শিল্পী বীরেন সোমের বীতক্লান্তি অভিযাত্রা

কোনো একজন বিশেষ শিল্পীর চিত্রকর্মের সমীক্ষার বিষয়টি বেশ জটিল। সাহিত্যকর্মের ক্ষেত্রে আমরা যেমন একটি রচনা থেকে পরবর্তী প্রয়াসের পার্থক্য বা বিশিষ্টতাকে শনাক্ত করার ক্ষেত্রে লেখকের বিষয়গত বা শৈলীসংশ্লিষ্ট উত্তরণকে চিহ্নিত করার চেষ্টা করি, চিত্রকরের বেলায় অনুরূপ রীতির প্রয়োগ আমাদের জন্যে অতটা সহায়ক হয়ে ওঠে না। সাহিত্যিক যখন তাঁর স্বরচিত পুরনো বলয়টি ভাঙেন বা পরিমার্জন করেন, আমরা অনায়াসে তা বুঝতে পারি তুলনামূলক বিচারের প্রেক্ষাপট থেকে। কারণ, কাহিনীর কাঠামো, সমাজচিত্রের বিবরণী এবং চরিত্রসমূহের পরিচিত প্রবণতা আমাদের স্মৃতির চত্বরে একটি অবয়ব নিয়ে জেগে থাকে; নতুন রচনার পঠন অথবা প্রতিক্রিয়া লেখকের অতীত কর্মকে অনিবার্যভাবে আমাদের মনোযোগের দুয়ারে নিয়ে আসে। গ্রন্থপাঠের ক্ষেত্রে এ-ধরনের অনুশীলন খুবই সুবিধাজনক। কারণ, প্রয়োজনে ব্যাপক অথবা গভীরতর বিশ্লেষণের জন্য বইয়ের তাক থেকে আগের রচনাটি নামিয়েও আনতে পারি। চিত্রকলার সমীক্ষণে এ-ধরনের বিশ্লেষণকলা ব্যবহার করা যায় না। কুশলী চিত্রশিল্পী তাঁর নিজের মতো করে হয়তো একটি চিত্রভাষ্য রচনা করেন, যার মধ্যে তাঁর প্রধান প্রবণতাসমূহ অথবা বিশেষ রঙের প্রতি তাঁর দুর্বলতা বা অগ্রাধিকার সম্পর্কে আমাদের একটি আলাদা ধারণা গড়ে ওঠে। কিন্তু কালানুক্রম বিচারে শিল্পীর উত্তরণকে সুস্পষ্টভাবে বিচ্ছিন্ন করে দেখার জন্য অনুকূল উপাদান চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য। পিকাসোর মতো অতিপ্রজ এবং অতি-মানুষিক শিল্পীর ক্ষেত্রে বিভিন্ন পর্ববিভাগকে নির্দিষ্ট করার কথা আমরা জানি। কিন্তু অধিকাংশ চিত্রকরের জন্যে একই বিবেচনাপদ্ধতি আমাদের সাহায্য করে না।

এই গৌরচন্দ্রিকার অবতারণা করলাম সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত আমাদের দেশের এক সুপরিচিত চিত্রকর – বীরেন সোমের প্রদর্শনী-পর্যালোচনার ভূমিকা হিসেবে। সম্প্রতি ঢাকার শিল্পাঙ্গন গ্যালারিতে বীরেন সোমের বিভিন্ন মাধ্যমের আশিটিরও বেশি ছবির প্রদর্শনী হয়ে গেল। তাঁর কাজের বৈশিষ্ট্য বা গুণাগুণের প্রসঙ্গ একটু পাশে সরিয়ে রেখে একটি বিতর্কাতীত প্রশংসা তো শিল্পী দাবি করতেই পারেন যে, তিনি অত্যন্ত শ্রমশীল এবং সেই সূত্রে শিল্পসাধনার প্রতি একনিষ্ঠ। এই যে এতগুলো ছবি এই প্রদর্শনীতে শোভা পেল তার প্রায় সবগুলোই বীরেন সোম এঁকেছেন বছর দুয়েক সময়ের পরিসীমায়, মাত্র তিন-চারটি শিল্পকর্ম আছে যেগুলো একেবারে হাল আমলের নয়। নিজের সৃজনশীলতার প্রতি কতটা দায়বদ্ধ হলে এবং তা পালনে কতটা তৎপর হলে পরিমাণগতভাবে এমন শিল্পসিদ্ধি অর্জন করা যায়, তা আমরা সহজেই অনুমান করতে পারি।

পরিমাণগত বিষয়টি উল্লেখ করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই আমাদের মনে পড়বে গুণগত দিকের কথা। বর্তমান পর্যালোচনার দৃষ্টিপাতের কেন্দ্রবিন্দু সেটিই। কিন্তু শিল্পসৃজনের প্রক্রিয়ার নিরবচ্ছিন্ন ধারা আলাদাভাবেই প্রশংসার দাবি রাখে। আমাদের দেশের অনেক শিল্পী সম্পর্কেই একটি সংক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা শোনা যায়। অনেকদিন ধরে কাজ করছেন না, ক্যানভাসে একটি উদ্যোগ সীমাবদ্ধ হয়ে আছে কয়েক মাস ধরে, কল্পনা ও চিন্তনের আদিশক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, পরে হয়তো পরিকল্পনাটিই তার মৌলিক চরিত্র হারিয়ে ফেলে। এতে যে সবসময়েই সমাপ্তিবিন্দুতে কাজটা দুর্বল হয়, তা বলছি না। কোনো কোনো ক্ষেত্রে তার পরিণতি আরো সুসংবদ্ধ ও মানসমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু শিল্পীদের সৃজনভাবনা ও ব্যবহারিক প্রয়োগে আলস্য এক ধরনের উভয়সংকট সৃষ্টি করে, প্রায়শ শিল্পীর জন্য তার মাশুলটা বেশ বড় হয়ে দেখা দেয়। বীরেন সোমের প্রদর্শনীতে এবার স্থান পেয়েছে আশিটিরও অধিক ছবি, সে-কথা আগেই উল্লেখ করেছি। ঠিক দুবছর আগে শিল্পীর আরো একটি প্রদর্শনী দেখেছিলাম আমরা। ২০০৩ সালে চিত্রক গ্যালারিতে তাঁর জলরং ছবির একক প্রদর্শনী আয়োজিত হয়েছিল। প্রকরণগত দিক থেকে এই ভিন্নতা বা বৈচিত্র্যেও বীরেন সোমের শ্রমনিষ্ঠার কথা আমাদের জানিয়ে দেয়। এবারের কাজ মূলত তেল, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের। শিল্পীর কাজের বিশেষ অভিমুখিনতাকে আমরা আলাদা করে দেখতে পাই। জলরঙের কোনো কাজ নেই এবারের প্রদর্শনীতে। এই কথাটি বিচার করলে বুঝতে পারি, বিভিন্ন ধরনের সম্মিলিত শিল্পকর্ম নিয়ে বীরেন সোমের বড় মাপের শেষ প্রদর্শনীটি হয়েছিল ১৯৯৩ সালে অর্থাৎ বারো বছর আগে, সাজু আর্ট গ্যালারিতে। তারপর ১৯৯৮ সালে তাঁর একটা ভিন্নধর্মী প্রদর্শনী হয়েছিল অধুনালুপ্ত গ্যালারি টোনে; নির্বাচিত প্রচ্ছদকর্মের প্রদর্শনী। এসবকিছুই যা প্রতিফলিত করে তা হলো – শিল্পীর কর্মতৎপরতার বিরতিহীনতা। বীরেন সোম যে তাঁর কাজের মধ্য দিয়ে নানা ধরনের নিরীক্ষাধর্মিতার পথে হাঁটেন, তাও প্রমাণিত হয় এর মাধ্যমে।

তথ্যজাত ভূমিকাটি একটু দীর্ঘ হলেও আমার অনুসন্ধানের প্রশ্নটিকে এখন যুক্তিযুক্তভাবে সামনে আনা যায়। ১৯৯৩ থেকে অদ্যাবধি বীরেন কতটা এগোলেন। তাঁর কর্মনিষ্ঠার ব্যবহারিক দৃষ্টান্তে, শিল্পভাবনার পরিণতির পথপরিক্রমায়, সৃজনশীলতার বৈচিত্র্য-বিরচনে এবং প্রকাশভঙ্গিমার নবতর অন্বেষায়। শিল্পাঙ্গন গ্যালারির ছবিগুলো কি তাঁর সাম্প্রতিক উত্তরণের অতীতের কর্মপ্রয়াসের সঙ্গে প্রোথিত করে? শিল্পীর দায়বদ্ধতাকে বীরেন সোম কি নান্দনিক অনুশীলনের সঙ্গে আরো শৈল্পিক মুনশিয়ানার প্রতিফলনে যূথবদ্ধ করতে পেরেছেন? স্মৃতির সিঁড়ি বেয়ে অতটা অতীতে নামা যায় না। তুলনামূলক বিচারের যে-কোনো প্রচেষ্টা এভাবে সীমিত হয়ে যায়। তবে একটি বিষয়ে মনোযোগী শিল্পবোদ্ধা নিশ্চিত বোধ করেন যে, বীরেন সোম তাঁর নিজের একটি স্বাতন্ত্র্যধর্মী স্থান সুদৃঢ় করতে সমর্থ হয়েছেন। তাঁর শ্রম ও শিল্প-অন্বেষা এভাবেই সার্থকতার গন্তব্যবিন্দু খুঁজে পেয়েছে।

দুবছর আগে শিল্পী যখন তাঁর জলরঙের ভাণ্ডার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিলেন, তখনো তাঁকে আমরা আলাদাভাবে চিনতে পেরেছি। জলরঙের একটি সীমানা হলো, তার বৃত্তটি বিষয়নির্ভরতার বাইরের কোনোকিছুকে তেমন করে আমন্ত্রণ জানায় না। আমাদের দেশের প্রায় সব শিল্পীর জলরঙের কাজে প্রকৃতির বিচিত্র চিত্রাবলি এবং বাস্তবসংলগ্ন বিষয় প্রাধান্য পায়। বীরেন সোমের ক্ষেত্রেও এ-কথাটি প্রযোজ্য। কিন্তু তিনি কোনো একটি বিষয় বা আঙ্গিকের অভিন্নতাকে আলাদাভাবে বিন্যস্ত করেন। তখন কোনো একক কাজের ফ্রেম তার স্বতন্ত্র সৃজনভূমিকে নির্দিষ্ট করে, আবার তিন বা চার বা ততোধিক ছবির ভাবনার উৎসের কেন্দ্রিকতা সবগুলো ছবির মধ্যে একটি নির্বিরোধ এবং সমাত্মীয়সুলভ বুনন রচনা করে, যার মাধ্যমে শিল্পীকে আলাদা করে চেনা যায়। এ-ধরনের কাজ মনোযোগ দিয়ে অবলোকন করলে বোঝা যাবে, শিল্পী তাঁর অনুসন্ধানে একজন দক্ষ ব্রতচারী; ভাবনার উন্মেষ থেকে বিকাশ পর্যন্ত অনেকগুলো সঘন পর্যায় তিনি রচনা করেন মনের গহীনে, তারপর রং দিয়ে তার প্রকাশ ঘটাতে থাকেন। এই অনুশীলনে তিনি একদিকে যেমন বিরতিহীন, তেমনি সাধনামগ্ন। এজন্যেই তাঁর বিভিন্ন কাজের সমবায়ে একটি সিরিজের ভাবনা প্রধান হয়ে ওঠে। বছর দুয়েক আগে জলরঙের কাজগুলোতে বিভিন্ন সিরিজের অন্তর্ভুক্ত কাজগুলোতে তিনি যে-ধরনের সমন্বয় রচনা করতে সচেষ্ট ছিলেন, এখন তারই আঙ্গিকগত অনুসরণে তেল আর অ্যাক্রিলিক দিয়ে যে-সৃজনক্রিয়ার নিদর্শন রাখলেন আমাদের সামনে, তার পর্যালোচনায় আমরা শিল্পীর পরিণতির মাইলফলকগুলোকে চিনে নিতে পারি। বীরেন এভাবেই তাঁর শিল্প-অন্বেষায় অক্লান্ত থাকেন।

বর্তমান প্রদর্শনীতে অনেকগুলো এক বর্গফুটের শিল্পকর্ম আমাদের অনিবার্যভাবে তাঁর এই বিশেষ সৃজনধর্মিতার কথা মনে করিয়ে দেয়। এই কাজগুলো গ্যালারির দেয়ালে এমনভাবে বিন্যাস করা হয়েছিল যে, দর্শক আবশ্যিকভাবে ছবিগুলোর স্বাতন্ত্র্য ও আত্মীয়তা সম্পর্কে সজাগ হয়ে ওঠেন। প্রায় সবগুলোই তৈলচিত্র। কয়েকটিতে অ্যাক্রিলিকের মিশ্রণ আছে। বিভিন্ন বর্ণের সংযোগ, প্রতিস্থাপন ও সংশ্লেষণের মাধ্যমে বীরেন সোম খুবই দৃষ্টিনন্দন বিমূর্ত চিত্রকর্ম রচনা করেছেন। ছবিগুলো দেখলেই বোঝা যাবে, শিল্পী নান্দনিক অনুশীলনের মধ্য দিয়ে তাঁর অন্তঃস্থিত গভীরতাকে দর্শকের দৃষ্টি ও স্পর্শগ্রাহ্য করে তুলতে চাইছেন। ছবির বস্তুগত ক্যানভাসকে তিনি প্রাথমিকভাবে এবং স্বেচ্ছায় সুনিয়ন্ত্রিত করেছেন। মিনিয়েচার পেইন্টিংয়ের ধারার কথা আমাদের স্মরণে আসতে পারে। কিন্তু বিষয়ের সীমাবদ্ধতা যেহেতু শিল্পীকে পরিচালিত করে না, তাই বির্মূত ভাবনার ঘনবদ্ধতাকে তিনি নির্দিষ্টতার মধ্যে বাঁধতে চেষ্টা করেছেন।

এমন একটি মন্তব্যের যে ঝুঁকি আছে, সে-সম্বন্ধে আমি ওয়াকিবহাল। শিল্পী তো আকারের দিক থেকেই শুধু চিত্রকর্মসমূহের সাদৃশ্যের সূত্র রচনা করেছেন। বোঝা যায়, বিমূর্ত-ভাবনার মৌলিক চরিত্রের প্রতি তিনি আস্থাশীল। অনুমান করি, সেজন্যেই বীরেন সোম এই কাজগুলোর সামষ্টিক পরিচয়কে অভিন্নতায় বাঁধতে চাননি। তাই তিনি বিন্যাসের রূপরেখা থেকে সিরিজের আলাদা কোনো নামকরণ করেননি। বিমূর্ত-ভাবনার কোনো সংক্ষিপ্ত এবং এমনকী প্রতীকী কোনো নামকরণও প্রশ্নের জন্ম দেয়। তার মাধ্যমে যে-সীমায়নের চেষ্টা, তাকে কখনো যৌক্তিক বলা যাবে না। বীরেন সোমের বর্তমান প্রদর্শনীর ছবিগুলোর দিকেই তাকাতে পারি আমরা। সেখানে পরিচিতিমূলকভাবে কয়েকটি ছবির নিচে লেখা হয়েছে কিছু শব্দ, যা অনুধাবনের সাঁকো বলে বিবেচিত হতে পারে, নিশ্চয়ই ততোধিক কিছু নয়। যেমন, প্রকৃতির নীল ও সবুজ, আকর্ষণীয় সিঁদুরে, নীল শিশিরবিন্দু, আকস্মিক শুভ্র প্রকৃতি। যদি বিশ্লেষণ করতে চাই, তাহলেই বোঝা যাবে বিমূর্ত-ভাবনাকে ব্যাপটাইজ করার চেষ্টায় লুকিয়ে আছে পরিহাস – আর এই পরিহাসের মধ্যে যে-জটিলতার আভাস তা স্পষ্টকরণের প্রয়াসকে আড়ালে বা প্রচ্ছায়ার মধ্যে ঠেলে দেয়, অথচ নান্দনিক প্রতিক্রিয়ার পথ বেয়ে দর্শকদের প্রতিক্রিয়া এক দৃশ্যমান অভিজ্ঞতা থেকে অদৃশ্য আনন্দের উৎস অনুসন্ধানে প্ররোচিত হয় – তাই-ই তো প্রকৃতপক্ষে শিল্পসৃজনের বীজাগার। একই আকারের, আমি বলতে চাই, একই সিরিজের অন্য কয়েকটি ছবির নামকরণ আবার ভিন্নধর্মী। যেমন, হতাশা-উত্তর আনন্দ, বন্যভূমি প্রভৃতি। আসলে সব শিল্পকর্মই তো বর্ণিল সমাহারের মাধ্যমে ভাবনার-চেতনার-প্রতিক্রিয়ার রূপ, যা শিল্পীর অনুভূতি ও প্রকাশভঙ্গিমার যুগলবন্দি।

বীরেন সোমের এই প্রদর্শনীর চিত্রকথায় এই প্রসঙ্গটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আমার সমীক্ষার শুরুতেই শিল্পীর উত্তরণ-প্রক্রিয়ার যে-কথা তুলেছিলাম, সেইসূত্রে বিগত দুবছরে অঙ্কিত বীরেনের শিল্পকর্মের ধারাক্রমে তার পরিণতির প্রতি অভিযাত্রীর সঙ্গী হওয়া যায়। রঙের ব্যবহারে আগে যে-বিষয়টি লক্ষ করেছি তার মধ্যে এইসব সিরিজের অন্তর্ভুক্ত ছবিতে পটভূমির রঙের সঙ্গে নির্বাচিত ভাবনা প্রকাশের জন্য লাল বা হলুদ বা খয়েরিকে হালকা টোনে পরিমার্জনার ঝোঁক আছে। অবশ্য এই প্রবণতা সর্বাত্মকভাবে নিরঙ্কুশ নয়। বর্তমান প্রদর্শনীর কাজগুলোতে শিল্পী প্রচলিত ধারণার স্পেসকে বর্জন করেছেন; ফ্রেমের সীমানা জুড়ে তিনি বর্ণ ছড়িয়ে দিয়েছেন এবং তাও কোনো লক্ষযোগ্য নির্দিষ্ট বর্ণ নয়। কিন্তু সবশেষে যা তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন তা যেমন নয়ননন্দন কম্পোজিশনের রূপ দিয়েছে, তেমনি বিভিন্ন রঙের সংস্থিত দৃশ্যমানতার অভ্যন্তরে রূপাতিক্রান্ত একটি অর্থবহতার ধারক হয়ে উঠেছে। বর্গাকার ছবির পাশাপাশি আলম্ব বিন্যাসের কয়েকটি আয়তক্ষেত্রিক কাজ বিমূর্ততার ধারাবাহিকতায় আবার আমাদের ভিন্নতর সৃষ্টিশীলতার আবিষ্কারে প্ররোচিত করে আমাদের।

আমার এ-ধরনের মন্তব্য থেকে বীরেন সোমকে বিমূর্ত-ভাবনার একনিষ্ঠ অনুসারী বলে মনে হতে পারে। আমার নিজের বাড়তি দুর্বলতা সেদিকে হলেও তিনি এই প্রদর্শনীতে আরো অন্য ধরনের কাজও হাজির করেছেন। প্রায় বাস্তববাদী ভঙ্গিমায় তিনি পাখি এঁকেছেন মোটামুটি বড় ক্যানভাসে। বাস্তবের প্রতিসরণ আরো বাঙ্ময় হয়ে ওঠে যখন দেখি তিনি অনেকগুলো পাখিকে বৈদ্যুতিক তারের ওপর সংস্থাপন করেন, আমি তখন আধুনিক কবিতার শব্দাবলি অনুরণিত হতে শুনি। বনানী নয়, বৃক্ষ নয়, গ্রাম নয়, পাখিরা (আসলে কাক) চেনা নাগরিক জীবনের অনুষঙ্গে নিজেদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। বাস্তববাদের অন্তর্গত জটিলতাকে বীরেন সোম যেমন বিষয় হিসেবে বেছে নেন, তেমনি বর্ণের আবছায়াও সৃষ্টি করেন, যাতে দৃশ্যমানতার সীমানা পেরিয়ে যাবার সংকেত থাকে। কিন্তু তিনি মূর্ত জীবন আঁকার অনেক কাছাকাছি চলে এসেছেন তাঁর নারীবিষয়ক চিত্রমালায়। এই প্রদর্শনীতে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে। এই ছবিগুলো অন্যান্য কাজের ভিড়েও তাদের স্বাতন্ত্র্য হারায়নি, আবার তা খুবই অর্থবহ বৈচিত্র্যসৃজনে সহায়তা করেছে। বীরেন যে-বাঙালি নারীর প্রতিকৃতি এঁকেছেন তার সঙ্গে মিশে আছে নানান আটপৌরে পুরাণ, অতীতের বার্তাবাহী নানান সংকেত, যা খুবই সহজবোধ্য। এভাবেই বাস্তববাদের প্রতি তাঁর মনোযোগের কথাটি জানিয়ে দেন তিনি। এইসব নারীর শরীরী অবয়বকে ভাঙার চেষ্টা করেননি তিনি, আবার প্রচলিত ধারণার প্রতিকৃতির ধারা থেকে তিনি সরে গেছেন। সহজিয়া এসব চিত্রের নামকরণও আংশিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে আমার বিশ্বাস। হাতে-ধরা ফুল নিশ্চয়ই স্মৃতিকাতরতার প্রতীক হতে পারে, অথবা তা হতে পারে সুন্দরের আরাধনা, কিন্তু উভয়টিতে যা প্রধান বিবেচ্য – তা হলো নারীহৃদয়। পাখি ও প্রজাপতির সংকেত আমাদের কোনো জটিল দোটানায় ফেলে না, কিন্তু নারীকে আঁকা হয়েছে যে-পটভূমির ওপর তার বর্ণবিন্যাস বিশ্লেষণ করলে বোঝা যায় বিমূর্ত জটিলতার আবহেই তাকে উপস্থাপন করা হয়েছে। আর নারীর ভালোলাগা এবং আকাক্সক্ষা যে গৃহাভ্যন্তরেই বন্দি থাকে তার একটি অনাদি ইতিকথা এই ছবিগুলোর উপজীব্য হয়ে উঠেছে। নারী-সিরিজের চিত্রকর্মসমূহ দৃষ্টিকে এক ধরনের প্রশান্তি দেয়। প্রজাপতি-মন ছবির একটি বাড়তি উৎকর্ষ তৈরি হয়েছে রেখার সুনিপুণ টানে।

বীরেন সোমের উত্তরণের আরেক ধরনের খোঁজ পাওয়া যায় ক্যানভাসে জলজগৎ নির্মাণের প্রচেষ্টায়। অতল জলের আহ্বানে শিল্পী স্নানার্থী নন, কিন্তু সঘন এক গভীরতায় তিনি ডুবুরির দৃষ্টি নিয়ে যেন অন্ধকার গহীনের সৌন্দর্য-সন্ধান করে ফেরেন। অন্ধকার আর জলের এই নৈকট্যও আবার মূর্ত থেকে সাংকেতিক বিমূর্ততায় টেনে নিয়ে যায় আমাদের। জলের ওপর সূর্যাস্তের ছায়া তার চেনা দৃশ্যমানতা থেকে বিবর্তিত হয়ে এক ভিন্নতর কম্পোজিশন রচনা করে। এই বিষয় নিয়ে নিরীক্ষা বর্তমান প্রদর্শনীতে বিশেষ অভিনবত্ব সৃষ্টি করেছে।

১৯৭১ সালের তরুণ বীরেন সোমের বুকের ভেতর এখনো মুক্তিযুদ্ধের দ্রোহ ও নাচন খেলা করে। তাঁর সব প্রদর্শনীতেই মুক্তিযুদ্ধের বিষয়ভিত্তিক চিত্রকর্ম দেখেছি আমরা। এই প্রদর্শনীর সবচেয়ে বড় ক্যানভাসগুলো জুড়ে আছে মুক্তিযুদ্ধের ছবি। তাঁর উত্তরণের কাহিনীতে ছবিগুলোও অতীব গুরুত্বপূর্ণ।