বন্ধ করতে হবে
অতিরিক্ত যা-কিছু
অবশিষ্টরা অপেক্ষমাণ
দূষণের তালিকায় সেঁটে দাও বিদগ্ধদের নাম
যে-ছবি চিৎকার করছে বন্ধুত্বের
তাকে হৃদয় দাও।
মুদ্রায় নাম লেখা বন্ধ করো
চাঁদে যাওয়া বন্ধ করো
খাদ্যের গায়ে নাম লেখা বন্ধ করো
সূচিপত্র আর নির্ঘণ্ট দিয়ে জীবন চলে না
বাহবা দেওয়া বন্ধ করো
অভিধান বারবার বদলে যায়
বানানরীতি আর জিহ্বার নৃত্য
বন্ধ করতে হবে মৃতদের সৎকার
তাদের ঘরের বাক্সে রাখতে হবে
আনুগত্য একটা অশ্লীল তৃষ্ণা
তার অঙ্কুরোদ্্গম বন্ধ করতে হবে
ক্ষুধা পরিবর্তনশীল
স্বপ্ন শুকিয়ে জ্বালানি
আকাক্সক্ষা বহুমূত্র রোগে ভুগছে
কথা বলা বন্ধ করতে হবে
অচেনাকে চেনা বন্ধ করো
অজানার শ্রাদ্ধদিনে উপস্থিত থাকো
ঘণ্টা বাজানো বন্ধ করো
গুলি অস্ত্রের অলংকার
বুক পাতা বন্ধ করো
সাপ ধরা বন্ধ করো
শত্রুর চেয়ে বড় বন্ধু নেই
প্রার্থনাবার বদলে দাও
তোমার ইচ্ছেমতো যাও
আর নিজের স্তোস্ত্র গাও
শেখানো প্রার্থনা স্বৈরাচার
ইশারা বন্ধ করো
নির্জনতা বন্ধ করো না
সেখানে অসীম থাকেন
কোলাহল বন্ধ করো না
সেখানে নৈঃশব্দ্যের বাড়ি
দুর্গ বন্ধ করো
পাঠাগার বন্ধ করো
সব জায়গায় রক্তের দাগ
বই জ্ঞানের প্রতিদ্বন্দ্বী
অক্ষরগুলো মূল্যহীন
ভাষা এক অমার্জিত ইঙ্গিত
চোখ বন্ধ করো
ক্ষমা এক অশুভ চর্চা
ঘুমিয়ে নাও
জাগরণ বন্ধ করো
বিজ্ঞানের বাজনা থামাও
কৃত্রিম বুদ্ধির রোবটগুলো ক্ষুধার্ত
তারা পৃথিবী ভাগ করবে
আবেগের প্রতিদ্বন্দ্বী প্রভু
প্রতিযোগিতা বন্ধ করো না
ঘোড়াগুলো ক্লান্ত আর অসহায়
ওদের ধূমপান করতে দাও অন্তিম অবধি
মৃত্যু বন্ধ করো না
পুনরুত্থান বন্ধ করো
সভ্যতার শত্রু সেলাইকল
সেলাই বন্ধ করো
দিনগুলোতে তালা দাও
রাত্রির দরোজা খুলে দাও
নতুন সংবাদ আসবে
প্রেম প্রতিভার প্রতিদ্বন্দ্বী
ভালোবাসা একদেশদর্শী
ইচ্ছে হলে পান করো অগ্নিশিখা
পাখি হও
কিন্তু ওড়া বন্ধ করো
আশ্রয়ের সাথে প্রতারণা বন্ধ করো
আর কত অপেক্ষা বন্ধ করতে হবে
কাঠকয়লায় লিখতে হবে নাম
জীবন বলে যদি কিছু থাকে তা বন্ধ করো
শূন্যতার চেয়ে বড় কোনো অনুভব নেই
আর এই কবিতাও বন্ধ করো
তা কখনোই নিরাপদ নয়

Leave a Reply
You must be logged in to post a comment.