স্বপ্নময়
শিল্পী নিতুন কুণ্ডু
নিতুন কুণ্ডু বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে এক বিশিষ্ট ও উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টির ভুবনে আমরা সংবেদনশীল ও বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল এক চিত্রকরকে প্রত্যক্ষ করি। চিত্রে তিনি জ্যামিতিক অবয়ব গঠন করেন এবং আকার, রং ও বস্তুও অন্তর্নিহিত সৌন্দর্য অন্বেষণ ও উন্মোচন করেন। তাঁর সৃষ্টিতে পরিস্ফুট হয়ে ওঠে সূক্ষ্ম সংবেদন এবং মানবিক অনুভূতির তীব্রতা। প্রকৃতির ছন্দোময় রূপও তাঁর পটে আশ্চর্য মমতায় প্রতিফলিত হয়েছে। ছাত্রাবস্থা থেকে তিনি তাঁর চিত্রে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে নিজস্ব এক আধুনিক চিত্রভাষা নির্মাণ করতে সমর্থ হয়েছেন। খুব সহজ দৃষ্টিপাতেই চেনা যায় তাঁর চিত্রগুচ্ছ।
ভাস্কর্যেও নিতুন কুণ্ডু আশ্চর্য কুশলী হাতের পরিচয় দিয়েছেন।
তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে ১৯৫৯ সালে স্নাতক হন। ষাটের দশকে একক ও বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে পরিণত হন এ-দেশের চিত্রকলা-আন্দোলনের একজন বিশিষ্ট শিল্পীতে। সে-সময়ে বাংলাদেশে যে-সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল তার নানা কর্মপ্রবাহে তিনি যুক্ত হন। বিশেষত মঞ্চসজ্জায় তিনি আধুনিক শিল্পগুণ সঞ্চার করে এ-দেশে এক রুচির প্রতিমান গড়ে তোলেন।
ব্যবহারিক বস্তুসমূহেও তিনি শিল্পগুণ ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছেন।
তাঁর জন্ম ১৯৩৫ সালে দিনাজপুরে।তেলরঙে আঁকা এই ছবিটি রয়েছে শিল্পীরই নিজের সংগ্রহে ।


Leave a Reply
You must be logged in to post a comment.