জীবনানন্দ/
কবিতার নান্দনিকতা
মাহবুব সাদিক
নবযুগ প্রকাশনী
ঢাকা, ২০০৪
১৬০ টাকা
বাংলা কবিতায় জীবনানন্দ-ঘরানা গত আধা শতক ধরে অপরিমেয় পটভূমির মতো যেন Ñ প্রকাশ্যে প্রচ্ছন্নে বিস্তৃত হয়ে আছে। তাঁর উপমা, চিত্রকল্প, নিসর্গ-নির্ভর পরাপ্রাকৃতিক আলেখ্য, স্তরবহুল পরাবাস্তব-চিত্রায়ণের ঢঙটি আমাদেরকে নেশাগ্রস্তের মতো টেনে নিয়ে যায়। এ সত্ত্বেও বোধের আরোহণ-অবরোহণ-প্রশ্নের পাঠক-মীমাংসায় তিনি এখনো ‘দুরূহতম’ কবি। এ কারণেই কিনা, জীবনানন্দ দাশের কবিতার সামগ্রিক আলোচনা এখানে খুব বেশি হয়নি। তাঁর সম্পর্কে নানা লেখালেখি চোখে পড়ে। নতুন আঙ্গিক ও দৃষ্টিকোণ থেকে তাঁর কবিতাকে দেখার চেষ্টাও হয়েছে। তবে এর অধিকাংশই সংক্ষিপ্ত Ñ তাঁর কবিতার কোনো কোনো দিক শনাক্তকরণ ও বিশ্লেষণের উদ্যোগ মাত্র। এসব রচনার বেশির ভাগই দৈনিক পত্রিকার চাহিদা ও ছাঁচে ঢালা, সামগ্রিক জীবনানন্দকে বোঝার কাজে খুব-একটা সহায়ক উপায় হয়ে ওঠেনি। এর মধ্যে কবি মাহবুব সাদিকের সম্প্রতি প্রকাশিত গ্রন্থ জীবনানন্দ / কবিতার নান্দনিকতা এ-কবিকে নানাদিক থেকে পূর্ণায়তনে বুঝে দেখার প্রয়াস বলে ধরে নেওয়া যায়।
অবশ্য সাদিকের গ্রন্থটিও আঠারোটি প্রবন্ধের সংকলন এবং লেখকের বক্তব্য থেকে ধারণা করা যেতে পারে, ওগুলোও পত্রপত্রিকার জন্য লেখা হয়তো। কিন্তু তার বিষয়-নির্বাচন এমন যে, সবগুলো প্রবন্ধ মিলিয়ে জীবনানন্দের কবিতার বিভিন্ন দিকে আলো ফেলে দেখার সুযোগ রয়েছে। নিসর্গ-চেতনা, ইতিহাস ও সমকালের প্রভাব, শব্দ, চিত্রকল্প, পুরাণের ব্যবহার, ছন্দ, বস্তু উপকরণাদির বর্ণ, ঘ্রাণ Ñ ইত্যাদি বিচিত্র বিষয়ের আশ্রয়ে আলোচনা বিন্যস্ত করেছেন লেখক।
মাহবুব সাদিক কবি মানুষ। কবির শানানো ও আবেগী দৃষ্টি সর্বদা সচল থাকে, হোক তা কবিতা-লেখা বা উপন্যাস-সৃষ্টি কিংবা কাব্য-আলোচনা। আজকাল পাঠকের অন্তর্দৃষ্টি বলে যে-কথাটি শুনছি পশ্চিমের তাত্ত্বিকদের কাছে, তা অন্তত সেই পাঠকের ক্ষেত্রে সত্যি হতে পারে, যিনি নিজে কবি, কবিতার উন্মেষ ও সৃষ্টিরহস্যের প্রত্যক্ষ সংবেদনা যার সঞ্চয়ে আছে। এ গ্রন্থে আমরা তেমন এক পাঠকের সক্রিয়তার আভাস পাই মাঝে মধ্যে। প্রথম প্রবন্ধটির আলোচনা শুরু হয়েছে অসামান্য এই চিত্রকল্প উদ্ধৃত করে :
রয়েছি সবুজ মাঠে Ñ ঘাসে Ñ
আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে
আকাশে আকাশে।
আলোচনা-শুরুর জন্য যে-উদাহরণ খুঁজে নিয়েছেন সাদিক, সে-ধরনের চিত্রকল্প বাংলা কবিতায় সুপ্রচুর বলে দাবি করা যাবে না। এরকম চিত্রকল্পের দেখা বইটির অন্যত্রও মিলবে। চিত্রকল্প-বাছাইয়ের দৃষ্টি ও মান-বিচারে মাহবুব সাদিকের শিল্পবোধের পরিপক্বতা সন্দেহের ঊর্ধ্বে। এ বিশেষ চিত্রকল্পটিকে এতো গুরুত্ব দেওয়ার কারণ জীবনানন্দের কবিমানসের পূর্ণরূপ ও অভিপ্সার সূক্ষ্ম একটি ইঙ্গিত আছে এখানে। প্রকৃতির সঙ্গে অবিচ্ছিন্ন মানুষ ফলিয়ে তোলার আকাক্সক্ষা তাঁর মনে শুরু থেকেই ছিল, ধূসর পাণ্ডুলিপিতে আমরা এর উন্মেষ দেখি, পরিণতি এসেছে আরো পরে।
অবশ্য গ্রন্থকার বা আমরা আজ
যে-চিত্রকল্পকে অসাধারণ বিবেচনা করছি, তার জন্য সমকালে কম বিদ্রƒপ সইতে হয়নি জীবনানন্দকে। এ-কবিতার এ দুটি লাইন সম্পর্কেই সজনীকান্ত ব্যঙ্গ করে লিখেছিলেন : ‘আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে… অনেকটা হরির উপরে হরি হরি শোভা পায়/ হরিকে দেখিলে হরি হরিতে লুকায়।’ সজনীকান্ত উপলব্ধি করতে পারেননি হরি-আলেখ্যের আশ্রয় যেখানে নিত্য বাস্তবতার এক টুকরো দৃশ্য, সেখানে জীবনানন্দের অসাধারণ চিত্রকল্পটির জন্ম হয়েছে কবির এক মুহূর্তের অনূভূতির আশ্রয়ে ভাষার বেপরোয়া উড়ালের উপর ভর দিয়ে। ভাষা এখানে অবতীর্ণ হয়েছে দ্বিতীয় স্রষ্টার ভূমিকায়। এখানেই কালের তুলনায় সৃষ্টির অগ্রসর অবস্থানের প্রসঙ্গ জড়িয়ে থাকে।
সাদিকের ‘ধূসর পাণ্ডুলিপি’ পর্যায়ের আলোচনায় এই চিত্রকল্পটির পর গুরুত্ব পেয়েছে ‘মেঠো চাঁদ’ কবিতাটি। ‘মেঠো চাঁদে’র বিভিন্ন অংশের ভাষ্য তৈরি করেছেন তিনি। অতঃপর মূল বক্তব্য স্পর্শের জন্য অগ্রসর হয়েছেন। ‘মাঠের গল্প’ পর্যায়ের কয়েকটি কবিতার অন্যতম ‘মেঠো চাঁদে’র আর্থমীমাংসা সম্পর্কে সাদিক লিখেছেন Ñ ‘মাঠের গল্পে বিরামহীন শাশ্বত ফসলচক্র এবং শাশ্বত মানবের বিরামহীন জীবনচক্র প্রতিফলিত হয়েছে। ফসল গিয়েছে ঢের ফলি/ শস্য গিয়েছে ঝরে কত’- এই দুই পঙ্ক্তির ‘ঢের’ ও ‘কত’ এবং পরবর্তী পঙ্ক্তিগুলোর ‘কতবার’, ‘ঝরে’, ‘গেছে’ এই শব্দগুলোর ব্যবহারে অনুভূত হবে জীবন ও প্রকৃতির গতিশীলতা Ñ এর শাশ্বত আবর্তন ও পুনরাবর্তন’ (পৃ-১১)। অনেক কবিতা সম্পর্কে এ জাতীয় বিশ্লেষণে লেখকের পরিশ্রুত শিল্পীবোধের প্রকাশ আছে । অবশ্য এরপরও একটু ফাঁক থেকে যায় বলে মনে হয়, যখন আমরা ‘মেঠো চাঁদ’ কবিতাতেই এই প্রশ্নের মুখোমুখি হই : ‘শস্য ফলিয়া গেছে, – তুমি কেন তবে/ রয়েছো দাঁড়ায়ে /একা একা!’ প্রশ্নটি সাদিকও তুলে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর অনুসন্ধিৎসা এদিকে গড়ায়নি। কিন্তু জীবনানন্দের কবিতাকে ভালো করে বুঝতে হলে এ প্রশ্নও উপেক্ষা করার উপায় নেই। এ প্রসঙ্গে আমরা পরে কথা বলেছি।
দ্বিতীয় প্রবন্ধ ‘বাংলার মুখে’ আলোচকের লক্ষ্য ছিল রূপসী বাংলার অপূর্ব কবিতামালায় সৃষ্ট নৈসর্গিক আলেখ্যের পরিচয়-প্রদান এবং কবির কাব্যকৃতি সম্পর্কে মূল্যায়ন উপস্থিত করা। এখানেও চমৎকার সব উপমা-চিত্রকল্প, অসাধারণ কবিতাংশ খুঁজে পেতে এনে জড়ো করেছেন সাদিক। রূপসী বাংলার কবিতায় জীবনানন্দ তাঁর দেখা বাংলার ভাষিক রূপ নির্মাণ করতে গিয়ে যে-বাংলাদেশ সৃষ্টি করেছেন, তা বাস্তবের সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ হলেও সম্পূর্ণ বাস্তব পৃথিবীর ভাষা-রূপ নয়। এ বাংলাদেশ হলো জীবনানন্দের শৈশব-কৈশোরে দেখা এবং
কিংবদন্তি, লোকঐতিহ্যের আশ্রয়ে তিল তিল করে গড়ে-তোলা এক বাংলা। শৈশব-কৈশোরের স্মৃতি, অতীতের জন্য শোক ও হাহাকার, লোকঐতিহ্যে বর্ণিত বাংলার প্রকৃতি ও মানুষ সম্পর্কে তাঁর আবেগ এ পর্যায়ের কবিতায় হানা দিয়ে গেছে বারবার। সামন্ত সমাজের চিহ্নও আছে। এই দিকটি সাদিকের চোখ এড়িয়ে যায়নি বলেই তিনি এ মীমাংসা উপস্থিত করেছেন : ‘মৃত্যুচেতনার মধ্য দিয়ে আবহমান ইতিহাসচেতনায় সমৃদ্ধ হয়ে আছে রূপসী বাংলার কবিতা। …রূপসী বাংলায় বাংলার অতীত ও বর্তমানের আর্থসামাজিক রূপের পরিচয় তেমন পাওয়া যাবে না। এর প্রকৃতির যে-গভীর গূঢ় বর্ণনা আমরা পাই তার মধ্যে প্রায় অলক্ষে একটি ক্ষয়িষ্ণু সামন্তসমাজের অবশেষ ফুটে উঠেছে’ (পৃ ২২-২৩)।
তবে রূপসী বাংলাকে ঠিক সামন্ত-সমাজের অবশেষের চিত্র বলা যায় না। প্রকৃতির পটভূমিতে অতীতের কতিপয় উজ্জ্বল বিন্দু নিয়ে যে-পরিপার্শ্ব রচনা করেছেন জীবনানন্দ তাতে সামন্তসমাজের রূপ যেমন অনুপস্থিত, তেমনি বাস্তবতাও খুব-একটা প্রভাবসম্পাতী বিষয় নয়। এখানে পরিবেশ-নন্দনশিল্পিত কল্পনাই প্রধান অবলম্বন, যার চালিকাশক্তি হয়তো বা সামন্তবাংলা সম্পর্কিত লোকশ্রুতি-কিংবদন্তির প্রতি নস্টালজিক মোহ। এসব কবিতায় লোকঐতিহ্য, লোকপুরাণের ব্যবহার, সাহিত্যিক ঐতিহ্য থেকে আহরণ, লোকজীবনে টিকে থাকা অবশেষের উজ্জ্বল প্রয়োগ সম্পর্কে সাদিক খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছেন চমৎকার সব উদ্ধৃতি-সহযোগে। আবার স্বভাবসুলভ আবেগী ভাষায় মন্তব্য করেছেন : বাংলার লোকপুরাণের লোকনায়িকারা যেন নতুন করে প্রাণ পেয়ে জেগে উঠেছে রূপসী বাংলার কবিতায়। কঙ্কাবতী, শঙ্কমালা, মানিকমালা, চন্দ্রমালা, কাঞ্চনমালা Ñ বাংলার রূপকথার এই লোকনায়িকাদের যেন চোখে দেখি আমরা’ (পৃ ২৭)। কাব্যটি সম্পর্কে এই শেষোদ্ধৃত
মন্তব্য সম্পর্কে বোদ্ধা পাঠক দ্বিমত পোষণ করবেন বলে মনে করি না।
বইটির অন্যান্য প্রবন্ধেও চিত্রকল্প নিয়ে আলোচনা, কোথাও বা গোটা একটি কবিতা কিংবা কোনো একটি কাব্যগ্রন্থ সম্পর্কে বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ সন্নিবেশিত হয়েছে। ‘মহাপৃথিবীর নায়ক’ প্রবন্ধে ‘আট বছর আগের একদিন’ কবিতার চমৎকার একটি ভাষ্য রচনা করেছেন লেখক। প্রকৃতির পটভূমিতে ফলে-উঠা মানুষের যে-জটিল, গূঢ় বোধ মানুষকে কখনো কখনো বিপন্ন করে তোলে তার অপূর্ব শিল্পিত প্রকাশ লক্ষ করি আমরা ‘আট বছর আগের একদিন’ কবিতায়। এর চমৎকার এক ব্যাখ্যা উপস্থিত করেছেন গ্রন্থকার। এ কবিতার বোধ, অভিমুখ ও বক্তব্য যে জটিল, সে-বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। মাহবুব সাদিক সে-জটিলতা এড়িয়ে না গিয়ে নিজের মতো করে তার গিঁট খোলার চেষ্টা করেছেন। একেকটি উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্পের সূত্র ধরে পেঁৗঁছার চেষ্টা করেছেন তার উদ্দীষ্ট বিন্দুতে। চূড়ান্ত মীমাংসায় লিখেছেন : ‘অবিস্মরণীয় জীবনবাদী কবিতা এটি। চিন্তার জটিল বিন্যাসই শুধু নয় Ñ আধুনিক মানসের স্তরবহুল বহুমাত্রিক ভাবনা এখানে শিল্পের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে। এ কবিতার প্রকরণকলাও অসাধারণ। কয়েকটি অবিস্মরণীয় চিত্রকল্প একে সমৃদ্ধ করেছে’ (পৃ ৫০)।
এরকম উপমা, রূপক, চিত্রকল্পের সূত্র ধরে কবিতার আর্থব্যঞ্জনা স্পর্শ করার উদ্যোগ আছে আরো কয়েকটি প্রবন্ধে। যেমন ‘শাশ্বত শ্যামলীরা’, ‘গোধূলী সন্ধির নৃত্য’, ‘মৃত্যু তিমির তলে নারী’, ‘বিচিত্র নারীরা’ ইত্যাদি। ‘শাশ্বত শ্যামলীরা’ প্রবন্ধে মাহবুব সাদিক জীবনানন্দের কাব্যে নারীর সামগ্রিক অবস্থান চিহ্নিত করতে চেয়েছেন। আমরা তার বিশ্লেষণ থেকে দেখি, জীবনানন্দের কাব্য-বিশ্বের সে-নারী নিঃসন্দেহে রোমান্টিক এক সৃষ্টি। বলে রাখা ভালো, এসব প্রবন্ধে পাঠকের অনুভূতি সর্বক্ষেত্রেই যে লেখকের কাব্য-মীমাংসার সহগামী হবে এমন নয়। তবে সাদিকের উপলব্ধির স্বকীয়তাও স্বীকার করে নিতে হবে।
সমকাল-চেতনা নিয়ে আলোচনায় তিনি জীবনানন্দের কালভাবনার সারাৎসার তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন উদাহরণ-সহযোগে। দেশবিভাগের ফলে উদ্বাস্তু মানুষের মনোবেদনার যে-অসাধারণ অভিব্যক্তি দেখি ‘বলিল অশত্থ সেই’ কবিতায় তার একটি ভাষ্য প্রদান করেছেন মাহবুব সাদিক। ওখানেও ঘর-ছাড়া মানুষের বেদনার প্রকৃতিই প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে। আবার সাতটি তারার তিমির থেকে উদাহরণ টেনে দেখিয়েছেন আন্তর্জাতিক পটভূমিতে জীবনানন্দের ভাবনা কোনদিকে গড়িয়েছে। এ কাব্যগ্রন্থের অসাধারণ কবিতা ‘রাত্রির কোরাস’ থেকে একাধিক উদাহরণ দিয়েছেন গ্রন্থকার। ‘অদ্ভুত আঁধার এক’, ‘সুচেতনা’, ‘শান্তি’, ‘বিভিন্ন কোরাস’সহ বহু কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে জীবনানন্দের কবিতায় সমকাল ও পরিপার্শ্বের চিহ্ন পাঠ করেছেন লেখক। ‘ভোর ও ছয়টি বমার : ১৯৪২’ কবিতা থেকে তুলে ধরেছেন এই বিখ্যাত উক্তি :
অমলিনে সূর্যরোলে জ্যোতির্ময়
এলুমিনিয়ম অনুভব
করে আমি দুই তিন চার পাঁচ ছয়টি
এরোপ্লেন গুনে
নীলিমা দেখার ছলে শতাব্দীর প্রেতাত্মাকে
দেখেছি অরুণে (পৃ ৮৮)।
জীবনানন্দকে অনেকে বলেন বাংলা ভাষার নির্জনতম কবি। তাঁর কবিতার সামগ্রিক বিচার ছাড়াই অভিধাটি দেওয়া হয়েছে বলে মনে করি আমরা। জীবনানন্দের শেষ দিককার কবিতায় মানুষের যূথবদ্ধতার প্রয়োজনীয়তার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যার সঙ্গে সাদৃশ্য আছে সমাজতান্ত্রিক ভাবনাভঙ্গির। একজন মানুষ তার কালের ও পরিপার্শ্বের মানুষ সম্পর্কে সহানুভূতি ও দায়ভার অনুভব না করলে তা সম্ভব হতো না। মাহবুব সাদিক তাঁর আলোচনায় এ দিকটির উপর গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে স্বতন্ত্র একটি অধ্যায়ে জীবনানন্দের ইতিহাস-চেতনা নিয়েও আলোচনা করেছেন সাদিক। কবির ইতিহাস-চেতনা যে সমকাল-চেতনায় এসে ঠেকে, সে-বোধ তার মধ্যে পুরোই জাগ্রত দেখি আমরা। তা না হলে এরকম সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হতো না Ñ ‘কবির পক্ষে আবহমান বৈশ্বিক জীবনরূপ ও বিশ্বমানবের আকাক্সক্ষা-বেদনার স্বরূপ উপলব্ধি করা প্রয়োজন। তাহলেই কেবল শাশ্বত মানবের আনন্দ-বেদনার কথামালা রচিত হতে পারে; রচিত হতে পারে বৈনাশিক কালের থাবা এড়িয়ে যে-জীবন ও ইতিহাস-ঐতিহ্য বহমান বর্তমানে এসে পৌঁছেছে তার অন্তরঙ্গ রূপকল্প। …জীবনানন্দের ঐতিহ্যবোধও প্রবল। তিনি কেবল বহমান কালের কবি নন Ñ তাঁর রচনায় অনুভূত হবে বিশ্বঐতিহ্য ও বিশ্বইতিহাস। সমকালীন জীবনকে তিনি শাশ্বত জীবনবোধের সঙ্গে সমন্বিত করেই রূপায়িত করেছেন’ (পৃ ১০১)।
জীবনানন্দ দাশের কবিতায় ঘ্রাণ এবং রঙের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাংলা কবিতায় ঘ্রাণের এমন বিচিত্র ব্যবহার, ঘ্রাণকে বস্তুর অনুষঙ্গ করে পাঠকের অনুভবে এমন তীব্র নাড়া দেওয়ার কাজটি আর কেউ করেননি। এ দুটি বিষয় নিয়ে স্বতন্ত্র আলোচনা করেছেন লেখক। সাদিক মনে করেন, কবিতায় রহস্য-সঞ্চারের জন্যই কবি ঘ্রাণের অনুষঙ্গ ব্যবহার করেছেন। ‘ঘ্রাণ’ এই শব্দের মধ্যেই রয়েছে বস্তু-নিরপেক্ষ এক অচেনা রহস্যময়তা’ (পৃ ১০৭)। এ পর্যায়ে এসে তাঁর সঙ্গে আর একমত হওয়া যায় না। ঘ্রাণের উৎস যেমন বস্তু, তেমনি ঘ্রাণের কাজও অতীতে দেখা বস্তু-পরিপার্শ্বের অনভূতি পাঠকের সংবেদনায় আরো তীব্রতর করা।
প্রকৃতিকে তুলে আনার জন্য জীবনানন্দ কেবল ঘ্রাণেন্দ্রিয়ই নয়, সবকটি ইন্দ্রিয়ের সামর্থ্য ব্যবহার করেছেন। আবার অনেক কবিতায় ঘ্রাণ এসেছে অনুভূতির অন্যতর আলোড়নের প্রতীক রূপে। যেমন, ‘ডানার রৌদ্রের গন্ধ’ কিংবা ‘রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের’ অথবা ‘গাঙ্গুরের ঢেউয়ের আঘ্রাণ/ লেগে থাকে চোখে-মুখে’। তিনটি উদাহরণের কোনোটিতেই ঘ্রাণ শব্দটির সঙ্গে ঘ্রাণেন্দ্রিয়ের প্রত্যক্ষ সম্পর্ক নেই। গন্ধ এখানে প্রতীকের কাজ করেছে। আর ঘ্রাণ যেখানে কেবলই ঘ্রাণ হিসেবে ব্যবহৃত সেখানে ঘ্রাণের ভূমিকা সংশ্লিষ্ট চিত্রটিকে আরো স্পষ্ট করা। যেমন, ‘আমারো ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো/ গেলাসে গেলাসে পান করি’ অথবা ‘মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে’। দুটি উদাহরণেই ঘ্রাণ আরো মূর্ত করে তুলছে সংশ্লিষ্ট উপকরণটিকে। অবশ্য মাহবুব সাদিকের ভাষ্যের সঙ্গে আমরা তো একমত নাও হতে পারি; তবু স্বীকার করতে হবে যে, জীবনানন্দের কবিতায় ঘ্রাণ এবং বর্ণের ব্যবহার সম্পর্কে যে-দীর্ঘ আলোচনা যোগ করেছেন তিনি, তা আমাদের এই ‘দুরূহতম’ কবিকে বোঝার কাজে কিছুটা সহায়ক হবে।
জীবনানন্দ দাশের কবিতার প্রকরণ-বিষয়ক আলোচনা করা হয়েছে ছয়টি প্রবন্ধে। ‘শব্দের শিখা’, ‘বিশেষণ’, ‘পুনরাবৃত্তি’, ‘চিত্রকল্পের দ্যুতি’, ‘পুরাণ’, ‘ছন্দোবৈচিত্র্য’ Ñ এ ছয়টি প্রবন্ধে মাহবুব সাদিক কবির প্রকরণকলার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। শব্দের ব্যবহার সম্পর্কে তাঁর মত এরকম : ‘শব্দপ্রয়োগের ক্ষেত্রে জীবনানন্দ দাশ শব্দের আভিধানিক অর্থকে অতিক্রম করে ইঙ্গিত ও প্রতীকের দিকে ঝুঁকে পড়েন। একটি শব্দের ভেতর থেকে তিনি তার অর্থের অতিরিক্ত কিছু নিষ্কাশন করে নেন। তাঁর ব্যবহৃত শব্দের মধ্য থেকে মূর্ত হয়ে উঠে বাক্সময় ছবি’ (পৃ ১২৬) । জীবনানন্দে ব্যবহৃত শব্দ সম্পর্কে এরকম মূল্যায়ন অব্যর্থ। শব্দ-সম্পর্কিত আলোচনায় তিনি দেখিয়েছেন আমাদের এ কবি প্রথম জীবনে নজরুল-সত্যেন্দ্রনাথের আধিপত্য থেকে শুরু করে আরবি-ফারসি ইংরেজিসহ পুরাণ, লোকভাষার শব্দ ব্যবহার, সাধু-চলিতের চমৎকার মিশ্রণের মধ্য দিয়ে অগ্রসর হয়েছেন। জীবনানন্দের কবিতা ঘেঁটে ঘেঁটে গ্রামীণ শব্দ, তৎসম শব্দ, বিদেশী শব্দ ইত্যাদির একটি কষ্টসাধ্য তালিকাও তৈরি করেছেন সাদিক।
শব্দের পুনরাবৃত্তি নিয়ে রয়েছে আলাদা আলোচনা। সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে একই শব্দের বা শব্দবন্ধের বা বাক্যবন্ধের পুনরাবৃত্তি স্বকীয় ভাষা-মুদ্রায় রূপান্তরিত হতে পারে। এখানেও সাদিক অপূর্ব সব চিত্রকল্প খুঁজে নিয়েছেন তাঁর আলোচনার অনুকূলে।
সর্বশেষ প্রবন্ধটি জীবনানন্দের ছন্দের বৈচিত্র্য-বিষয়ে। স্বাভাবিকভাবেই ছন্দের আলোচনায় তিনি মুক্তক অক্ষরবৃত্ত নিয়ে বেশি কথা বলেছেন। বিপুল নবত্বে আক্রান্ত শিল্পিত অনুভূতি নতুন উপকরণ দিয়ে প্রকাশ করার জন্য জীবনানন্দ পয়ারকেই বেছে নেন; তাতে ভাবের উঠা-পড়া-অনুযায়ী মাত্রার হেরফের ঘটিয়ে সম্পূর্ণ ভিন্ন এক লয় সৃষ্টি করলেন জীবনানন্দ। ধীর লয়ের মুক্তক অক্ষর বৃত্তের প্রবহমানতার জন্যও জীবনানন্দের কবিতা স্বতন্ত্র।
প্রকরণ-বিষয়ে এসব প্রবন্ধে প্রদত্ত সিদ্ধান্তের বাইরে কারো কারো অন্য বক্তব্য থাকতে পারে। আবার কোনো বিষয়ে আরো বিস্তৃত আলোচনার সুযোগও রয়েছে। এ সত্ত্বেও সাদিকের ছয়টি প্রবন্ধ মিলে জীবনানন্দ দাশের কবিতার প্রকরণবিষয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনার দাবি তুলতে পারে।
দুই
জীবনানন্দ/ কবিতার নান্দনিকতা গ্রন্থটি মাহবুব সাদিকের যথেষ্ট শ্রম ও নিষ্ঠার পরিচয়, এতে সন্দেহের অবকাশ নেই। কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি। কতিপয় কবিতার ভাষ্য রচনা করেছেন। কেউ কেউ প্রকরণকে কম গুরুত্ব দিয়ে আর্থব্যঞ্জনা ঘিরেই মূল আলোচনা বিন্যস্ত করেন। মাহবুব সাদিক তা করেননি। তিনি দুটি দিকেই সমান গুরুত্ব দিয়েছেন। তবু, এমন সতর্ক নিষ্ঠা ও আন্তরিকতা সত্ত্বেও জীবনানন্দের কবিতার মর্ম-উদ্ধারে সাদিকের ভাষ্য-মীমাংসায় পূর্ণতার অভাব বোধ করি আমরা, তেমনি নানা স্থানে উপলব্ধিগত বিভ্রান্তিও। তার অনেক মীমাংসার সঙ্গেই একমত হওয়া কঠিন। এমনও মনে হতে পারে, জীবনানন্দের কাব্যবোধ-বিশ্লেষণে তিনি কোথাও কোথাও বহিরঙ্গে ঘোরাফেরা করে তাঁর ইচ্ছা ও সামর্থ্য নিঃশেষ করেছেন। আমরা এখন এ দিকটি নিয়ে একটু কথা বলবো।
প্রথম প্রবন্ধটিতে আলোচিত সবকটি কবিতাই ‘ধূসর পাণ্ডুলিপি’ থেকে নেওয়া। মনে হতে পারে ‘ধূসর
পাণ্ডুলিপি’ সম্পর্কেই তাঁর আলোচনা বিস্তৃত হবে। ক্রমশ অগ্রসর হলে আমাদের নিরাশ হতে হয়। কারণ এতে তিনি ‘নির্জন স্বাক্ষর’ আর ‘মাঠের গল্পে’র চারটি কবিতা ‘মেঠো চাঁদ’, ‘পেঁচা’, ‘পঁচিশ বছর পর’ ও ‘কার্তিক মাঠের চাঁদ’ দিয়েই আলোচনা শেষ করেছেন। তাঁর প্রধান লক্ষ্যই ছিল বিভিন্ন চিত্রকল্পের প্রকরণ ও সৌন্দর্য-ব্যাখ্যার সূত্রে তার স্থানিক অর্থ-উদ্ধার, কখনো কখনো কবিতার সংশ্লিষ্ট অন্যান্য অংশের বক্তব্য সম্পর্কেও আভাস দেওয়া। একেকটি কবিতার আলোচনাশেষে কবিতাটি সম্পর্কে কিছু মন্তব্যও যোগ করেছেন তিনি। এ প্রক্রিয়াতেও তার প্রাপ্তি সামান্য নয়। কোথাও কোথাও কবিতার দু-একটি খণ্ডাংশ বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রাসঙ্গিক যে-মূল্যায়ন উপস্থিত করেন, সংশ্লিষ্ট কবিতার আর্থব্যঞ্জনা-উন্মোচনে তা অন্তত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে। যেমন ‘পেঁচা’র দ্ ুঅংশের অর্থ-উদ্ধারে তিনি লিখেছেন : ‘জীবনানন্দ বুঝিয়ে দিতে চান যে জীবন মূলত একই রকম Ñ পরিবর্তনহীন, শাশ্বত। একই রকম করে ফসল ফলে মাঠে, ঘরে উঠে, নদী-মাঠ-বাঁশপাতা-শিশির-জ্যোৎস্নার সঙ্গে একই রকম রাত জাগে একই পাখি। সঙ্গে জাগে একই রকম মানুষ। হয়তো তাদের নাম-রূপ এক হবে না। কিন্তু পৃথিবীর জীবনধারা ও নিসর্গ একই রকম থেকে যাবে’ (পৃ ১৫)।
এখানে সাদিক যা বললেন তা কেবল ‘পেঁচা’ কবিতার মর্মার্থ হিসেবে খুব যে অসঙ্গত, এমন নয়। বলতে চাই, এ বক্তব্যে জীবনানন্দের কাব্য-জগতের মর্মস্পর্শের উদ্যোগ নেই, কবি-মানস-বিকাশে অনিবার্য যে-সংযোগ সেই পরম্পরার প্রতি অঙ্গীকার নেই। প্রকৃতির প্রেক্ষাপটে জীবনচক্র ও আবর্তনশীল গতিময়তাকে গুরুত্ব দিয়েছেন জীবনানন্দ। এটি তাঁর কাব্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র। সাদিকের ব্যাখ্যায় গতির এই দিকটি অনুপস্থিত। ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দের কাব্যবীক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাদিক একে দেখেছেন স্থানিকরূপে, কাজেই বিচ্ছিন্নভাবে। তিনি বেশির ভাগ ক্ষেত্রেই কবিতার গদ্যরূপ-নির্মাণে আগ্রহ দেখিয়েছেন। গোটা বইটির অধিকাংশ প্রবন্ধে ঘুরেফিরে জোরদার হয়ে উঠেছে এই প্রবণতা অর্থাৎ কবিতাকে গদ্যে বর্ণনা করার একটি অদম্য ইচ্ছা। চিত্রকল্পই হোক, কবিতার অংশবিশেষ বা একটি গোটা কবিতাই হোক Ñ তিনি যেন এর ভাষিক বর্ণনায় উঠে-আসা অব্যবহিত অর্থকেই মূল ধরে তার সহজ ব্যাখ্যায় শ্রম ও মেধা ঢেলে দিয়েছেন।
‘মাঠের গল্প’ প্রবন্ধটিই নয় শুধু, ‘বাংলার মুখ’, ‘হাজার বছর ধরে’, ‘মহাপৃথিবীর নায়ক’ ‘গোধূলী সন্ধির নৃত্য’ প্রভৃতি প্রবন্ধে মূল-অন্বেষাই যেন একেকটি কবিতার গদ্যরূপসৃষ্টি। এ প্রয়াসে কোথাও কোথাও যে তিনি চমৎকার আর্থব্যঞ্জনা স্পর্শ করেছেন, তা আমরা আগেই স্বীকার করেছি। কিন্তু কবিতার গদ্যরূপের প্রতি প্রবল আগ্রহের কারণে কোনো কোনো আলোচনাকে জলো করে ছেড়েছেন তিনি। যেমন ‘বাংলার মুখ’ প্রবন্ধে রূপসী বাংলার প্রথম কবিতা সম্পর্কে তাঁর মন্তব্য এরকম : ‘কবির মৃত্যুচেতনা সেখানে অবধারিতভাবে পাঠকচেতনাকে আলোড়িত করে। যেদিন কবি মৃত্যুর দরোজা দিয়ে অনন্তের দিকে যাত্রা করবেন সেদিনও বাংলার মাঠ স্তব্ধ হবে না – চালতা ফুল শিশিরের জলে ভিজে যাবে, সোনার স্বপ্নের সাধ ঝরে পড়বে পৃথিবীতে। বাংলার নদীতীরের চরের কাছে এসে লাগবে খেয়া নৌকাগুলো – চারদিকে ভিজে গন্ধ এবং জীবনের কলরব উঠবে। কবি মরে গেলেও পৃথিবীতে জীবনের কলরোল থেমে থাকবে না’ (পৃ ২২)। এরকম গদ্যরূপের জন্য কাব্য-বিশ্লেষকের প্রয়োজন পড়ে না। সচেতন পাঠকমাত্রই কবিতা পড়ার প্রক্রিয়ায় এমন একটি গদ্যরূপ অজান্তেই তৈরি করে নেন, এমনকী কোনো কোনো পাঠকের ক্ষেত্রে সেই তৈরি জিনিসে কল্পনার আরো নানা ঢঙের কাজের সমন্বয় ঘটে।
এরকম বহু কবিতা ও কবিতাংশের চমৎকার গদ্যবর্ণনা পাওয়া যায় সাদিকের আলোচনায়। কিন্তু কবি এই যে নানা উপকরণ সাজান; উপমা, চিত্রকল্প, রূপকে, মুদ্রায় বিন্যস্ত করেন ভাষাকে তার পেছনে কোন ইচ্ছা কাজ করে, কোন বক্তব্য? কাব্যবোধ, কাব্যবিশ্বাস, কাব্যের দর্শন কিংবা উত্তরাধুনিক কায়দায় পাঠকের মনে কাব্যের সামগ্রিক অভিঘাত – যে-নামেইবলি না কেন Ñ কী তার পরিচয়, কোনদিকে তার অভিমুখ? এ কেন্দ্রীয় প্রশ্নের জবাব-অন্বেষণে আগ্রহ বোধ করেননি সাদিক। যেসব জায়গায় আগ্রহ দেখিয়েছেন তার কোথাও কোথাও সাদিকের সঙ্গে একমত হওয়া কঠিন। যেমন বিখ্যাত ‘হাওয়ার রাত’ কবিতা সম্পর্কে তাঁর আলোচনার কথা ধরা যায়।
সাদিকের মতে ‘হাওয়ার রাত’ কবিতায় যৌনমিলনে বিজয়ী নারীর প্রতীকার্থ রয়েছে। ব্যাবিলন, আসিরিয়া, মিশর, বিদিশায় মরে-যাওয়া সুন্দরীদের ফিরে আসার
যে-কথা বলেছেন কবি, তা তাঁর মনে ওইসব সুন্দরীর জন্য লালিত কামনাজাত। সাদিকের ভাষায় Ñ ‘তারা এখন বর্শা হাতে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে মৃত্যুকে পদদলিত করে জীবনের জয় ঘোষণা করবার জন্য। এ জীবন শুধুমাত্র বেঁচে থাকা নয় Ñ এ জীবন যৌনস্বর্গে যাপনের স্বপ্ন-আকাক্সক্ষার প্রতীক। রূপসীদের বর্শা হাতে দাঁড়ানোর চিত্রকল্পও মিলনবিজয়ী নারীর প্রতীকার্থ বহন করে। শরীরী প্রেম যে ভয়াবহ হতে পারে তারও ইঙ্গিত রয়েছে ‘কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন Ñ এই লাইনে (পৃ ৫৭-৫৮)। এ বিশ্লেষণের সঙ্গে একমত হওয়া কঠিন, এতে জীবনানন্দের কবিতার স্থুল চেহারা দাঁড় করানোর আশংকা আছে।
একই কবিতা নিয়ে আবার আলোচনা করেছেন ‘চিত্রকল্পের দ্যুতি’ শিরোনামে। ওখানে আবার ‘মশারি’কে কল্পনা করেছেন মানুষের তাবৎ বন্ধনরূপে। কিন্তু মশারিটিও যে ‘শাদা বকের মত উড়ছে’ বলে উল্লেখ রয়েছে তা ভেবে দেখেননি লেখক।
‘হাওয়ার রাত’ গোটা বাংলা সাহিত্যের পটভূমিতেও এক অসামান্য সৃষ্টি। বাংলা কবিতায় এই প্রথম কেবল ভাষার খেলায় কবির মৌহূর্তিক অনুভূতিকে আশ্রয় করে এমন শিল্পিত উল্লাসের প্রকাশ দেখি আমরা। গোটা কবিতাটি একরাশ পরাবাস্তব চিত্রকল্পের সমাহার; এগুলো একটি আরেকটির ওপর আপতিত হওয়ায় কখনো সাদৃশ্যময় কখনো দ্বন্দ্বাত্মক পরম্পরায় গ্রথিত হয়ে ভাষার আলোছায়ার খেলায় মানবমনের কোনো এক মুহূর্তের অপরিমেয় শিল্পিত আনন্দ ও উল্লাসকেই তীব্রভাবে প্রকাশ করেছে। এই আনন্দঘন মুহূর্ত সম্পূর্ণতই কবির হৃদয়ের আলোড়ন, তার একার এবং এর সঙ্গে বস্তু-উপকরণ বা শারীরিক সংশ্লেষ খোঁজা জরুরি নয়। উপমা, প্রতীক যা আছে তার সবই দূরে বিন্যস্ত— Ñ কখনো মিশরে কখনো বা ব্যাবিলনে-আসিরিয়ায়। রাতের আকাশকে একাকী অবলোকনের অনুষঙ্গেই এই শিল্পিত আনন্দের উন্মেষ। তার ইঙ্গিত আছে প্রথম কয়েক ছত্রে। এই অপার আনন্দে উল্লসিত হয়েই কবির ‘হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল/ নীল সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মত গেল উড়ে’।
একই কথা বলবো ‘বনলতা সেন’ সম্পর্কে। মাহবুব সাদিক সাব্যস্ত করেছেন Ñ ‘প্রেমের কবিতার আবহ ও উপাদান থাকা সত্ত্বেও ‘বনলতা সেন’ পরিপূর্ণ প্রেমের কবিতা নয়। এখন প্রায় নির্দ্বিধায় উচ্চারণ করা যায় যে, এটি প্রেম ও মৃত্যু বিষয়ক কবিতা’। সাদিকের এরূপ সিদ্ধান্তের মূল অবলম্বন সম্ভবত : ‘ফুরায় এ জীবনের সব লেনদেন’ বাক্যটি। কিন্তু এর আগেই রয়েছে সন্ধ্যা আসার বর্ণনা এবং ‘তখন গল্পের তরে জোনাকীর রঙে ঝিলমিল/ সব পাখি ঘরে আসে Ñ সব নদী।’ এখানে গল্প, রঙে ঝিলমিল, ঘর প্রভৃতি উপকরণগুলোয় আমাদের গুরুত্ব দিতে হবে। এমনকী শেষের লাইনেও রয়েছে ‘থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন’। কবিতার শেষ অংশটিতেও জীবনানন্দের মূল বিষয় অর্থাৎ আবর্তনের ব্যাপার রয়েছে। এখানেও আমরা আরেকটি ভোরের প্রতীক্ষা দেখতে পাই। তার অন্যান্য কবিতাতেও প্রকৃতি ও মানুষের অন্বয়ের এবং বিরামহীন জীবনচক্রের প্রসঙ্গ রয়েছে। ‘মেঠো চাঁদে’ এ কথাটিই বলতে চেয়েছেন তিনি। ‘বনলতা সেন’ কবিতার পুরুষ-চরিত্রটিও হাজার বছর ধরে পৃথিবীর নানা দেশে নানা জীবনচক্রে ঘুরে চিরন্তন নারীর কাছে উপস্থিত হয়। এ নারী রোমান্টিক কল্পনায় পুরুষের করতলগত নারী, যার কাজ পুরুষের সেবাযত্ন করা। ক্লান্ত পুরুষ তার কাছে এসেই শান্তি খোঁজে। মৃত্যুর প্রবল উপস্থিতি এখানে কোথায়?
‘তেমনি আট বছর আগের একদিন’ কবিতার চমৎকার একটি ভাষ্য তৈরি করেও তিনি শেষ পর্যায়ে এসে কবিতার মর্ম-উদ্ধারে গোল পাকিয়ে ফেলেন। ফলে মস্ত একটা ‘না’ও তার কাছে ‘হ্যাঁ’ হয়ে ওঠে। এ কবিতার মর্ম সম্পর্কে তিনি
লিখেছেন : ‘আট বছর আগের একদিন’ কবিতার প্রধান বিষয় নিশ্চেতন জান্তব প্রকৃতি ও মানবচৈতন্যের বিরোধ। জীবনানন্দ দাশ এখানে প্রকৃতির নিশ্চেতন জীবনের প্রতিপক্ষে মানবচৈতন্যের জয় ঘোষণা করেছেন’ (পৃ ৫০)।
এরূপ সিদ্ধান্ত বুদ্ধদেব বসু সম্পর্কে নিরেট সত্য, তবে জীবনানন্দকে উপলব্ধির পথে এমন বাধা যা আর টপকানো যাবে না। জীবনানন্দের সারা জীবনের অন্বিষ্ট ছিল প্রকৃতির অংশ হিসেবে মানুষের বেড়ে-ওঠার কাব্য-ইতিহাস রচনা। তাঁর উপন্যাসগুলোতেও এ অভিপ্সাই প্রকাশ পেয়েছে। বিশেষত ‘কারুবাসনা’, ‘জলপাইহাটি’ প্রভৃতি রচনা এ প্রসঙ্গে দ্রষ্টব্য। প্রকৃতির মধ্যে মানুষের ফলে-ওঠার কারুবাসনা আমৃত্যু বহন করেছেন তিনি। এ বাসনার তাড়নাতেই রচনা করেছেন এমন সব অসাধারণ পঙ্ক্তি :
নক্ষত্রের পানে যেতে যেতে
পথভুলে বারবার পৃথিবীর খেতে
জন্মিতেছি আমি এক সবুজ ফসল।
(পিপাসার গান, ধূসর পাণ্ডুলিপি)
গল্পে, উপন্যাসে এই ভাবটা, এই আকাক্সক্ষা আরো স্পষ্ট। ‘সঙ্গ, নিঃসঙ্গ’ গল্প থেকে একটি উদ্ধৃতি দিই :
… এমনই এক জায়গায়, ঘাসের নরম গন্ধের কাছে, প্রান্তরের এক টেরে বনের দেবতা অশত্থ যেখানে অনেকদিন হইতে ছায়া রচনা করিয়া বাঁচিয়া আছেন, রাত্রিদিন শালিক, বুলবুলি, কোকিল ও কাককে আশ্রয় দিয়া আসিতেছেন, সেইখানে খড়ের একখানা ঘর তুলিয়া পড়ি, লিখি, চুরুট ফুঁকি, দিন কাটাইয়া দেই Ñ (জীবনানন্দ সমগ্র Ñ প্রথম খণ্ড, ১৯৮৫, পৃ ৪১৫)।
জীবনানন্দ দাশের কবিতায় এই বাসনার চিহ্ন, তার বেড়ে-উঠার
স্তরান্তর ও ইতিহাস এতো স্পষ্ট যে, তা আমাদের বোধ-বুদ্ধি এড়িয়ে যাওয়ার কথা নয়। কবিতার কথায় জীবনানন্দ নিজেও বলেছেন, ‘আমার কাব্য-প্রেরণার উৎস নিরবধি কাল ও ধূসর প্রকৃতি চেতনার ভিতর রয়েছে বলেই তো মনে করি।’ কোনো কোনো কবিতাতেও তাঁর এ বক্তব্য অত্যন্ত পরিষ্কার। যেমন নিম্নোক্ত উদ্ধৃতিতে :
তবুও নক্ষত্র নদী সূর্য নারী সোনার
ফসল মিথ্যা নয়
মানুষের কাছ থেকে মানুষের হৃদয়ের
বিবর্ণতা ভয়
শেষ হবে; তৃতীয় চতুর্থ Ñ আরো সব
আন্তর্জাতিক গড়ে ভেঙ্গে গড়ে
কৃষিজাত জাতক মানব।
(সৌরকরোজ্জল, সাতটি তারার তিমির)
এ মত যে কেবল আমার একার নয়, তা অবহিত করার জন্যই বলি, এখন জীবনানন্দের কবিতার পরিবেশবাদী দিক নিয়েও আলোচনা হচ্ছে। অলোকরঞ্জন দাশগুপ্ত আরো আগেই জীবনানন্দের কবিতাকে অভিহিত করেছেন ইকোলজি-নন্দনসৃষ্টিরূপে (দ্রষ্টব্য তাঁর জীবনানন্দ গ্রন্থটি)।
অবশ্য, কোনো কবির কাব্য-বিশ্লেষণের আলোচনা লিখতে গিয়ে পালটা ভাষ্য তৈরি সংগত নয় বোধকরি, সে-সুযোগও এখানে নেই। জীবনানন্দকে উপলব্ধির চেষ্টায় মাহবুব সাদিক যে কিছুটা ভুল পথে পা দিয়েছেন, তা ইঙ্গিত করার জন্যই দু-একটি বিষয় নিয়ে আলোচনা করলাম মাত্র। আসলে মাহবুব সাদিকের গ্রন্থটিতে ব্যবহৃত পদ্ধতির ওপর ভিত্তি করে এর মূল্য নির্ধারণ হওয়া উচিত। একজন কবিকে বোঝার জন্য তাঁর কাব্যকৃতির গোড়া থেকে শেষ পর্যন্ত সম্পর্কযুক্ত যে-অন্বেষণের প্রয়োজন সাদিক সেই পদ্ধতিগত শৃঙ্খলায় গ্রন্থটি রচনা করেননি। জীবনানন্দের কবিতার বিভিন্ন দিক নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন। প্রবন্ধগুলোর রচনাকালও তিন বছর জুড়ে ব্যাপ্ত। তাই একেকটি প্রবন্ধ সংশ্লিষ্ট কবিতা বা কাব্যগ্রন্থের একক বিশ্লেষণ হিসেবেই রচিত হয়ে থাকবে। তাছাড়া আগেও উল্লেখ করেছি, মাহবুব সাদিক প্রকরণের ওপরই জোর দিয়েছেন বেশি। তবে এর মধ্যেও তাঁর কৃতিত্ব সামান্য নয়। জীবনানন্দ দাশের গোটা কাব্যসম্ভার থেকে তাঁর আহরিত চিত্রকল্পসমূহ, বিভিন্ন কবিতার ভাষ্য, প্রকরণ সম্পর্কে খুঁটিনাটি আলোচনা ইত্যাদি সাদিকের পরিশ্রুত কাব্যবোধের পরিণাম। জীবনানন্দ/ কবিতার নান্দনিকতা গ্রন্থটি যে আমাদের প্রধানতম এই কবিকে আরো অন্তরঙ্গভাবে চিনে নেওয়ার প্রয়াসে সহায়ক হবে, এমন দাবি করা যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.