প্রাক্কথন
ইন্দিরা-ইমারজেন্সি (১৯৭৫-৭৯) আরোপিত হওয়ার আগে থেকেই এক-এক সময় আবহাওয়াটা ভারাক্রান্ত হয়ে থাকত। বাইরের দিক থেকে অবশ্যই অনেক সময় রাষ্ট্রভাষায় যাকে ‘বাতাবরণ’ বলা হয় তার ধরনধারণটা ছিল প্রতিশ্রুতিব্যঞ্জক, কখনো-বা ফৌজি পাহারায় সুরক্ষিত শান্তিক্ষেত্রের নিরাপত্তার মতোই। যাঁরা ভাবনাচিন্তা করে থাকেন, প্রাতিষ্ঠানিকতায় সংশয় পোষণ করা যাঁদের বিবেকধর্ম, তাঁদের মানসে স্বভাবতই প্রচ্ছন্ন একটি সংকটের আশঙ্কা উদ্যত হয়ে ছিল। বিশেষত যাঁরা ওয়াল্টার বেঞ্জামিনের ধ্যানধারণার সঙ্গে অল্পবিস্তর পরিচিত তাঁদের কাছে অবিদিত ছিল না, প্রতারিত মানুষজনের ইতিহাস আমাদের এটাই শেখায়
যে, আপৎকালীন অবস্থা কোনো বিশেষ পর্বের সংঘটন নয়, বরঞ্চ সেটা প্রতিনিয়ত ঘটতে থাকে। অর্থাৎ প্রাত্যহিকের খাঁজে-খাঁজেই চলতে থাকে কণ্ঠরোধের সন্ত্রাস।
সম্ভবত ভারত-চীনের দ্বৈরথ (১৯৬২) সূচিত হবার সঙ্গে সঙ্গেই সংবেদী মহলে রাষ্ট্র্রশক্তির দোর্দণ্ডপ্রতাপ নিয়ে সংগত জল্পনার সূত্রপাত। এইপ্রথম বোধহয় প্রসঙ্গক্রমে ব্রেশ্টের কবিতা প্রযুক্ত হয় : ‘সাধারণ লোকে ঠিকই বুঝতে পারে/ যুদ্ধ কখন আসছে।/ নেতারা যখন রেগে যুদ্ধের শাপ-শাপান্ত করে/ যুদ্ধ তার ঢের আগে বেধে গেছে, সৈন্য-সাঁজোয়ায়, নৌবহরে।’ বিভিন্ন সাময়িকীতে এই সূত্রে শিল্পীর স্বাধিকার-বিষয়ে যেসব লেখালেখি হয়েছিল তাদের জের অন্তত দুয়েক দশক জুড়ে থেকে গিয়েছে। সবুজ বিপ্লব (১৯৬৮) থেকে শুরু করে আদমশুমারির (১৯৭১) তোড়জোড় জমে ওঠার সন্ধিক্ষণে তথাকথিত সাধারণ লোকের চোখে আপাতসাফল্যের আড়ালে ধনী-নির্ধনের নির্মম ভেদরেখার বীভৎস চেহারাটা গোপন ছিল না। সেদিক থেকে দেখলে উৎকেন্দ্রিক রোমান্টিক মতিগতি সত্ত্বেও নকশাল আন্দোলনের বাস্তব একটি ভিত্তি ছিল।
মনে রাখতে হবে, অন্তরিম ওই পর্বে সমাজতাত্ত্বিক সন্দর্ভের পাশাপাশি আরেকটি ধারা প্রবল হয়ে উঠেছিল : অনুবাদ-কবিতার। সারা জগতের কাব্যপ্রবাহ থেকে দেশজ সন্ধিৎসার উপযোগী চয়ন ও ভাষান্তরণের গরজ, শঙ্খ ঘোষ ও আমার সম্পাদনায় সপ্ত সিন্ধু দশ দিগন্ত (১৯৬৪) প্রকাশিত হওয়ার পর থেকেই, বিস্ময়কর প্রাচুর্যের পরিমাত্রা পেয়েছিল। কবিতার অনুবাদের একটা মস্ত সুবিধে এই যে, অনুবাদক নিজে যে-কথা সরাসরি বলতে পারছেন না, আড়াআড়ি বুননে, অনুবাদ্য কবির মুখ দিয়ে সেটা অকাতরে বলিয়ে নিতে পারছেন। ওইরকম একটি সংক্রান্তির ঘোরেই এক রাত্তিরে আমি ডব্ল্যু. বি. ইয়েট্সের ‘দুর্গ’ (The Tower) কবিতাটি অনুবাদ করে বসেছিলাম। হঠাৎ কেন আমার বলার প্রবণতা দাখিল করতে গিয়ে মূলত অ-রাজনৈতিক কবি ইয়েট্সের শরণাপন্ন হয়েছিলাম, তার সপক্ষে বিরোধাভাসে দৃপ্ত যুক্তিটা জুগিয়ে দিয়েছিলেন সেই আইরিশ কবিই স্বয়ং : ‘আমাকে রাজনীতিওয়ালা বানাতে চেয়ো না… আমি কখনো মুখ বুজে থাকিনি। আমি চিরদিনই আমার একমাত্র আয়ুধ – কবিতা – কাজে লাগিয়েছি… একটা ইস্যুকে প্রভাবিত করতে গিয়ে কবির অস্ত্রের অভিঘাত প্রতিপন্ন হতে পঞ্চাশ বছর লেগে যায়।’ ইয়েট্সীয় দ্বিতীয় যুক্তিটিও আমার কাছে মনঃপুত ঠেকেছিল খুব। ডরোথি ওয়েলেস্লির একটি কবিতায় তিনি লক্ষ করেছিলেন ‘সংরাগের কালো ছায়া কীভাবে চিন্তনের মধ্যে গিয়ে ফেটে পড়ে।’ এই মিশ্রণ ‘দুর্গ’ কবিতাটিরও পারমিতা। এখানে তিনি তাঁর সমূহ স্মৃতিপুঞ্জ, অকৃতার্থতা, ক্ষোভ আর আর্তিকে সমন্বিত করে শেষ পর্যন্ত তরুণ প্রজন্মের জন্য একটি রাজনৈতিক উত্তরাধিকার (testament) রেখে গিয়েছেন, যার আসল কথাটা হলো ইমারজেন্সির মুখে শিরদাঁড়াটা উঁচু রাখা : ‘আমার ঘোষণা শোনো/ আমারই মতন হবে তারা অভিমানী,/ দর্পিত সেই জনসংহতি কোনো/ স্বার্থ কিংবা রাষ্ট্রে তো নয় বাঁধা / নয় নিষ্ঠ্যূত ক্রীতদাস নয় তারা/ বা শোষক-ভজা থুতু দিত যারা যা-তা…’। সুতরাং গজদন্তমিনারের কবি বলে অপশনাক্ত কবির এই কবিতাকে উচাটন আমার সময়ের পরিপ্রেক্ষিতে রেখে, অনেক সময় ইচ্ছাক্রমে মূল থেকে সরে এসে, শিল্পীর স্বাধীনতার কাজে ব্যবহার করাই ছিল সেদিন আমার চূড়ান্ত অভিপ্রায়।
পরিশেষে এলো ইন্দিরার জারি-করা ইমারজেন্সি। রাজভবনে আমাদের কয়েকজনকে নেমন্তন্ন করে এনে প্রধানমন্ত্রী যখন আমাদের অরাজনৈতিক এক দেশাত্মবোধে দীক্ষিত করতে চাইছিলেন, তাঁর সঙ্গে আমার বিপুল তর্ক বেধে যায়। বিশেষত সেই একরোখা জায়গাটায় দাঁড়িয়ে তিনি কবিতায় আশাবাদের পোষকতা করতে আরম্ভ করতেই তাঁকে আমি ঈষৎ বেঁকিয়ে-চুরিয়ে নিবেদন করি লিসলি স্টিফেনের একটি অজেয় বীজমন্ত্র: ‘আশাবাদের মতো এমন অ-নান্দনিক আর কিছুই নেই।’ কিন্তু ইন্দিরা গান্ধী তো কবিতার পরতে-পরতেই তখন অবক্ষয়ের বীজ দেখতে পাচ্ছেন। এমনকী লতাপাতা ফুলপাখির এষণাও তাঁর কাছে স্বজাতির পরিপন্থী নৈরাশ্যবাদের শামিল। সেই অপবাদেই আমার বন্ধু শঙ্খ ঘোষের একটি নিসর্গ কবিতা সেন্সরগ্রস্ত হয়েছিল বলে তাঁর সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়ে আমি সেই সন্ধ্যায় অনাবিল আনন্দের আস্বাদ পেয়েছিলাম।
জীবনানন্দের মুদ্রায় বলতে হয় : ‘সেসব অনেক আগের কথা অনেক চিহ্ন চিন্তারীতির ক্ষয়/ হয়ে গেছে তারপরেতে…।’ কিন্তু সত্যিই কি আগের কথা? যে-পত্রিকার সম্পাদকের হাতে তাড়াহুড়ো করে আমার এই অমসৃণ তরজমা তুলে দিয়েছিলাম, তিনি, ভাস্কর মুখোপাধ্যায়, দিন কয়েক আগে একটি চিঠিতে জানিয়েছেন : ‘… The Tower কবিতারটির অনুবাদটি তখন ছাপা হয়নি। জরুরি অবস্থার অনুশাসনের ‘লেখা ও রেখা’ অপ্রকাশের অন্তরালে চলে যেতে বাধ্য হয়। ওই ঘটনার প্রায় তিরিশ বছর বাদে পুরনো কাগজপত্রের মধ্যে আবিষ্কার করলাম আপনার পাণ্ডুলিপি। সম্ভবত আপনারও মনে নেই এই চিঠির সঙ্গী ১০ পৃষ্ঠার ‘দুর্গ’। এত বছর আমার কাছে আপনার অনুবাদ ধরে রাখার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
ভাস্কর মুখোপাধ্যায়কে উষ্ণ কৃতজ্ঞতা, এই অনুবাদ কবিতাটি এতদিন ধরে রেখেছিলেন বলেই তার আবহবিভাবসমেত সেই খসড়া কালি ও কলমের উদ্দেশে আজ উৎসর্গ করতে পারলাম। আর কোনোদিন যেন ইমারজেন্সি না ঘটে, সেই আকাক্সক্ষাই – কিংবা ইয়েট্সের ভাষায় ‘সংরক্ত চিন্তন’ – আমার এই পার্বণের অন্যতম সম্বল। আর যাই হোক, কারো কবিতা যেন কোনোদিনই বাজেয়াপ্ত না করা হয়, এটুকুই, অভিজ্ঞতার পাবক বিয়োগফলের মতো, আমাদের অন্যতম ভরসা।
দুর্গ
ডব্লু. বি. ইয়েট্স
১
আমি এ আবদার নিয়ে কী করি বলো তো?
হৃদয়, হায় রে মূঢ় এ হৃদয়, কী কৌতুকে জাগে
অথর্ব বয়স যেন লেগে আছে আমাতে সতত
যথা সারমেয়পুচ্ছে?
কখনো হইনি এরকম
এত উত্তেজিত, এত আপন্ন, কিম্ভূতকিমাকার
কল্পক্রীড়, চক্ষুকর্ণ যতদিন বিবাদভঞ্জনে
ব্যস্ত ছিল, সুযোগ পায়নি তারা এত অসম্ভব কল্পনার –
এমন-কি শৈশবেও, যষ্টিহাতে মক্ষিকাধাবন,
কিংবা আরো নিরীহ প্রাণীর পিছে দুর্গের উপরে
উঠতাম, আজীবন চৈত্রযাপনের অভিপ্রায়ে।
মনে হয় কাব্যলক্ষ্মীরে আজ দিই দূর করে,
প্লেটো আর প্লোটাইনাস নির্বাচন করি বন্ধুতায়
যতদিন কল্পনা, শ্রবণে প্রত্যক্ষের অভিজ্ঞায়
যুক্তিক্রমে তৃপ্ত থাকে; নাড়াচাড়া করে
তত্ত্বের ব্যাপার নিয়ে; কিংবা পায়ে-পায়ে
লেগে থাকে থুবড়ে-যাওয়া কেটলির ঠাট্টায়, ঠোক্করে।
২
ঘুরে ফিরি বুরুজের বারান্দায়, এবং তাকাই
একটা বাড়ির ভিত যেইখানে, কিংবা ফিরে যাই,
গাছ দেখি, কালিঝুলিমাখা আঙুলের মতো, মাটিতে সূচিত;
পাঠায় কল্পনা সমুন্নত
দিবসের ম্রিয়মাণ বিভায়; এবং ডেকে আনে
চিত্রকল্প এবং স্মৃতিকে
ধ্বংসাবশেষের থেকে, কিংবা সনাতন বৃক্ষ থেকে,
একটি প্রশ্নই আমি তুলতে চাই সকলের কানে।
ওই টিলাটার কাছে থাকতেন মিসেস ফ্রেঞ্চ, সেই একদিন
যখন প্রতিটি রৌপ্য বাতিদান কিংবা শামাদান
ঘন কালো মেহগনি সুরা-সভা আলো করে দিত,
পরিচর্যারত লোকটি অতি সহজেই বুঝে নিত
মাননীয়া মহিলার টুকিটাকি যা চাই যখন,
একদা সে ছুটে গিয়ে বাগানের কাঁচিতে সটান
কেটে দিয়েছিল এক অবাধ্য চাষার দুটো কান,
এবং এনেও ছিল ছোট্ট ঢাকা রেকাবে কেমন!
আমার কৈশোরকালে কয়জন মনে রেখেছিল
সংগীতকীর্তিত এক কৃষানিকে, একদা সে ছিল
পাহাড়তলিরই আশেপাশে,
সবাই তারিফ করত তার সে-মুখের বর্ণিমা সে,
আর তার প্রশংসা করতে পারলে সন্তুষ্ট সকলে,
এই কথা মনে রেখে, কল্পনায়, সে পথ হাঁটলে
হুড়োহুড়ি লেগে যেত চাষিদের আসরে জলসায়,
এমনই আশ্চর্য সেই গানের মহিমা, শোনা যায়।
কোনো-কোনো লোক সেই গানের ধুয়ায় উন্মাতাল,
সুরাপান উপলক্ষে চাইত তার দীর্ঘ আয়ুষ্কাল,
দাঁড়াত টেবিল ছেড়ে, একসময় বলেই উঠত,
যাচাই করা-ই চাই তাদের কল্পনা সত্য কতো,
কিন্তু তারা ভুল করে চন্দ্রের আলো-কে
এনে ফেলত গদ্য-শাদা আকাট প্রকট দিবালোকে –
গানেরই সম্মোহে ওরা এতদূর নাজেহাল হতো –
ক্লুনের প্রকাণ্ড সেই জলাটায় একজন ডুবেই মরল তো!
সত্যই অদ্ভুত, কিন্তু অন্ধ এ গানের গীতিকার;
তবু আজ, সম্যক বুঝেছি আমি, বুঝেছি যে আর
কিছুই অদ্ভুত নয়; বিষাদান্ত নাটক যেমন
হোমারের থেকে শুরু – সেই অন্ধজন –
অধিকন্তু জলজ্যান্ত যুবাদের হেলেন কী করেছিল হাল!
আহা, যেন চন্দ্র আর সূর্যালোক আপাতদৃষ্টিতে
মিলে যায় অবিচ্ছেদ্য একই রশ্মিতে,
জিততেই যদি চাই, করতে হবে সকলকে মাতাল।
রচেছি আমি তো নিজে হানরাহান বলে চরিত্রটি,
মাতাল করেছি কিংবা ভদ্র, করিয়েছি ছুটোছুটি
উষাকালে পড়োশিপাড়ার কোনো কুঁড়েঘর থেকে,
কোন্ এক বুড়ো লোকের ভেল্কিবাজির ধাক্কা লেগে
হুঁচট-আছাড় খেত, হাতড়ে যেত আনাড়ির মতো,
শুধু তাঁর ভগ্নজানু কর্জ দেবার
জন্য অবশিষ্ট ছিল, আকাক্সক্ষার কড়া তেজ আর,
এসব ভেবেছি আমি বিশ বছর আগেও অন্তত।
ঘেরা একটা জায়গায় তাস ভাঁজত বন্ধুরা ক’জন :
আর সেই ঝানু ঘুঘু ফন্দিবাজের পালা আসত যখন
তক্ষুনি সে তার বুড়ো আঙুলের ফাঁকে তাসগুলোকে
জাদু করত এমন যে এক-একটা তাস এক পলকে
হয়ে উঠত এক পাল শিকারী কুকুর, নয় এক গোছা তাস,
তাকেও সে পুনশ্চ শশকে
রূপান্তরিত করত, হানরাহান উঠে পড়ত কী যেন কুহকে,
ছুটে যেত এইসব শিকারী প্রাণীর পিছে দ্রুত ঊর্ধ্বশ্বাস।
কীসের সন্ধানে? আমি ভুলে গেছি, যথেষ্ট হয়েছে!
তাকেই স্মরণ করি, প্রণয় অথবা সংগীতে যে
সুতৃপ্ত হতো না, কিংবা শত্রুর কর্তিত কর্ণদ্বয়ে
যেহেতু সে নিজেই থাকত মগ্ন, ব্যতিব্যস্ত হয়ে;
মুখে-মুখে তার নাম প্রচারিত, তবু
আজ কোনো প্রতিবেশী বেঁচে নেই যে নাকি বলবে
কুকুরের পিছু-ধাওয়া তার খেলা সাঙ্গ হলো কবে;
এ-বাড়ির একজন দেউলিয়া প্রাক্তন সে প্রভু।
সমাসন্ন সে-ধ্বংসের ঢের আগে, যুগ যুগ ধরে
সশস্ত্র সৈনিকদল, ডোরাকাটা জানুবন্ধ প’রে
নয়তো-বা লৌহপাদুকা এঁটে নিয়ে উঠে যেত শীর্ণ ধাপে-ধাপে,
সেনানী কজন আরো অস্ত্রশস্ত্র সুসজ্জিতভাবে
দাঁড়াত, যাদের স্মৃতিচিত্র মগ্নচৈতন্যে সঞ্চিত,
প্রবল চিৎকারে আজও কম্পমান বক্ষে যারা এসে
ঘুমন্তজনের ঘুম ভাঙে, তাদের সে
প্রকাণ্ড কাঠের গুটি শতরঞ্জে আছড়ায় মূর্ছিত।
প্রশ্ন করব জনে-জনে, যে-যে জানে, এসো যে-যে পারো
এসো বৃদ্ধ, এসো নিঃস্ব, এসো অশ্বপৃষ্ঠে অর্ধারূঢ়,
এবং ফিরিয়ে আনো সৌন্দর্যের গুণমুগ্ধ অন্ধ সেই চারণকবিকে,
জাদুকর-প্রেরিত সেই রাঙা লোকটিকে
ঈশ্বরবিস্মৃত মেঠো পথ ধ’রে; এবং শ্রীমতী ফ্রেঞ্চ নাম্নী সে-মহিলা
আশ্চর্য সুভগ যাঁর শ্রুতি,
আর জলাশয়-জালে ডুবে-যাওয়া সেই মানুষটি,
প্রহাসিনী দেবীদের পছন্দের গ্রামীণা রঙ্গিলা।
বৃদ্ধ যত নরনারী, ধনী কি নির্ধন, পাহাড়ি এ
পথ দিয়ে যারা গেছে, কিংবা এই দ্বারপ্রান্ত দিয়ে,
তারা কি প্রকাশ্যে কিংবা গোপনে উঠেছে রাগে জ্ব’লে
যেমন এখন আমি বার্ধক্যবিরোধী বয়স্কালে?
ওদের চোখেই আমি উত্তর পেয়েছি জিজ্ঞাসার,
যারা চলে যেতে ব্যস্ত, যাক তারা চলে,
হানরাহানকে যেন রেখে যায় অবশ্য তা ব’লে,
কারণ আমার বড়ো দরকার শক্তিশালী স্মৃতিপুঞ্জ তার।
বাতাসে যে ফাঁদ পাতো স্থবির কামুক এঁকে বেঁকে,
ওই সুচিন্তিত অভিসন্ধিময় হৃদয়ের থেকে
আবিষ্কার করেছো যা সেই চৈত্যস্তূপে,
জানি, ধরতে পারো তুমি সুনিশ্চিতরূপে
অজানিতপূর্ব যত, কেমন দৃশ্যের অন্তরালে
ডুব দাও, মেদুর চক্ষের আকর্ষণে,
দীর্ঘশ্বাসে হয়তো-বা, অথবা স্পর্শনে,
অপর সত্তার এক অনিবারণীয় মায়াজালে।
কার ’পরে বলো এই কল্পনার অধিক নির্ভর,
সুবিজিত রমণীর, অপহৃত প্রেমিকার ’পর?
যদি বলো হৃত সে নারীকে নিয়ে? তবে মেনে নিলে
মহামায়াজাল থেকে অহংকারে সরে এসেছিলে?
ক্লৈব্য, কোনো নির্বোধের অতিসূক্ষ্ম ভাবনা-বিলাস,
একদা বিবেক যাকে বলা হতো সুদূর শৈশবে,
আর যদি স্মৃতি ফের জাগরুক হয়ে ওঠে, তবে
সূর্যগ্রহণের কাল, মুছে যায় দিনের সঙ্কাশ।
৩
তবে এইবার দায়ভাগ যাব রেখে,
এ শুধু তাদেরই, যারা উন্নত খাড়া
ঢেউ ভেঙে যায় উৎস অধীর বেগে
যতক্ষণ না বাহিরায়, চলে তারা,
তীরে তীরে দ্যাখে পাথর ঝরঝরানি,
প্রত্যূষকালে, আমার ঘোষণা শোনো,
আমারই মতন হবে তারা অভিমানী,
দর্পিত সেই জনসংহতি কোনো
স্বার্থ কিংবা রাষ্ট্রে তো নয় বাঁধা,
নয় নিষ্ঠ্যূত ক্রীতদাস নয় তারা
বা শোষক-ভজা থুতু দিত যারা যা-তা,
বার্ক অথবা গ্র্যাটানের মানুষেরা
যারা অনায়াসে পারত, গর্ব তবু
ছাড়েনি, যেমন প্রভাবে উদ্দীপিত
সামনে যখন আলো কাঁপে নিভু-নিভু
কিংবা শৃঙ্গ পুরাণে প্রকীর্তিত,
অথবা এ যেন নেমে-আসা ধারাপাত
সকল ঝর্ণা শুকিয়ে যখন শেষ,
নাকি অন্তিম প্রহরের অভিঘাত
মরাল যখন তাকায় নির্নিমেষ
ম্রিয়মাণ এক ম্লানাভ আলোর দিকে,
অকূল সময় ভেসে ভেসে চলে, আর
ঝিলিমিলি সেই স্রোতের সীমান্তিকে
এসে গায় সুর সমাপ্তি-গীতিকার।
আর শুনে রাখো মর্মবাণী আমার :
প্লোটাইনাসের মতো করি খানখান,
প্লেটোর সামনে করে উঠি চীৎকার,
মৃত্যু ছিল না এবং ছিল না প্রাণ
মানুষেরই গড়া সব-কিছু, টিপকল,
বন্দুক আর বন্দুকটার নল,
আনল নিজেরই তিক্ত হৃদয় থেকে,
সূর্য চন্দ্র তারাকেও নিল ডেকে,
এরপরে আরো যোগ করে দিতে পারো
এ কথা, আমরা মৃত্যু সমুত্তরি’
চন্দ্রাতিশায়ী স্বর্লোক সীমানারও
কল্পনা করি এবং রচনা করি।
আমি তো করেছি শান্তির নির্মিতি
ইতালির যত শিল্প সংকলনে
গ্রীস থেকে বহুমূল্য রত্ননিধি
এবং কবির স্বগত কল্পায়নে,
আর প্রণয়ের পুঞ্জিত সুস্মৃতি,
মেয়েদের বলা যা-কিছু কথার রেশ,
আর যত-কিছু উপকরণের রীতি
ভাঙিয়ে মানুষ অমর্ত পরিবেশ
গড়ে তোলে, প্রতিবিম্বিত স্বপ্নকে।
যেরকম ওই পাঁচিলের ফাঁকে-ফাঁকে
দাঁড়কাকগুলো চেঁচায় কীসের ঝোঁকে,
একটা-একটা শাখাপল্লব রাখে
এবং যখন উঁচুতে নাগাল পাবে
মা-পাখিটা থির রইবে সমানে, জানি
ফাঁপা কোটরের মগডালে একইভাবে
উষ্ণ করবে বন্য কুলায়খানি।
দৃপ্ত প্রতীতি এবং অহংকার
আমি রেখে যাই সাহসিক যুব-দলে
পাহাড়কিনারে যারা আরোহণ করে
যেন ফেটে-পড়া ভোরের আকাশতলে
নিজেদের ওরা ছেড়ে দিয়ে ভাসমান,
সে-পুরুষকার ধাতু দিয়ে নির্মিত
যতক্ষণ না নিষ্ক্রিয় ম্রিয়মাণ
পেশার কবলে বিদীর্ণ হয় সে তো।
আমি আমার এ সত্তাকে নিশ্চয়
করব এবারে পাঠ নিতে প্রণোদিত
বিশেষজ্ঞের উচ্চ বিদ্যালয়ে,
যতক্ষণ না শরীর ধ্বংসীভূত
অথবা ক্রমিক রক্তের অবসাদ,
খিটখিটে যত অসংলগ্ন কথা,
অথবা জীর্ণ জরিষ্ণু নিঃস্বাদ,
কিংবা সে আরো দুর্দৈবের ব্যথা,
বন্ধুজনের মৃত্যু, নিশ্চেতন
হয়ে-আসা সেই উজ্জ্বল প্রত্যেক
রোমহর্ষক চাহনির আবেদন –
সবই মনে হয় যেন আকাশের মেঘ
দিক্দিগন্ত যবে আভাহীনতায়
নাকি ঘুমন্ত পাখিটির স্বরলেখ
সান্দ্র নিবিড় সঘন বনচ্ছায়ে।

Leave a Reply
You must be logged in to post a comment.