শিরোনামহীন

আতিয়া ইসলাম এ্যানি বাংলাদেশের সমকালীন শিল্পকলাচর্চায় স্বতন্ত্র শিল্পভাষার অধিকারী। পিতৃতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, বৈষম্য, নির্যাতন ও সহিংসতা তাঁর শিল্পচর্চার অন্যতম প্রধান বিষয়। একই সঙ্গে সামাজিক অসংগতি, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক-সামাজিক সংকটও তাঁর ক্যানভাসে প্রতিবাদী ভাষা পেয়েছে। নারীর দৃঢ় ও দাপুটে উপস্থিতি, বক্তব্যের স্পষ্টতা এবং তীব্র সামাজিক সমালোচনা তাঁকে দেশের শিল্পাঙ্গনে বিশিষ্ট স্থান এনে দেয়।

তাঁর শিল্পভাষা ছিল রূপকধর্মী, প্রতীকনির্ভর ও ব্যঙ্গাত্মক। কোথাও কোথাও তাতে পরাবাস্তবতা ও কল্পনার ছোঁয়া লক্ষ করা যায়। উজ্জ্বল রঙের ব্যবহার, বিদ্রূপ ও হাস্যরস এবং জোরালো উপস্থাপনার মধ্য দিয়ে তিনি সমাজের গভীর অসংগতিকে মূর্ত করে তুলেছেন। বিশেষত নব্বইয়ের দশকে তাঁর কাজের ভিন্নতা ও বক্তব্যের তীব্রতা শিল্পবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অংকন ও চিত্রায়ণ বিভাগ থেকে ১৯৮২ সালে বিএফএ এবং ১৯৮৫ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮১-৮২ সালে তিনি চারুকলার ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

আতিয়া ইসলাম এ্যানির জন্ম ঢাকায়, ১৯৬২ সালে। গত ২রা জুলাই এই শিল্পী মৃত্যুবরণ করেন। বাংলাদেশের শিল্পকলায় প্রতিবাদ, নারীর অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী ভাষ্য হিসেবে তাঁর শিল্পকর্ম স্মরণীয় হয়ে থাকবে।

প্রচ্ছদে ব্যবহৃত চিত্রকর্মটি ২০১০ সালে অ্যাক্রিলিকে আঁকা। ছবিটির সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।