ল রাত এগারোটায় আমার ফোন বেজেছিল। সাড়া দিতেই শুনলাম, ‘স্যার, সমরেশদা বলছেন?’

বললাম, ‘হ্যাঁ। আপনি?’

‘আমি খলিল। ঢাকা থেকে এসেছি। আপনার সঙ্গে খুব দরকার।’

কলকাতার প্রকাশকরা বলেন, ঢাকার লোকজন যোগাযোগ করলে আমি নাকি বিগলিত হই। অতএব গম্ভীর গলায় জিজ্ঞাসা করলাম, ‘আপনি কী করেন? দরকারটা কী?’

‘আমি বই ছাপি। সেই ব্যাপারেই কথা বলতে চাই।’ খলিল বললেন।

বেশ অবাক হলাম। এককালে পার্ল পাবলিকেশনের মেনুভাই আর অক্ষর প্রকাশনীর ফয়েজ আমার বই ছাপতেন। ইদানীং হাতেখড়ির করিমভাই আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ঢাকার প্রকাশকরা যে-কোনো কারণেই এ-ব্যাপারে বেশ শীতল। জিজ্ঞাসা করলাম, ‘আপনার প্রকাশনার নাম কী?’

হাসলেন খলিল, ‘নাম দেওয়ার দরকার হয়নি। আমি পাইরেট বই ছাপি।’

একজন পাইরেট বইয়ের ব্যবসায়ী আমাকে ফোন করছেন? তাজ্জব কাণ্ড!

জিজ্ঞাসা করলাম, ‘আমার বই ছেপেছেন?’

‘সব। তবে আপনি আমাকে বোকা বানাতে পারেননি।’ খলিল হাসলেন।

‘মানে?’

‘আপনি এবারের অন্যদিন ঈদসংখ্যায় ‘বৃষ্টিতে ভেজার বয়স’ নামে একটা চারফর্মার গল্প লিখেছিলেন। ঝপাঝপ পাইরেটরা তা-ই বই করে ছাপল। আমি ছাপিনি। কারণ আমার মনে হয়েছিল আপনি লেখাটাকে আরও বাড়াবেন। ঠিক তাই। মিত্র ও ঘোষ থেকে ওই বই পনেরো ফর্মা হয়ে বের হলো। আমি ওইটাই ছাপলাম। এখন আর কেউ অন্যদের চারফর্মার বই ছুঁয়েও দ্যাখে না।’ খলিল বললেন, ‘তাহলে কাল কখন দেখা পাবো আপনার?’

আজ সকালে আমি কলকাতার কাছেই একটা অনুষ্ঠানে যাবো। ফিরতে দুপুর হবে। তাই বাড়িতে না আসতে বলে জানতে চাইলাম খলিল কোথায় উঠেছেন? বাংলাদেশের মানুষ কলকাতায় এলে নিউমার্কেটের আশেপাশে ওঠেন বলেই জানি। ওই এলাকায় হিন্দি এবং উর্দুভাষী মানুষেরবাস। বেশির ভাগই ধর্মসূত্রে মুসলমান। নিউমার্কেটে শাড়ি কেনার জন্যে ওই এলাকার হোটেলে ওঠার প্রবণতা থাকতে পারে, কিন্তু পরিবেশ তো অনুকূলে নয়। কিছু বন্ধুকে বলেছিলাম, ভালোভাবে থাকতে হলে গড়িয়াহাট বা শ্যামবাজারে চলে এসো। কিন্তু সাড়া পাইনি।

খলিল জানালেন, তিনি নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল প্রিন্সে উঠেছেন এবং দুপুরে আমার জন্যে অপেক্ষা করবেন।

ফিরে আসতে দুপুর দেড়টা বেজে গেল। অনেকদিন পর ফ্রি স্কুল স্ট্রিটে ঢুকে আমি অবাক। দুপাশের দোকানগুলোর চেহারা এবং সাইনবোর্ড বদলে গিয়েছে। বাংলাদেশের টাকা ভাঙানোর দোকান, চট্টগ্রাম এবং ঢাকার বিখ্যাত রান্না পরিবেশন করছে যেসব রেস্টুরেন্ট তাদের নাম কস্তুরি অথবা রাঁধুনি। ফুটপাতে বেড়াতে-আসা বাংলাদেশের মানুষদের ভিড়। অনেকটা নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের চেহারা নিয়েছে ফ্রি স্কুল স্ট্রিটের একাংশ। এবং এইভাবে চললে বেশিদিন দূরে নেই যেদিন পুরো ফ্রি স্কুল স্ট্রিটটাই বাংলাদেশের আদল নিয়ে নেবে।

খলিলের বয়স বছর পঁয়তাল্লিশ। যথেষ্ট আপ্যায়ন করে আমাকে বসালেন। কী খাবো জানতে চাইলেন। আমি কিছুক্ষণ আগে খেয়েছি শুনে বললেন, ‘না স্যার, আপনাকে চিতল মাছের মুঠ্যা, ভাপা ইলিশ, আলু ভর্তা খেতেই হবে। খেলে মনে হবে আপনি ঢাকায় বসে আছেন।’

হেসে বললাম, ‘বাঃ! খুব ভালো কথা। জেনে রাখলাম। আরেকদিন এখানে আসবো শুধু খাওয়ার জন্যে। এখন বলুন, আপনার উদ্দেশ্য কী?’

‘স্যার, আমাকে একটা চারশো পৃষ্ঠার উপন্যাস লিখে দেন।’

‘সর্বনাশ। আমার পক্ষে অত বড় লেখা একনাগাড়ে লেখা সম্ভব নয়।’

‘একটু একটু করে লিখুন। আপনাকে আমি এখনই এক লাখ টাকা দিয়ে যাচ্ছি অগ্রিম

হিসেবে। বাকিটা, ধরুন, আরও দুই লাখ দেবো যখন পাণ্ডুলিপি নেব।’

হেসে ফেললাম। পশ্চিমবাংলার ঐতিহ্যমণ্ডিত এবং সবচেয়ে বিখ্যাত পাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে তাঁরা যে-ধারাবাহিক উপন্যাস ছাপবে তা লেখককে পুরোটা লিখে দিতে হবে। এতকাল আমরা প্রতি সংখ্যার লেখা ঠিকসময়ে দিয়ে যেতাম। এখন ওঁরা নিয়ম বদলেছেন। ফলে আমার পক্ষে পুরো লেখা একসঙ্গে না লিখতে পারায় উপন্যাস দিতে পারিনি। আর খলিল সেই কর্মটা আমাকে দিয়ে করাতে চাইছেন। জিজ্ঞাসা করলাম, ‘বইটার দাম কত করবেন?’

‘আড়াইশো।’

‘তাহলে তো ছয় হাজার বিক্রি হয়ে গেলেই আপনার দিতে যাওয়া টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর?’

খলিল বিন্দুমাত্র বিচলিত হলেন না, ‘স্যার, আপনি তো একটা টাকাও পেতেন না, আমি তবু তিন লাখ টাকা আগাম দিয়ে যাচ্ছি।’

হেসে জিজ্ঞাসা করলাম, ‘কেন দিতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না।’

‘খুব সোজা। এখন আমি যেমন আপনাদের বই পাইরেট করে ছাপি তেমনি বাংলাবাজার, বগুড়ার আরও অনেকে একই কাজ করে। বাংলাদেশের বইয়ের দোকানদার একই বই বিভিন্ন পাইরেটদের কাছ থেকে কেনে, কেনার সময়ে কমিশন বাড়ানোর জন্যে চাপ দেয়। জানেন, গত সপ্তাহে যে-বই ফিফটি পার্সেন্ট কমিশনে দোকানদারকে দিয়ে এসেছি তা এই সপ্তাহে সিক্সটি পার্সেন্ট দিতে হয়েছে, কারণ আরেকজন পাইরেট

তার বই গছাবার জন্যে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে এসেছে।’ খলিল

খুব অসন্তুষ্ট।

‘একই বই সবাই পাইরেট করছেন বলে দোকানদাররা সুবিধে নিচ্ছে। আপনারা, মানে পাইরেটরা একসঙ্গে বসে ঠিক করুন কে কোন বই পাইরেট করবেন। তাহলে সবাই একচেটিয়া ব্যবসা করতে পারবেন।’ আমি উপদেশ দিলাম।

‘পাগল! কখনো শুনেছেন বাঙালিরা একমত হয়ে কিছু করেছে। তাহলে দেশটা তো সোনার দেশ হয়ে যেত। এখন আমরা আমাদের চিনি, তখন অচেনা লোক ব্যবসায় নেমে পড়বে। যাক গে, আপনি রাজি তো?’ খলিল আমার হাত ধরলেন।

‘আমাকে এত টাকা দেবেন, আপনার ছাপা বই তো পাইরেট হবে, তখন?’

সঙ্গে সঙ্গে আকর্ণ হাসলেন খলিল, ‘না স্যার। ইন্ডিয়াতে ছাপা হচ্ছে না, কোনো পত্রিকায় নয়, আমিই প্রথম ছাপব। আমার বই কেউ পাইরেট করতে সাহস পাবে না। তাছাড়া আপনি লিখে দেবেন যে, আমাকেই বৈধভাবে ছাপতে দিচ্ছেন। সেইমতো আমি আইনগত ব্যবস্থা নেব। ও নিয়ে আপনি চিন্তা করবেন না।’

‘এখন আপনি আমার যে-বই ছাপেন তাতে কম্পোজ করার খরচ লাগে না, আমাকে কোনো টাকা দিতে হয় না, পাঠকদের জানাতে বিজ্ঞাপন দিতে হয় না। সরাসরি মূল বই থেকে ফিল্ম করে কাগজে ছেপে ফেলেন। একশ টাকার বইয়ের জন্য আপনার কুড়ি টাকাও খরচ হয় না। ষাট টাকা কমিশন দিলেও কুড়ি টাকা লাভ থাকে। নতুন বই ছাপলে আমাকে টাকা দেবেন, বিজ্ঞাপন দিতে হবে, শিল্পীকে দিয়ে মলাট আঁকাতে হবে এবং কম্পোজের খরচ আপনাকেই বহন করতে হবে। তারপর?’ জিজ্ঞাসা করলাম।

খলিল মাথা নাড়লেন, ‘তখন কমিশন নেমে যাবে ত্রিশ পার্সেন্টে। আর কেউ তো দোকানদারকে ওই বই দিতে পারবে না। পাঠক চাইলে আমার কাছ থেকে নিতে সে বাধ্য। তারপর, স্যার, আপনাকে তিন লাখ দেওয়ার পর আর তো কিছু দেবো না। আপনার গর্ভধারিণী আমি কুড়ি হাজার বিক্রি করেছি, সাতকাহন পঁচিশ হাজার। কম্পিটিশন না থাকলে নতুন বই আরও অনেক বেশি বিক্রি করতে পারব। তবে হ্যাঁ, পাঁচ বছরের মধ্যে আপনি ইন্ডিয়ার কোনো প্রকাশককে ওই বই ছাপতে দেবেন না। কারণ আপনার ওই বই আমি ইন্ডিয়াতে এক্সপোর্ট করব।’

‘এখানকার পাঠকরা কিনবেন না। কারণ আপনাদের ওখানে বইয়ের দাম বেশ বেশি।’

‘ইন্ডিয়াতে যে-বই পাঠাবো তার দাম কমিয়ে দেবো।’

আমি খলিলের মুখের দিকে তাকালাম।

খলিল বলল, ‘একবার হ্যাঁ বলুন স্যার। ঠিক আছে, প্রত্যেক বছর আপনি আমার খরচায় পাঁচতারা হোটেলে সাতদিন থাকবেন। তিনদিন কক্সবাজারে ঘুরবেন। এটা এক্সট্রা।’

‘যদি রাজি না হই?’

‘আমি আপনার সব বই ছাপব। আপনি একটা টাকাও পাবেন না।’

‘কলকাতায় এসে আপনি মুখের ওপর একথা বলছেন?’

‘স্যার, কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। মিথ্যে বলতে

পারব না।’

‘ঠিক আছে, ভেবে দেখি।’

‘দেখুন। রাজি থাকলে কাল সকালেই এক লাখ টাকা পেয়ে যাবেন।’‘বাঃ। ধরুন, কাল টাকাটা নিলাম, কিন্তু উপন্যাসটা লিখলাম না। তখন?’

‘পারবেন না। আমি আপনার সন্তানদের জানিয়ে দেবো যে, তাদের বাবা বেঈমান। এটা সহ্য হবে না আপনার। সহ্য হলে কালবেলা লিখতে পারবেন না। ঢাকায় কিছু নামি লেখক আছেন। তাঁরা অ্যাডভান্স নেওয়ার সময়ে বইয়ের নাম কী হবে বলে দেন। সঙ্গে সঙ্গে তার প্রকাশক আর্টিস্টকে দিয়ে মলাট আঁকিয়ে ছেপে ফেলেন। তারপর তাগাদা দিতে দিতে একসময়ে পাণ্ডুলিপি পাওয়া যায়। কিন্তু তখনই মুশকিল হয়। টাকা নেওয়ার সময়ে লেখক গল্প মনে না থাকায় নাম দিয়েছিলেন, ‘নীলবসনা সুন্দরী’। দুবছর পরে উপন্যাস যখন লিখলেন তখন দেখা গেল কোনো চরিত্র নেই যে নীলবসনা। কী আর করা যাবে? ছাপা মলাট তো ফেলে দেওয়া যায় না। আমি কিন্তু আপনার কাছ থেকে এখনই কোনো নাম চাই না। উপন্যাস শেষ করে তারপর নামকরণ করবেন।’

হোটেল থেকে বেরিয়ে এলাম। খলিল আমার পাশে হাঁটছিল। হঠাৎ একটি লোক পাশে এসে হাসল, ‘শাড়ি নেবেন স্যার? খাঁটি জামদানি।’

অবাক হলাম, ‘জামদানি?’

‘হ্যাঁ, স্যার। আজই এসেছে ঢাকা থেকে। একেবারে নতুন ডিজাইন।’

সঙ্গে সঙ্গে খলিল খেঁকিয়ে উঠলেন, ‘অ্যাই মিঞা, ভাগো তো? স্যারকে জামদানি দিতে হলে আমি দেবো। যাও।’

লোকটা তবু নড়ছে না, ‘স্যার বাংলাদেশের সব জিনিস আমার কাছে আছে। যা চাই বলুন, পেয়ে যাবেন। মালের গ্যারান্টি দিচ্ছি।’

খলিল আমাকে সরিয়ে আনলেন, ‘বুঝলেন স্যার, এই জায়গাটা এখন বাংলাদেশের জালি মালে ভর্তি হয়ে গিয়েছে। প্রত্যেকদিন কত মানুষকে ঠকাচ্ছে এরা। আমাদের দেশের সরকার যেমন ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে, আপনাদের দেশের সরকারও কিছু পাচ্ছে না। অন্যায়, খুব অন্যায়।’

খলিলের মুখের দিকে তাকালাম। সে একজন ক্ষমতাবান পাইরেট। নিজে যে বেপরোয়া বেআইনি কাজ করছে সেটা বেমালুম ভুলে গেছে এখন।

আমি জানি, বাংলাদেশের বন্ধুরা, লেখকরা, কখনোই পাইরেটদের এই আচরণ পছন্দ করেন না। সরকারি উদাসীনতা তাঁদের ভালো লাগে না। কিন্তু সত্যি তো, তাঁদের পক্ষে তো পাইরেটদের থামানো সম্ভব নয়। কারা পাইরেট, তা বাংলাবাজারের অনেকেই জানেন। কিন্তু যে-বই তাঁরা ছেপে বিক্রি করেন সেখানে তাঁদের কোনো হদিস নেই। খাতায়-পত্রে প্রমাণ না পেলে আদালতে অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না। আমরা যদি মামলা করতে চাই তাহলে ঢাকায় যেতে হবে। কিন্তু কার বিরুদ্ধে মামলা করব? পুলিশ সক্রিয় হলে যে-প্রেস থেকে পাইরেটরা বই ছাপান বা যে-দপ্তরিখানা থেকে বই বাঁধান, সেখান থেকে পাইরেটদের নাম উদ্ধার করতে পারে। কিন্তু তাদের সক্রিয় করবে কে?

‘পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় পুরুষ লেখক বাংলাদেশে প্রায়ই বেড়াতে যান মোগলাই খানাপিনা, অবাধ খাতির-যত্ন আর খানসামাওয়ালা বাড়ির যারপরনাই আরাম পেতে, তাঁরা কিন্তু পাইরেসির বিরুদ্ধে মোটেও মুখ খোলেন না। মুখ খুললে বিদেশের আরাম-আয়েস যদি কিছু কমে যায়!’ (তসলিমা নাসরিন, আনন্দবাজার পত্রিকা, ৬ ফেব্রুয়ারি, ২০০৫)।

কালি ও কলমের পাঠকদের ওপরের লাইনগুলো জানাতে হলো এই কারণে, তথ্যবিকৃত করার যে-চেষ্টা চলছে তার একটা নমুনা রাখা দরকার। খানাপিনা এবং খাতিরের লোভে পাইরেটদের বিরুদ্ধে আমরা মুখ খুলি না বলে মহিলা কাগজে লিখেছেন। তাহলে ওই খাতিরটা বাংলাদেশে গেলে কারা করেন? পাইরেটরা? ভাবুন ব্যাপারটা। অথচ আমি গেলে হুমায়ূনের বাড়িতে উঠি অথবা হোটেলে। আড্ডা মারতে যাই আনিসদা বা অন্যদিন-সম্পাদক মাজহারের বাড়িতে, মনেপ্রাণে যাঁরা পাইরেটদের অপছন্দ করেন। কিন্তু নিজেকে বিখ্যাত বানাবার লোভে মহিলা আনিসদাদেরও পাইরেটের বন্ধু বানিয়ে ছাড়লেন। উনি জানেনই না, বা জানলেও জানাতে চান না যে, আমি-সুনীলদা ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নিতে বলেছিলাম। সেটা পরের দিন কাগজে বা টিভিতে প্রচারিত হয়েছিল। সবাই জানল, শুধু ওই মহিলা অন্ধ এবং বধির হয়ে থাকলেন।

কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। সবদেশেই অসৎ লোভী ব্যবসায়ী থাকে। আমাদের সীমান্তের জেলাগুলোতে যেসব বইয়ের দোকান আছে তারা কলকাতা থেকে বই কিনে নিয়ে গিয়ে বিক্রি করে। যাতায়াতের খরচ আছে এবং শতকরা তিরিশ পার্সেন্ট কমিশনে বই কিনতে হয়। সেই একই বই ঢাকার পাইরেটরা চোরাপথে তাদের দোকানে চল্লিশ পার্সেন্ট কমিশনে পৌঁছে দিচ্ছে বলে খবর। দোকানদার দেখছে যে, তাকে পয়সা খরচ করে কলকাতায় যেতে হচ্ছে না, উলটো দশ পার্সেন্ট বেশি কমিশন পাচ্ছে। ফলে তার লোভ বেড়ে যাচ্ছে। ক্রমশ পাইরেটরা চেষ্টা করবে পশ্চিম বাংলার আরও ভেতরে ঢুকতে। কেউ কেউ আরও সাহসী। কলকাতা থেকে অর্ডার দিচ্ছে মহম্মদ নাসিমের বেনারসী বইটির জন্যে। পাঁচশো কপি বেনারসী কাস্টমসের স্বীকৃতি নিয়ে দেশে ঢুকল। সেই বইগুলোর মলাট নেই। সাদা কাগজে বেনারসী এবং মহম্মদ নাসিম লেখা। বই ছাড়িয়ে নিয়ে সেই মলাট ছিঁড়ে ফেলে নতুন মলাট লাগানো হলো, সমরেশ মজুমদার – জন্মদাগ। বইয়ের ভেতর কী লেখা আছে তা কাস্টমস অফিসার দেখতে যাবেন কেন? মলাটের নাম দেখে তাঁর মনে হবে ঠিক বই এসেছে।

কিন্তু ব্যতিক্রম আছে। যেমন ঢাকার জামান। সে আমার বই কেনে, কিন্তু পাইরেট বই দেখলেই মুখ ফেরায়। বই দেখে বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। তার বক্তব্য, ‘আমি সাহিত্য ভালোবাসি। নকল বই কিনে নিজের মনকে নোংরা করব কেন?’

আমাদের ভরসা এই জামানরা। এঁরা কখনোই পাইরেটদের ছাপা বই কিনবেন না। জামান এখন বড় চাকরি করেন। শুক্রবার ছাড়া প্রতিটি দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তাঁকে অফিসে সময় দিতে হয়। কোনোদিন বিকেলের দিকে সময় পেলে নিউমার্কেটে যান। সেখানকার বইয়ের দোকানদাররা তাঁকে চেনেন। পছন্দসই লেখকের নতুন বই পেলেই কিনে ফেলেন। শুনতে পাই, আজ অবধি আমার যত বই বেরিয়েছে তার প্রত্যেকটির একটি কপি জামানের সংগ্রহশালায় রয়েছে। সেইসব বইয়ের অনেকগুলো আমার কাছেই নেই। প্রকাশক মারা যাওয়ার পর ব্যবসা বন্ধ হয়ে গেছে। মেয়েদের বলেছি, আমি যখন থাকব না, তখন আমার কোনো বই প্রয়োজনের সময় না পেলে ঢাকার জামানকে চিঠি লিখতে।

নিউমার্কেটের বইয়ের ব্যবসায়ীরা পাইরেটদের শত্রু নন। এই ব্যাপারটা জামানের ভালো লাগে না। তাঁর মুখেই শোনা, কেউ এসে সুনীল-শীর্ষেন্দু-বুদ্ধদেব এবং সুচিত্রা ভট্টাচার্যের কোনো বই চাইল। বিক্রেতা পাইরেট কপি সামনে রাখলেন। পাঠক পাতা উলটে জিজ্ঞাসা করল, ‘কততে দেবেন?’ একশ টাকার বইটি সত্তর টাকায় পেয়ে পাঠক খুশি।

জামান তাকে সতর্ক করেছিলেন, ‘ভাই, এটা বেআইনি ছাপা বই। ভেতরের সব পাতা ঠিকঠাক আছে কিনা সন্দেহ।’

ক্রেতা ঘাবড়ে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ‘ইন্ডিয়ার ছাপা বই নাই?’

‘এখন তো আর ইমপোর্ট হয় না। আর হলে কমিশন দিতে

পারব না।’

উত্তর শুনে ক্রেতা সত্তর টাকায় বই নিয়ে চলে গেলেন।

তাহলে জামান মূল বই পাচ্ছেন কী করে? প্রত্যেক মাসে পাইরেট বই দেখে তিনি তালিকা তৈরি করে দোকানদারকে দিয়ে বলেন, ‘আমার এইসব বই চাই। ইন্ডিয়া থেকে আনিয়ে দিন।’ দোকানদার সেটা আনিয়ে দেন।

কিন্তু কেন? আমি মিলিয়ে দেখেছি কলকাতায় প্রকাশিত আমার একটি বইতে যতগুলো লাইন এবং অক্ষর আছে পাইরেট কপিতেও ঠিক তাই রয়েছে। পড়লে পাঠক ঠকবেন না। সব বই অবশ্য এ-সত্য বলে না। যেগুলো ঠিকঠাক থাকে সেগুলো কিনছেন না কেন জামান?

জামানের বক্তব্য, ‘আমি মনে করি একজন লেখক অনেক যত্ন নিয়ে সততার সঙ্গে যে-সাহিত্য রচনা করেন তা আমি পবিত্রভাবে পড়তে চাই। পাইরেটদের নোংরামিকে আমি প্রশ্রয় দেবো না। তারা লোকদের বঞ্চিত করে নিজেরা লাভ করতে চাইছে। এটা তো স্রেফ জালিয়াতি। সাহিত্য আর যাই হোক জালিয়াতদের সম্পত্তি হতে পারে না।’

আমি বিশ্বাস করি, জামানদের সংখ্যা বাড়বেই।