তুমি কি কাজলরেখা? হেরে গেছ দাসির নিকট
তোমার প্রেমের জলে স্নান সেরে রাজার কুমার
চলে যাচ্ছে ভিনগ্রহে, রাতভর মন্থর শকট
মায়াবি লণ্ঠন এক দিচ্ছে তার আঁধার পাহারা
তোমার চোখের নিচে গোধূলির কালি, ধূলি ওড়ে
স্খলিত নক্ষত্র, পুড়ে গেছে নদী, ভস্মকন্যা তুমি
আল্পসের হিম, মথুরার কান্না, একা হুতাশন
প্রেম কি অলঙ্ঘ্য দূর? তুমি এক উপবাসভূমি
সমস্ত প্রাচীন ফেলে বসে আছ নবাগত রোদে
নিঃসঙ্গ কামান এই মন, তাকে ভরছ বারুদে!
দেহভর্তি গান আর কোষে কোষে বিরহ সম্ভার
কুড়িয়ে তুলবে কেউ, কোথা সেই অচিনকুমার!

Leave a Reply
You must be logged in to post a comment.