বরেন্দ্রর ভেদকথা!

বাতাসে আমগন্ধ মদির। চাঁপাইনবাবগঞ্জের সড়কে

রাতভর ল্যাংড়ার ট্রাক।

উত্তরসড়ক গুঞ্জনে মর্মরে গর্জনে সবাক।

মধুভারে আক্রান্ত মৌমাছি।

বরেন্দ্রর ভেদকথা কী জানে পামর!

পুরাকণ্ঠ উজিয়ে আসে ফিস ফিস অস্ফুট কথা।

কৃষ্ণা রাত। থাম থাম ঝুপসি ছায়ার আমগাছ।

প্রেতিনীদের কলাম সারি সারি। আজ

দায়মুক্তি সংসার থেকে।

শাহ সুজার অশ্বখুরধ্বনি মিলিয়ে যায়

ধূসর কানসাট বর্ডারে।

কফিনের ঘের থেকে সত্যি দায়মুক্তি সময়ের।

কালো লেস কালো হুইলের বায়ুযান।

মহানন্দার মেঘ পেরিয়ে ওই অনন্তসোয়ারী।

বরেন্দ্রর ভেদকথা কী জানে পামর!

আকাশে আকাশে মন্দ্রধ্বনি : ‘ফিরে যাও –

– ফিরে যাও – যাও – বরেন্দ্রর বৃষ্টিসোঁদা

বাতাসে আকাশে অরণ্যে কোথাও আর

সেই আমি নেই – নেই – ফিরে চলে যাও।’২.৭.২০০৪