নিভৃতচারী রূপতাপস

বাংলাদেশের চিত্রকলায় নিসর্গ প্রধান একটি বিষয়, রিয়ালিস্টিক, এমনকী প্রকাশবাদী বিমূর্ততার ক্ষেত্রেও। শিল্পীরা সাধারণ চোখে নিসর্গ দেখেন না, তাঁরা দেখেন নিসর্গের বহুবিচিত্র রূপ। নিসর্গরূপের রসধারায় তাঁর তৃষিত হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয়। মাটি, বৃক্ষ ও পত্রপল্লবের গন্ধে শিল্পীর মানসলোক সজীব হয়ে ওঠে।

নিসর্গের রূপমাধুর্য উপলব্ধি করে তাকে চিত্রপটে তুলে আনছেন আমাদের এক অগ্রজ চিত্রশিল্পী মোহাম্মদ মোহসীন। তাঁর চিত্রকর্মের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ের দুই যুগ অতিক্রান্ত হয়েছে। তাঁর কাজ দেখেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চারুকলা প্রদর্শনী, ঢাকায় এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী, সাজু আর্ট গ্যালারির গ্র্যান্ড গ্রুপ শো, ঢাকা আর্ট সার্কেলের প্রদর্শনীসমূহে। সব কাজেই আমাদের নিসর্গ-বন্দনা, আমাদের প্রকৃতির রূপরস, আলোছায়ার দ্বিধাদ্বন্দ্ব।

অনেক দেরিতেই তাঁর একক প্রদর্শনী দেখার সুযোগ ঘটল আমাদের। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পী মোহাম্মদ মোহসীনের একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হলো ঢাকার সেগুনবাগিচায় একাডেমীর জাতীয় চিত্রশালায়। পক্ষকালব্যাপী অনুষ্ঠিত এ-প্রদর্শনী শেষ হয়েছে গত ১৮ মে, ২০০৫-এ।

প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ মোহসীনের গত তিন-চার বছরে আঁকা শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। নানা মাধ্যমে কাজ করেছেন তিনি। তেলরং, জলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যম। জলরং-কাজের স্বচ্ছতা ও স্নিগ্ধতা যেন তাঁর তেলরং-কাজেও ছায়া ফেলেছে। ফলে তাঁর আঁকা নিসর্গচিত্র রোমান্টিক মাধুর্যের আবহ সৃষ্টি করে।মোহাম্মদ মোহসীনের জন্ম ১৯৪০ সালে। ১৯৬৩ সালে ঢাকার তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট থেকে তিনি চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিল্পী ও শিল্পমনা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠিত ‘আর্টস আনসাম্বল গ্যালারি’তে সহকারী পরিচালক পদে যোগ দেন। ঢাকায় প্রথম তরুণ শিল্পীদের এক যৌথ উন্মুক্ত চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন ওই দায়িত্বে থেকেই। বিশ্বশিল্পের রাজধানীখ্যাত প্যারিসের মঁমার্তে এমন উন্মুক্ত প্রদর্শনীর রেওয়াজ ছিল। এর সঙ্গে এদেশের শিল্পীদের সহমর্মিতা-প্রতিষ্ঠায় মোহসীন নিয়েছিলেন উদ্যোগী ভূমিকা। আর ষাটের দশকের ওই সময়টায় আমাদের চিত্রশিল্পীরা তাঁদের সৃজনপ্রতিভার স্বীকৃতির পাশাপাশি নিজেদের সামাজিক মর্যাদা-প্রতিষ্ঠায় অব্যাহত সংগ্রামে নিয়োজিত ছিলেন। ঢাকার সরকারি আর্ট ইনস্টিটিউটকে চারুকলা মহাবিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীরা তখন আন্দোলন করছিলেন। এমনই প্রেক্ষাপটে ১৯৬৩ সালে রমনা পার্কে আয়োজিত উন্মুক্ত প্রদর্শনীটি তরুণ শিল্পীদের নৈতিক মনোবল-বৃদ্ধিতে সহায়ক হয়। এই প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে ‘সূর্যের পরিক্রমার প্রভাবে প্রকৃতির পরিবেশের পরিবর্তনশীল দৃশ্যপটের সঙ্গে মোহসীনের নান্দনিক অভিজ্ঞতার পরম্পরাকে যুক্ত করার ভাবজ অভিপ্সা প্রতিফলিত হয়। যে-কোনো কাজে নিয়োজিত থেকেও যতদূর সম্ভব চারপাশের দৃশ্য-সংগীত তিনি আস্বাদন করতে চান।’ উপরোক্ত উপলব্ধি বিশিষ্ট কলা-সমালোচক সাদেক খানের। তিনি এও মনে করেন, প্রকৃতপক্ষে মোহসীনের অধিকাংশ ভালো ছবি দৃশ্যমান অনুভূতির প্রচ্ছন্ন সংগীতের এক-একটি অ্যালবাম যেন।

শিল্পী মোহাম্মদ মোহসীন দীর্ঘকাল যুক্ত ছিলেন বাংলাদেশের জাতীয় জাদুঘরে। জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার হিসেবে তিনি শিশু- কিশোরদের মধ্যে স্বদেশ ও স্বদেশের ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে স্কুলভিত্তিক নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করায় উদ্যোগী ভূমিকা নিয়েছেন। পেশাগত ব্যস্ততা আর সামাজিক নানা দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন সৃজনশিল্পী হিসেবে সক্রিয় থেকেছেন। বহু যৌথ চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়েছেন, কিন্তু একক চিত্রপ্রদর্শনী না-করায় ঠিক যথাযথ মূল্যায়ন হয়নি তাঁর।

এখন তিনি আঁকছেন নিয়মিত। সেই প্রথম যৌবনে বাংলা নিসর্গের রূপরস পান করে তাঁর ভেতরে যে-নিসর্গ প্রেম একটু একটু করে দানা বেঁধেছে, এই বয়সে তা এখন অনেক পরিণত। সেই পরিণত নিসর্গপ্রেমের প্রকাশ ঘটেছে তাঁর সাম্প্রতিক একক চিত্রকলা প্রদর্শনীতে।

প্রকাশবাদী বিমূর্ততার সৃজন যে-শিল্পীর হাত ধরে, সেই কান্দিনস্কি যেমন অপার্থিব সুরমূর্ছনার সঙ্গে চিত্রশিল্পকে যুক্ত করে ছবি এঁকেছেন, সেই সুরমূর্ছনার আভাস আমরা মোহসীনের চিত্রকলায় খুঁজে পাই। নানা বর্ণের মিলন-মোহনায় শূন্যে ইতস্তত ভেসে থাকার মতো নানা বস্তু বা ফর্মসমূহ এক অপার্থিব সুরমূর্ছনা সৃজন করে।

তাঁর একটি তেলরং ছবি ‘আকাশ’, ২০০০ সালে আঁকা। আলো-আঁধারি কিংবা মেঘ ও সূর্যের লুকোচুরি চিত্রিত করেছেন শিল্পী। গভীর অভিনিবেশ নিয়ে ছবির জমিনে তাকালে দেখা যাবে বর্ণ-আলিম্পনে যেমন মেঘের কান্না প্রতিফলিত হয়, তেমনি সেই অশ্রুসজলতার বিপরীতে সূর্যালোকের অস্ফুট হাসির দ্বান্দ্বিকতা চোখে পড়ে। এই দ্বন্দ্ব, এই বৈপরীত্য তাঁর চিত্রকলার প্রাণভোমরা।

আরেকটি কাজ-শিরোনাম ‘নদীতে বালুচর’। এটিও ক্যানভাসে তেলরঙে আঁকা। ধূসর এক নদীসদৃশ প্রেক্ষাপটের মধ্যবর্তী স্থানে পাখির চোখের পরিপ্রেক্ষিতে আঁকা নদীতে জেগে-ওঠা বালুচরের অসমান এলাকা। এখানেও রঙের নানা পরতে পরতে আলো-ছায়ার খেলা। স্পেচুলা দিয়ে ভারি রং চাপিয়ে জমিনের ওজনকে অনুভব করিয়েছেন, রং শুকিয়ে যাবার পর ড্রাই ব্রাশ দিয়ে তাতে কিছু গুঁড়ি গুঁড়ি ইফেক্ট এনেছেন। মূর্ত একটি কাজ পরিবেশনার গুণে বিমূর্ততার বিশালতায় প্রবেশ করেছে। তাঁর এমনই আরেকটি চিত্রকর্ম ‘পাহাড়ি সমুদ্রতীর’। পাহাড়ের উচ্চতা ও সৌন্দর্য সাগরের বিশালতার সঙ্গে যে-বৈপরীত্য সৃষ্টি করে তাকে তিনি মূর্ত করে তুলেছেন।

জলরঙে এঁকেছেন ‘বৃষ্টির পর’। বৃষ্টির ভেজা আবহ জলরঙের স্বচ্ছতায় ফুটিয়ে তুলেছেন। ‘ছন্দময় প্রকৃতি’ তাঁর আরেকটি জলরং- কাজ। এতে মেঘলা আকাশ, সবুজাভ দিগন্ত আর জমিন জুড়ে অপার্থিব নানা ফর্মের বর্ণিল খেলা। এখানেও মূর্ত-বিমূর্ততার গলায় গলায় ভাব।

‘আলোর ঝলকানি’ শিল্পীর অতি সাম্প্রতিক কাজ। লাল ও নীলাভ বর্ণের ছায়ার মাঝখানে সাদা আলোর ঝলমল রূপ। তাঁর ইদানীংকালের কাজে বর্ণপ্রয়োগ ও ব্রাশিং দ্রুতলয়ের। ফলে তাঁর পূর্বতন কাজগুলোর নিরিখে এখনকার কাজগুলোকে কিছুটা অবনমিত মনে হয়।

প্রকৃতির আবহে শিল্পী বেশকটি ফিগারেটিভ ছবিও এঁকেছেন। স্পষ্ট ও অস্পষ্টতার মাঝামাঝি এসব ফিগার উপস্থাপন করে প্রকৃতির রূপের সঙ্গে তাদের মিলিয়েছেন শিল্পী।

এ-প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী মোহাম্মদ মোহসীন তাঁর পূর্ণতার যে- ইঙ্গিত করলেন – তা বিকশিত করুন তিনি, এই শুভ কামনা আমাদের। সেই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষকে ধন্যবাদ একজন নিভৃতচারী রূপতাপস শিল্পীকে সম্পূর্ণ প্রকাশের নিমিত্তে উপস্থাপন করায়।