মানুষ জায়গা খুঁজে ফেরে। খোঁজে আবাসন, কাজের জায়গা, চায় নিরাপত্তা । অন্যের হৃদয়-জমিনে নিজের জায়গা নিশ্চিত করতে চায়। চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে তার ভালো লাগে উন্মুক্ত প্রান্তর, আবার চার দেয়ালের অভ্যন্তরে ফিরতেও উন্মুখ হয় তার অন্তর। মানুষ ভালোবেসে সংসার গড়ে, সংসার একাধারে হয়ে ওঠে তার সুখ ও অসুখের স্থান। অসুখের পাল্লা ভারি হলে সে সংসারবিবাগীও হয়। ক্ষমতার কেন্দ্র মানুষের আরেকটি অন্বিষ্ট স্থান। অভীষ্ট লক্ষ্যে যেতে সে আশ্রয় নেয় ন্যায্য-অন্যায্য সব পন্থার। কেউ নানা কায়দায় বিত্তশালী হওয়ার জায়গা খোঁজে, কেউ মেধা ও মননচর্চায় চিত্তশালী হয়ে ওঠে। এসবে সার্থক যারা তারাও ঠিক তৃপ্ত নয় নিজ নিজ স্থানে, তারা আরো বিকাশের জায়গা খুঁজে ফেরে আজীবন। পট ও ক্যানভাসের সীমিত পরিসরে চারুশিল্পীরা খোঁজেন জায়গার পর জায়গা, জমিয়ে তোলেন স্পেসের খেলা। এ খেলায় যিনি যতো পারঙ্গম, তাঁর চিত্রকর্মও ততো মহার্ঘ, ততো সার্থকতালাভে অগ্রসর। রিয়ালিটির সঙ্গে ফ্যান্টাসি মিলিয়ে মোনালিসায় দ্য ভিঞ্চি যেমন রহস্যময় স্পেস গড়েছেন, যা তাঁর সৃষ্টিকে করেছে চিরস্মরণীয়। চিরকালের চেনা নারী যেন এখানে এমন এক রহস্যময়তার সেরাটোপে আবদ্ধ, যে কাছের হয়েও দূরের, চেনা সত্ত্বেও অচেনা, অপরিচিতা। রিয়ালিজম পার করে ক্রমান্বয়ে চারুশিল্পে যখন প্রকাশবাদী বিমূর্ততার আবির্ভাব তখন চিত্রপটে স্পেসের খেলা বেড়ে যায়, স্পেস হয়ে ওঠে অন্যতম প্রধান অনুষঙ্গ। অথবা অন্যভাবে বলা যায়, স্পেস নিয়ে নানা চিন্তা ও স্পেস নিয়ে খেলতে খেলতে চোখে-দেখা নানা বস্তু ও উপাদানের সাদৃশ্য ভাঙচুর হতে হতে, সুরলহরের বিমুগ্ধ বিমূর্ততা যেন ঠাঁই করে নিয়েছিল কান্দিনস্কি ও সমসাময়িক কতিপয় শিল্পীর চিত্রপটে। সৃজনশিল্পীর স্পেস-সন্ধান আমাদের নতুন নতুন অভিজ্ঞতায় পুষ্ট করে। বাংলাদেশের সমকালীন চারুশিল্পের তারুণ্য-পরিণত চিত্রশিল্পী ইফতেখার উদ্দিন আহমেদ স্পেসের সন্ধানে ব্যাপৃত। তাঁর দ্বাদশ একক চিত্র প্রদর্শনীর শিরোনাম ছিল ‘সার্টিং স্পেস’। ডিসেম্বরের ৪ থেকে ২০ তারিখ পর্যন্ত ঢাকার গুলশান ২-এর সাজু আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো এই প্রদর্শনী। ইফতেখার উদ্দিন আহমেদ পেশাদার শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আশির দশকের মাঝামাঝি। ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে প্যারিসে তিনি আধুনিক চিত্রকলায় উচ্চতর শিক্ষা নেন। ইফতেখারের জন্ম ও বৃদ্ধি ঢাকার পুরানো অংশে। ফলে তাঁর শিল্প- শিক্ষার্থী জীবন থেকেই তাঁকে দেখেছি পুরানো ঢাকার প্রাচীন ইমারত, জনজীবন, রিকশা, বুড়িগঙ্গার তীরবর্তী অঞ্চল, লঞ্চঘাট, পরিত্যক্ত রেল- ইঞ্জিন এসব নানা বিষয়বস্তু নিয়ে অজস্র অনুশীলন করতে। শিক্ষার্থী জীবনেই তিনি স্বাক্ষর রেখেছেন দক্ষ ক্র্যাফটসম্যানশিপের। তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল চিত্রশিল্পী হিসেবে। চিরচেনা পুরানো ঢাকা, বুড়িগঙ্গার তীর শিল্পীর মানসপটে এমনভাবে গেঁথে আছে, যা তাঁর চিত্রকর্মে চলে আসে স্বতঃস্ফূর্ত আবেগময়তায় । নৌকো আর রিকশার ফর্মের জ্যামিতি অবলীলায় ঢুকে পড়ে তাঁর চিত্রকর্মে। পুরানো ঢাকার রাস্তার ইলেকট্রিক ও টেলিফোন তারের জটাজাল নানা রেখার আদলে ইফতেখারের ক্যানভাসের কেন্দ্রে ভিড় জমায় । আগেই বলেছি, ইফতেখারের এবারের প্রদর্শনীর থিম সার্চিং স্পেস। স্পেস বলতে আমরা বুঝি প্রকৃতির উদার, মুক্ত প্রান্তর। আরেক ধরনের স্পেস আছে, যা মানুষ তৈরি করে। যেমন মানুষের তৈরি বসতি, ঘরবাড়ি । এছাড়াও মানুষ তার কল্পনাশক্তি ও বোধ থেকে স্পেস তৈরি করে। আবার স্পেস আলাদা ডাইমেনশন বা মাত্রা তৈরি করে। এ সকল বিষয় নিয়েই চিত্রপটে খেলেছেন শিল্পী ইফতেখার। পরিসরকে সীমিত করতে দেয়াল ব্যবহার করেছেন, দেয়ালে জানালার মাধ্যমে ভিন্ন আরেকটি স্পেস তৈরি হয়েছে। ফলে এক স্পেস থেকে আরেকটি স্পেসে যাওয়া কিংবা দুটি স্পেসের মধ্যে তৃতীয় আরেকটি স্পেসের উদ্ভব ঘটেছে – যা দর্শকদের চেতনাকে রিলিফ দেয়। ইফতেখার তাঁর চিত্রকর্মে দেয়াল ব্যবহার করেছেন এক ধরনের লিমিটেশন আনতে । নগরজীবনে চার দেয়ালে আবদ্ধ মানুষগুলো ঘুরে- ফিরে আবার চার দেয়ালের মাঝেই আশ্রয় নেয়। সে-দেয়াল নুনে ধরা, পলেস্তারা খসা, ইটের হা-মুখ বের-হওয়া। আছে কড়িবর্গা ও পিলার। এই পিলারগুলোও পুরানো রোমান স্থাপত্যের স্টাইলের। এগুলো স্ট্রেংথ বা শক্তির প্রতীক। এ শক্তিও অনেক জায়গায় ক্ষয়িষ্ণু। সবকিছু ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তটি মনে করিয়ে দেয়। এই কিছুকাল আগের শাঁখারি পট্টির এক পুরানো দালানের ধসে পড়ার বিভীষিকা যেন মনে করিয়ে দেয় শিল্পীর কিছু চিত্রকর্ম। ইফতেখারের কিছু চিত্রকর্মে আমরা কোলাজের প্রয়োগ দেখি । স্থপতিদের ফেলে-দেওয়া ভবন-নকশার কাগজ তাঁর চিত্রপটের উপরে ও নিচে স্থান নিয়েছে নগর-যন্ত্রণার প্রতীক হয়ে। এক্ষেত্রে তিনি প্রভাবিত হয়েছেন কৃতী অগ্রজ শিল্পী মনিরুল ইসলাম দ্বারা। সেই সঙ্গে আছে নতুন স্পেস তৈরি বা নতুন কিছু করার তাগিদ। প্রাকৃতিক দুর্যোগ এসবও যেমন, ঝড়, ভূ-কম্পন, বন্যা স্পেসকে উলটপালট করে তার শক্তিমত্তার স্বাক্ষর রাখে। শক্তির ভারসাম্যের এই প্রান্তবদলকেও ইঙ্গিতে বুঝিয়ে শিল্পী পরিবেশের বিপর্যয়-রক্ষায় মানুষকেই এগিয়ে আসার আহ্বান করেছেন যেন। সমকালীন যন্ত্রণাজর্জর বৈচিত্র্যহীন জীবনযাপন, দারিদ্র্যের তীব্র কশাঘাতও প্রতীকীভাবে উঠে এসেছে ইফতেখারের চিত্রকর্মে। সিঁড়ি দিয়ে উপরে ওঠা, আবার তার পতন যেন একজন মানুষের ক্রমোন্নতির পর নক্ষত্রের পতনের মতো। এই বিষয়টি শিল্পী বিধৃত করেছেন তাঁর ‘টার্গেট’ চিত্রে। জীবনের নানা ডাইমেনশন তাঁর কাছে। যেমন, জীবন তাঁর কাছে খাঁচাসদৃশ, সীমাবদ্ধ, স্বপ্ন, পরিত্যক্ত আবার শৈশবের দিনগুলোর মতো আনন্দময়। অর্থাৎ আনন্দ-বেদনার দুটি দিকই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। শিল্পী শুধু স্পেসই খোঁজেননি তিনি সন্ধান করেছেন ফর্মের, পারফেকশনের, শক্তির, সুন্দরের ও স্বপ্নের। তাঁর চিত্রকর্মগুলোর শিরোনাম পরিত্যক্ত, বৃষ্টির দিন, ভারসাম্যহীন, সৃষ্ট স্থান, কম্পোজিশন, অপেক্ষা, মা ও শিশু, রাজা, আগ্রহ, অন্যমাত্রার সৃজন, খাঁচাবদ্ধ জীবন, স্মৃতিতর্পণ প্রভৃতি । ইফতেখার এঁকেছেন অ্যাক্রিলিক ও অয়েলে। পেনসিলের অনেক বোল্ড লাইনও ব্যবহার করেছেন তাঁর কাজে। সঙ্গে আবার স্থপতিদের নকশাকৃত পরিত্যক্ত কাগজের পেস্টিংয়ে তাঁর চিত্রকর্ম অন্যরকম হয়ে উঠেছে। স্পেসের খেলা বলে শিল্পী বেশ মুক্ত হাতে ব্রাশ চালিয়েছেন, নানারকম আলো-আঁধারীর খেলা তাঁর চিত্রপটকে আকর্ষণীয় করেছে। শিল্পীর এসব কাজকে ঠিক বিমূর্ত বলা যায় না, বরং মূর্তমানতার অন্যরকম রূপকাজ বলা যায় একে। এই ইফতেখারের এই দ্বাদশ একক চিত্র-প্রদর্শনী সাম্প্রতিককালের এক উল্লেখযোগ্য প্রদর্শনী হিসেবে সুধীমহলের মনোযোগ আকর্ষণ করেছে। শিল্পী ও প্রদর্শনীর উদ্যোক্তা সাজু আর্ট গ্যালারিকে ধন্যবাদ – সুন্দর আয়োজনের জন্য। স্পেসের কাজের ডিসপ্লেতে স্পেসের সার্থক প্রয়োগ প্রদর্শনীকে আরো ঋদ্ধ করেছে। এ প্রদর্শনী চলেছে ডিসেম্বর ৪ থেকে ২০ তারিখ পর্যন্ত।

Leave a Reply
You must be logged in to post a comment.