মূলত কবি, কিন্তু গদ্য লিখেছেন অজস্র। শিশু-কিশোরদের জন্য লিখেছেন উপন্যাস, গল্প, অ্যাডভেঞ্চার ও ছড়া। কবিতা দিয়েই লেখালেখির শুরু। কবিতাতেই নিজেকে উজাড় করেছেন। বহুল পঠিত কিশোর-উপন্যাস রায়হানের রাজহাঁসের রায়হান আর কেউ নন, লেখক স্বয়ং; বাড়িতে নীলু, সাহিত্যিক মহলে আবু কায়সার। কারও সাতে-পাঁচে ছিলেন না। রাজধানীর কোলাহলে থেকেও ছিলেন নিভৃতচারী। নির্লিপ্ত, নির্মোহ এই কবি শুধুমাত্র ক্ষুণ্নিবৃত্তির জন্য নানা বিষয়ের ওপর কলম চালিয়েছেন। বই প্রকাশের ক্ষেত্রে কখনো প্রকাশকের পেছনে ঘোরেননি। পঁয়ত্রিশটির মতো গ্রন্থ বেরুলেও অগ্রন্থিত রয়েছে অসংখ্য লেখা। ১৯৯৮ সালে প্রকাশিত বাংলা একাডেমী লেখক-অভিধানে ১৮টি গ্রন্থের উল্লেখ রয়েছে। সাধারণত কোনো লেখকের একাধিক গ্রন্থ প্রকাশিত হলে শেষগ্রন্থে পূর্ববর্তী গ্রন্থগুলোর তালিকা থাকে। এ থেকে লেখকের রচনাগুলোর খবর পাওয়া যায়। আবু কায়সার এ-ক্ষেত্রে ব্যতিক্রম। তাঁর কোনো বইয়ে (নিবন্ধকারের দেখা অন্তত ২০টি গ্রন্থ) নিজের প্রকাশিত গ্রন্থের কোনো তালিকা খুঁজে পাওয়া যায়নি। এ-থেকেও তাঁর নির্মোহের পরিচিতি মেলে। জীবিতকালে তাঁর লেখালেখি নিয়ে তেমন আলোচনা হয়নি। যেহেতু নির্মোহ, তিনিও এ-বিষয় নিয়ে কোনো আলোচক-সমালোচকের দ্বারস্থ হননি। বরং অন্যের অনেক গ্রন্থেরই তিনি ছিলেন আলোচক। তাঁর নির্বাচিত কবিতা গ্রন্থের শেষ প্রচ্ছদে প্রকাশকের মন্তব্য হিসেবে দুই পূর্ণচ্ছেদের মধ্যে দশটি পঙ্ক্তি রয়েছে। সেখানে প্রকাশক বলেছেন, ‘নিভৃতচারী প্রচারবিমুখ কবি আবু কায়সার, স্বীকৃতির তোয়াক্কা না করে, অগ্রজদের অবহেলা আর সমকালীনদের উপেক্ষার পরও নিজস্ব আগুনে পুড়ে-পুড়ে কখনো নকশিকাঁথার সীবন-শিল্পে, কখনো সম্ভাব্য অনিত্যের অস্তিত্ব অনুভব করে একান্তে ভেঙেছেন প্রচল প্রথা, আবার কখনো-বা তাঁর নিপুণ হাতে বোধের শানিত তুলিতে শব্দ গেঁথে গেঁথে তৈরি করেছেন অনুভবের আপন ভুবন।’ তাঁর কবিতা সম্পর্কে এই সারাৎসারের পর্যাপ্ত ব্যাখ্যা-বিশ্লেষণ জীবদ্দশায় হয়নি। অতৃপ্তি নিয়েই তিনি প্রস্থান করলেন বাংলা সাহিত্যের জটিল মঞ্চ থেকে, জীবনের কোলাহল থেকে। শ্বাসকষ্ট ছিল তাঁর আমৃত্যু শত্রু। প্রথমদিকের কবিতা ‘সৌরবিচারে’ বিষয়টি স্পষ্টভাবেই তিনি নিরূপিত করেছেন এভাবে –
বড়ো শ্বাসকষ্ট হয় মগজের চোরাকুঠুরিতে
ইঁদুরপ্রতিম শব্দ; যেন এক লক্ষ উয়িন্ডমিল
চলেছে প্রবল বেগে ছিঁড়ে খুঁড়ে ফেলবে এক্ষুনি
আমার সমগ্র শিল্প যতো কবিতার প্রতিকৃতি
সৌর কলঙ্কের সাথে আমার কলঙ্ক একাকার
ক্ষমাহীনতার বজ্রে ঝলসে দাও আমুণ্ড আমাকে।
এখানে সৌরকলঙ্কের সঙ্গে নিজেকে একাকার করে দিয়ে ইতিবাচক হয়ে উঠেছে তাঁর কবিসত্তা।
আবু কায়সার ষাটের দশকের কবি। বাংলা কবিতায়, বাংলাদেশের কবিতায় ষাটের দশকের কবিদের ইতোমধ্যে সালংকারা স্থান নির্ধারিত হয়ে গেছে। এই দশকের শক্তিমান কবিরা নিজ নিজ ক্ষেত্রে স্বাতন্ত্র্যের উজ্জ্বল ধারায় এখন অভিষিক্ত। ষাটের কবিদের তালিকার বড়ো একটি অংশ জন্মসূত্রে টাঙ্গাইলের। রফিক আজাদ, অরুনাভ সরকার, বুলবুল খান মাহবুব, মাহবুব সাদিক, আল মুজাহিদী, সাযযাদ কাদির, শাহনূর খান ষাটের উল্লেখযোগ্য কবি। পিতার চাকরিসূত্রে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে আবু কায়সারের জন্ম হলেও তাঁর শৈশব-কৈশোর অর্থাৎ জীবনের অর্ধেক সময় কেটেছে পিতৃভূমি টাঙ্গাইলে। এ-কারণে, গদ্যে ও পদ্যে তাঁর স্মৃতির শহর উঠে এসেছে বিভিন্ন আঙ্গিকে। যদিও তাঁর টিন টাউনের বর্তমান চেহারা কংক্রিটের আদল পেয়েছে। কিন্তু চিত্রকল্প অতীতাশ্রয়ী বলেই ‘টিন টাউন’ কবিতাটি শিকড়ে ফিরে যেতে সাহায্য করে।
‘স্টেটবাস থেকে নেমে একশো তিন জ্বর-গায়ে কাঁপতে কাঁপতে আমি রিকশাঅলাকে চেঁচিয়ে বললাম, এই তো এই সামনের কলোনিটা পার হলেই দেখতে পাবে আমার মায়ের নিজের বাড়ি, এমন ঝলমলে স্মার্ট শীতসকালে আমার আর ভয় কি, আমি খুব লক্ষ্মী ছেলেটির মতো শুয়ে থাকবো তিমির পেটের মতো সুডোল সুঠাম আমাদের মস্ত উঠোনের মাঝখানে – রোদ্দুরে’ (টিন টাউন)
নানা বিষয়কে তিনি কবিতায় উপজীব্য করেছেন। নগরে থেকেও নাগরিক হতে পারেননি। জনারণ্যে যেমন একা, কোলাহলেও নিভৃতচারী। নাগরিকতার অট্টরোল থেকে শিল্পগত স্বাতন্ত্র্য বজায় রেখে তিনি প্রকৃতিপ্রেমিক হয়ে ওঠার চেষ্টা করেছেন। যদিও প্রকৃতি-বিরুদ্ধ কর্মকাণ্ড তাঁকে পীড়া দিয়েছে। ‘বুলডোজার’ কবিতায় আক্ষেপ করেছেন এভাবে –
আমি বড়ো স্মৃতিনির্ভর
আমি বড়োই অপ্রাসঙ্গিক –
নইলে এমন পুঞ্জ পুঞ্জ কৃষ্ণচূড়ার ওপর দিয়ে
একটা থমথমে চেহারার মিশকালো এবং গর্জনহীন
বুলডোজার চলে যেতে দেখি কেন!
(নির্বাচিত কবিতা, পৃ ৬৩)
শাশ্বত জীবনবোধ থেকে উৎস চয়ন করে ‘আমার প্রকল্পের নাম’ কিংবা ‘চেয়েছিলাম’ কবিতায় যে-দর্শন তিনি প্রকাশ করতে চান তার সাধারণ অর্থ হচ্ছে ভালোভাবে বেঁচে থাকার আর্তি। যদিও চাওয়া-পাওয়ার প্রকৃত হিসাব কখনো মেলে না, কিন্তু কবিতা-কল্পনালতায় তা বেড়ে ওঠে লাউয়ের ডগার মতোই।
ক.
আমার প্রকল্পের নাম বিষণ্নতা।
রোগ-পাণ্ডুর করতলে ঠান্ডা কমলালেবু
কামিনী ফুল আর পাতাবাহারের ঝাড়
ছোট শহরের নির্জন টিনের বাড়ি …।
(আমার প্রকল্পের নাম; যাদুঘরে প্রজাপতি, পৃ ২৯)
খ.
চোখের ওপর আঙুল রাখি চোখের কি চেহারা
তাতো আমার চোখ জানে না অথচ নেই সাড়া
লোভের দিকে হাতের কেবল চোখ দিয়ে কি চলে
চেয়েছিলাম লোহা ও ধান মেলাতে এক দলে।
(চেয়েছিলাম; নির্বাচিত কবিতা, পৃ ৫২)
মৃত্যুচিন্তার অনুষঙ্গ তাঁর বেশকিছু কবিতার মধ্যে দৃশ্যমান। ‘সৌরবিচার’ কবিতা থেকেই মৃত্যু-ভাবনার শুরু। ‘ডাকছে স্টিমার’, ‘মর্গ’ কিংবা ‘বিদায় ইজি চেয়ার’ কবিতায় এই বিষণ্নচিন্তার প্রতিফলন ঘটেছে।
ক.
ফেরার সময়
ব্যাপক ভ্রমণসূচি কেমন সংক্ষিপ্ত মনে হয়।
দেয়াল ফুলের পাপড়ি লুটোয় দিঘল করিডরে হোটেলের প্রাতঃরাশ
বড়োই বিস্বাদ লাগে;
পকেট কামড়ে ধরে পরবর্তী স্টেশনের হলুদ টিকিট।
(ডাকছে স্টিমার; নির্বাচিত কবিতা, পৃ ২১)
খ.
ফুরিয়ে আসে, ফুরিয়ে এলো স্তব্ধ অবকাশ
দরজা খুললে সদর রাস্তা – বিষণ্ন যানবাহন
পেছনে জল, পালের নৌকা পাটের প্রাচীর আর
কোড়া পাখির একঘেয়ে ডাক
সামান্য এই ছবি –
… … …
ফুরিয়ে যায় ফুরিয়ে যায় সামান্য সংসার
দরজা খুললে সরল রাস্তা বিষণ্ন এক বাহন।
(বিদায় ইজি চেয়ার; নির্বাচিত কবিতা, পৃ ৫১)এ-বিষয়ে তাঁর বিভিন্ন কবিতায় ‘হলুদ’ শব্দটি ঘুরেফিরে এসেছে। এরকম কিছু পঙ্ক্তি –
১. পকেট কামড়ে ধরে পরবর্তী স্টেশনের হলুদ টিকিট। (ডাকছে স্টিমার)
২. আমি হলুদ ঘরে যাবো। (মূল দরোজা)
৩. লেবু ফুলের ফাঁকে ফাঁকে হলদে রঙের প্রজাপতি উড়ছে। (স্যানাটোরিয়াম)
৪. জানি – এভাবেই তৃণভূমে ঝরে পড়বে হলুদ কুয়াশা। (জ্যোৎস্নায় মাতাল জেব্রাগুলো)
৫. মাথার ওপর হলুদরঙা গামের মতো চুঁইয়ে পড়ে গরম। (ইদিলপুর কতোদূর)
৬. দেখে যাই তিতির ও হরিণের নির্ভরতা, অজস্র হলুদ পাতায় ক্রমে ক্রমে। (রণের ভেতর এক্কাদোক্কা খেলা)
৭. নদীর ভেতরে নদী, হলুদের ভেতরে হলুদ (হলুদ নদী, ফেরারি সাঁওতাল)
৮. অনন্ত উঠোন জুড়ে ছড়িয়েছে হলুদের অধিক হলুদ (ঐ)
৯. হেমন্তের বারান্দায় বুড়োর হলুদ মুখে আলো (কালো নদী)
অলংকারহীন কিংবা অলংকারসর্বস্ব নয়, অলংকারের যথার্থ ব্যবহার আছে তাঁর কবিতায়। উপমা, রূপক, চিত্রকল্প কিংবা প্রতীকের নিপুণ প্রয়োগে তাঁর কবিতা হয়ে উঠেছে দৃশ্যময়। অজস্র উপমার মধ্যে কয়েকটি নিম্নরূপ –
১. রাজহাঁস সদৃশ ভেসে যাওয়া স্পীড বোটে (আশ্বিনের ক্ষুধার্ত জিরাফ)
২. প্রেমের যতো দিব্য অসুখ (মূল দরোজা)
৩. বৃহন্নলাদের মতো সন্দেহজনক সুড়সুড়ি (আশ্বিনের ক্ষুধার্ত জিরাফ)
৪. সকালটা গুণ্ডার মতো বেপরোয়া কড়া নাড়লো (সকালটা গুণ্ডার মতো)
৫. পাকা আমলকির মতো খসে (ঐ)
৬. চষে বেড়াচ্ছি ক্ষিপ্তের মতো (আমি খুব লাল একটি গাড়িকে)
৭. প্রবল জ্বরের মতোন জীবাণু/ আমার শরীর ঠুকরে খাচ্ছে (ঐ)
৮. শাদা শার্টের কলার ঘেষে শিক্ষিত সাপের মতো/ বুক পরীক্ষা যন্ত্র। (স্যানাটোরিয়াম)
৯. ফ্যানটাসির মতো এক জোড়া ঠান্ডা চোখ (্ঐ)
১০. স্ট্রাইকের ডাক বাক্সের মতো নিঃসঙ্গ – একা একা (কোথাও যাওয়া হয় না)
১১. উদ্ভিদহীন এই অদ্ভুত ফুটপাতে বেজোড় সংখ্যার মতো/ আর কতদিন এমন দাঁড়িয়ে থাকতে হবে (ঐ)
১২. খুব লক্ষ্মী ছেলেটির মতো শুয়ে থাকবো তিমির পেটের মতো (টিন টাউন)
১৩. সোনা বাঁধানো দাঁতের মতো রাশি রাশি/ মৃত গুলমোহর। (টাওয়ারের চূড়োয় এক পাগলা)
১৪. দৃষ্টির গলিত হীরে টাটকা মাখনের মতো জ্বলে উঠলো তোমার ছুরির ফলায়। (জেফিরাসের শোক)
১৫. সিঁদুরে আমের মতো মুখ (রাসপুতিনের রাত)
১৬. মৃতের স্বপ্নের মতো অসমাপ্ত রঙধনু ওঠে। (মৃতের স্বপ্নের মতো অসমাপ্ত রঙধনু)
১৭. ছায়া নাচে ব্রাজিলীয় বেড়ালের মতো। (লজ্জার দেরাজ)
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত – এই তিন ছন্দেই তিনি সমান পারদর্শী। বাংলা কবিতা থেকে ছন্দ যখন প্রায় নির্বাসিত তখনো তিনি ছন্দকে আশ্রয় করে লিখেছেন অসংখ্য কবিতা। ছন্দের মাপা মাত্রায় তাঁর কবিতার ধ্বনিসাম্য ভিন্ন মেজাজ পেয়েছে। স্বরবৃত্ত ও মাত্রাবৃত্তে লিখেছেন অসম্ভব ভালো কিছু কবিতা। স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে লিখিত তাঁর কয়েকটি কবিতার নাম :
স্বরবৃত্ত
১. মূল দরোজা, ২. সে একরকম গেরস্থলী, ৩. চেয়েছিলাম, ৪. মাথাখারাপ মেয়ে ৫. আমার বর্ণান্ধতা, ৬. ছায়া আমার সঙ্গে শুয়ে থাকে, ৭. গাঢ় গভীর হরিণীদের দেখেছি কাল রাতে, ৮. শোলার পাখি, ৯. পাশ বালিশের গল্প, ১০. চোখের হীরে, ১১. সিঁড়ি তলায়, ১২. সালেহাদের বাড়ি, ১৩. বিষুবে যাও, ১৪. কিশোর খোঁজে পাখি, ১৫. উপশহরের আড়ালে আবডালে, ১৬. টিলার ওপর বাড়ি, ১৭. মর্গ, ১৮. বিদায় ইজি চেয়ার, ১৯. স্কেচ।
মাত্রাবৃত্ত
১. আগুন, ২. বিড়াল ও নেকড়ে বিষয়ে ছড়া, ৩. সময় থাকতে, ৪. আমি খুব লাল একটি গাড়িকে, ৫. তোমাকে নিয়ে পড়েছি বিভ্রাটে, ৬. গুহার গুনগুনি ৭. মেঘমল্লার, ৮. জেলেপাড়ার গান, ৯. অন্ধ বন্দনা।
তাঁর কাব্যভাষায় পশ্চিমবঙ্গীয় ছায়া মিলে। জন্মেছেন এই বঙ্গে, কিন্তু বাক-বচনের আগেই ফিরে আসতে হয়েছে পিতার কর্মস্থল থেকে। মহকুমা টাঙ্গাইলে তাঁর শৈশব, কৈশোর, বেড়ে ওঠা। এখান থেকেই নিয়মিত খোঁজ নিতেন পশ্চিমবঙ্গের সর্বশেষ সাহিত্যের। পাঠক হিসেবে ছিলেন সর্বভুক। হয়তো এ-কারণেই তাঁর কাব্যশরীরে পশ্চিমের গন্ধ পাওয়া যায়। সমকালীন বাংলা কবিতায় সামগ্রিকতা একেবারেই অনুপস্থিত। কখনো ছন্দে কিংবা অলংকার প্রয়োগে, কখনো বক্তব্যে, কখনো আঙ্গিকসর্বস্ব হলেও সামগ্রিকতা থাকে না অধিকাংশ কবিতায়। সামগ্রিক বিচারে আবু কায়সারের কবিতা প্রকৃত অর্থেই কবিতা হয়ে উঠেছে। আর কাব্যভাষা? তা আবু কায়সারের মতোই নিজস্ব।
ষাট বছর বয়সে চলে গেলেন ষাটের এই নিরহংকারী কবি। অনেকটা নীরবেই। তাঁর কবিতার পঙ্ক্তি তাঁকেই তাড়া করে পরাস্ত করে ফেলে এভাবে – ‘সে যায়, সহজ প্রস্থানে শাদা সত্যে’ – গতানুগতিক এই মহাসত্যেই তিনি প্রমাণিত হলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.