হাটে ও বাজারে

না-লেখা কবিতার মাঠে লাল রক্তজবা

মিহিরোদ, অপার রহস্যঢেউ

ভালোবেসে ডুব দাও গহন অতলে

হয়তো ঝিনুক পাবে, মুক্তো কি পাবে না?

কিছুদূরে হরীতকী বনজুড়ে পাখিদের আলাপচারিতা

বাতাসের গুনগুন

শিউলি গাছটি ঝড়ে-ভাঙা ডাল নিয়ে কতকাল

উঠোনে দাঁড়িয়ে

এই দেখে প্রতিদিন পাতা ঝরে যায়

তারপরও

গোধূলির আতর মেখে বিষণ্ন জোনাকি

দৃশ্যের আড়ালে গিয়ে গহন বোধের দ্বিরালাপে

খুঁজে পায় ছায়াতল, সুরের সপ্তক।

সেই গান, সুরের আলাপ

শিউলিফুলের মালা

আমার সংগ্রহে নেই

তোমার খোঁপায়ও নেই

শীত আর বসন্তের সম্ভাবনার ভেতর

বিক্রি হচ্ছে যত্রতত্র হাটে ও বাজারে।