দুস্থ পদাবলি

লিখি আজ স্মৃতিকথা –

অবিস্মৃত দুস্থ পদাবলি,

হারানো সন্তানশোকে মুহ্যমান

কবিতার পাণ্ডুলিপি কাঁদে!

২.

দিন ছিল আলোভরা

দিন ছিল কালো তাড়ানিয়া,

লুপ্তপ্রায় স্মৃতিগুলি

অন্ধকার দীর্ণ করে আজ।

৩.

জমজ সন্তান ছিল – সেইদিন

শালুমোড়া প্রচ্ছদে শোভিত,

বইয়ের তাক থেকে

মাঝে মাঝে উঁকি দিয়ে দেখত পৃথিবী

পৃথিবীর রূপ দেখে ঘরকুনো জমজ কবিতা

প্রকাশের ভয়ে ছিল ভীত।

কাল ক্রমে দীর্ঘ হয়

সময় তাড়িয়ে ফেরে স্মৃতি,

ঘরকুনো কবিতার হলো মতিভ্রম

পথ ভুলে কোথায় হারালো তার হদিস মেলে না!

আজ শুধু খণ্ড মোহশোকাতুর পুরানো উদ্ধৃতি।