দূর অতীত যে অনতিক্রম্য, অগম্য,
তার কাছে যাবার কোনো উপায় নেই,
তবু, স্মৃতিকণায় যে ভরে থাকে মন,
ভবিতব্যের হাতে সবকিছু ছেড়ে দেই!
কার মুখ আর দেখবো পেছন ফিরে –
এই রুক্ষ, শূন্য, বিবর্ণাতুর অবেলায়,
সবই ধোঁয়াশা এখন, কুজ্ঝটিকার মতো,
নতমুখে ফিরে যাই অতীত আঙিনায়!
কার মুখ জীবন্ত জেগে থাকে এই মনে
কার ছায়া নিশিদিন পিছু পিছু আসে -,
কার স্মৃতি জাগিয়ে রাখে নির্ঘুম রাতে
কার স্বর সারাবেলা হাওয়ার কণায় ভাসে!
সময়ের সিঁড়িটা টানে অলীক ব্যথার মতো,
সে কি সত্যিই ছিল কোথাও, নিগূঢ় ক্ষত!

Leave a Reply
You must be logged in to post a comment.