প্রত্যহ শবযাত্রায়

তুমি একদিনও ঠিক জেগে উঠছ না, অথচ প্রতিদিন কফিনের ভার   নিয়ে আগরবাতির গন্ধমোড়ানো একটা লাশ সমাধিতে রেখে আসছ। ভেবেছ এইসব মৃত আত্মার করুণা নিয়ে তুমি উঠে দাঁড়াবে? কিংবা তোমার ঘন নিশ্বাসের অপেক্ষায় থেকে যারা ইতোমধ্যে ঘুমিয়ে  পড়েছে তাদের আঙুল কেটে জাগরণ দেবে আর বলবে : দ্যাখো, স্নায়ুর সমস্ত সংবেদনা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওঠো, এবার আমাকে

পূর্বাপর নিঃশেষ করে দাও।

যারা তাদের কফিনযাত্রায় তোমার সঙ্গ অনিবার্য করে তুলেছে, তাদের

বলো : আজতক অনেক শব নিছক গড়িয়ে গিয়ে সমাধিতে শুয়ে পড়েছে। মর্মান্তিক সঙ্গহীনতা তাদের নিবৃত করতে পারেনি।

তথাপি শবভূমি কোনো গন্তব্য হতে পারে না। তবু তুমি কফিনে কাঁধ

ঠেকিয়ে তাদের সঙ্গে যাও, খুব কাছাকাছি থেকে চুপি চুপি বিনতি করো : অলস হয়ে পড়ে আছে দীর্ঘ সময়, আড়মোড়া ভেঙে উঠে  বসো, তারপর হন হন করে করে হেঁটে চলে যাও।২ নভেম্বর ২০০৩