ঝরাপাতার গান

ফরাসি থেকে অনুবাদ : আলম খোরশেদ

আহ্ কী যে চাই আমি তুমি মনে রাখবে

সেই আনন্দময় দিনগুলোর কথা যখন বন্ধু ছিলাম আমরা!

তখন জীবন ছিল সুন্দরতম

আর সূর্য, আজকের চেয়েও উজ্জ্বল।

ঝরাপাতারা জড়ো হতো স্তূপাকারে।

দেখ, আমি তা ভুলিনি আদৌ।

ঝরাপাতারা জড়ো হতো স্তূপাকারে

স্মৃতি ও অনুশোচনারাও,

আর উত্তুরে হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যায়

বিস্মরণের শীতল রাত্রিতে।

দেখবে, আমি কিছুই ভুলিনি

তুমি যে গানগুলো শোনাতে আমাকে, তাও।

সে এক গান যা অনেকটা আমাদেরই মতো।

তুমি আমাকে ভালোবাসতে, আর আমি তোমাকে।

আমরা দুজন বেঁচেছিলাম একসঙ্গে,

তুমি আমাকে ভালোবাসতে আর আমি তোমাকে।

জীবন তাদের বিচ্ছিন্ন করে দেয় যারা ভালোবাসে

খুব নিঃশব্দে এবং সন্তর্পণে;

আর সমুদ্র মুছে দেয় সৈকত থেকে

বিচ্ছিন্ন প্রেমিক যুগলের পদচিহ্ন।