইনে একটাও ট্যাক্সি নেই। বৃষ্টির মধ্যে ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত একটা শেয়ারের ট্যাক্সি পাওয়া গেল। এর মধ্যে জামা-প্যান্ট একেবারে ভিজে গেছে।
শেয়ারের ট্যাক্সিটা আমাকে গড়িয়াহাট মোড়ে নামিয়ে দিল। বাড়ির কাছে যাবে না। এখনো বৃষ্টি পড়ছে, তেমন তোড়ে না হলেও।
এদিকে আবার লোডশেডিং।
আমাদের ফ্ল্যাটবাড়িতে জেনারেটর আছে বটে, কিন্তু রাত দশটার পর আর চালাবে না। তাহলে কি হেঁটে উঠতে হবে দশতলায়?
গেটের দারোয়ান আমাকে এত ভেজা অবস্থায় দেখে বললো, স্যার, সাড়ে দশটা বাজে, এখন তো আর জেনারেটর চালাতে পারবো না। একটু বসে যান না, কারেন্ট এসে যাবে একটু পরেই।
সে-কথায় কর্ণপাত না করে আমি জেদ করে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে। যদি উঠতে উঠতে হার্ট অ্যাটাক-ফ্যাটাক হয়ে যায় তো হোক! এইরকম সময় মনে হয়, স্বাতী কেন শখ করে দশতলায় ফ্ল্যাট নিতে চাইলো? চার-পাঁচ তলা হলে তবু উঠতে অসুবিধে হয় না।
দশতলায় এসে হাঁপাতে হাঁপাতে বেল দিলাম দরজায়।
দু’বার, তিনবার, চারবার, কেউ সাড়া দিচ্ছে না! মানুষের ধৈর্যের তো একটা সীমা থাকবে! এবার কি দরজায় লাথি মারবো? উৎপল গেল কোথায়? স্বাতী নিশ্চিয় বাথরুমে, কিংবা টিভি দেখছে।
অবশ্য আমি যে আজই ফিরবো কিংবা কখন, তা কিছু জানাইনি।
তারপর একটি অলৌকিক কাণ্ড ঘটলো।
দরজা খুলে দিল একটি রমণী। প্রথমে মনে হলো অচেনা।
তারপরেই চিনতে পারলাম। এ তো আমাদের আনোয়ারা। ঢাকার শামীমের স্ত্রী। সে ফিরে এসেছে?
আমি বললাম, আরে! কী দারুণ সারপ্রাইজ!
আনোয়ারা কিন্তু আমার সঙ্গে একটাও কথা বললো না। দরজা খুলে দিয়ে ধীরপায়ে হেঁটে গিয়ে বসলো একটা সোফায়। নিচু করে রইলো মুখখানা। (ক্রমশ)

Leave a Reply
You must be logged in to post a comment.